আইএসএল আয়োজনের সংশয়ের আবহে নতুন লিগের খোঁজে বিদেশি ফুটবলাররা
আইএসএলের ভবিষ্যৎ যে তিমিরে ছিল, সেখানেই থেকে গেল। এখনও কাটল না জট। এই আবহে নতুন লিগের খোঁজে বিদেশি ফুটবলাররা ৷

Published : January 3, 2026 at 7:07 PM IST
কলকাতা, 3 জানুয়ারি: 'সেভ ফুটবল' আওয়াজ তুলে ফিফার দ্বারস্থ আইএসএলে অংশগ্রহণকারী দলের দেশের এবং বিদেশের ফুটবলাররা। তাদের এই সম্মেলিত আর্তিতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা স্বঃপ্রণোদিত কোনও পদক্ষেপ করে কি না, তা দেখার। তবে পরিস্থিতি যে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখে না। এযেন এক দড়ি টানাটানি বা চাপ বাড়ানোর খেলা শুরু হয়েছে । যার সামনে ভারতীয় ফুটবল হাড়িকাঠে চড়েছে ।
1 জানুয়ারির মধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশন অংশগ্রহণকারী ক্লাবগুলোর কাছ থেকে অংশগ্রহণের ব্যাপারে সম্মতিপত্র চেয়েছিল। জামশেদপুর এফসি ছাড়া বাকি 13টি দল অংশগ্রহণে সম্মত হলেও মার্কেটিং পার্টনারের ব্যাপারে বিশদে জানতে চেয়ে পাল্টা চিঠি দিয়েছে । কারণ অর্থের জোগান কোথা থেকে আসবে, তার নিশ্চয়তা না-পাওয়া গেলে অতিরিক্ত ব্যয়ভার চাপবে দলগুলোর ওপর। যা বেশিরভাগ দলই বহন করতে অনিচ্ছুক এবং অপারগ । তা তারা বুঝিয়েও দিয়েছে । এই পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তার মধ্যে ফুটবলারদের ফিফার দ্বারস্থ হওয়া ভিন্নমাত্রা যোগ করেছে ।
পাশাপাশি বিদেশি ফুটবলারদের সমস্যা সংকীর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে চলতি মাসের দলবদলের জানালা কাজে লাগিয়ে ভিন্ন দেশের লিগে বেরিয়ে যাওয়ার প্রবণতা ক্রমেই বাড়তে শুরু করেছে । কেরালা ব্লাস্টার্সের নোয়াহ ইতিমধ্যেই লিয়েনে অন্য দেশের লিগে খেলতে গিয়েছেন। শোনা যাচ্ছে, এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি-তে এই সমস্যা শুরু হয়েছে । সংক্রমণের মত এই প্রবণতা ছড়িয়ে পড়তে পারে ইস্টবেঙ্গল, নর্থ-ইস্ট ইউনাইটেডে ৷ আইএসএল কবে শুরু হবে, তা জানতে চাইছেন ফুটবলাররা। তাঁদের এজেন্ট অন্য ক্লাবের সঙ্গে কথা শুরু করেছে । ফুটবলাররা অন্য দেশের লিগে কম পয়সায় খেলতে রাজি হচ্ছেন নিজেদের ফুটবল বাঁচিয়ে রাখার স্বার্থে।
ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের কেভিন সিবিলে দলবদল করতে শোনা গিয়েছিল। যদিও ইস্টবেঙ্গলের তরফে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে । ক্লাবের তরফে বলা হয়েছে, তাদের সব ফুটবলারই থাকছেন। মোহনবাগান সুপারজায়ান্ট তিন জানুয়ারি থেকে প্র্যাকটিস শুরু করল। ইস্টবেঙ্গল পাঁচ জানুয়ারি থেকে শুরু করবে। হেডকোচ অস্কার ব্রুজো চলে আসছেন। আইএসএল 15 ফেব্রুয়ারি শুরু হবে শোনা যাচ্ছে । নানান উড়ো খবরের ফাঁকে আদতে বাড়ছে জল্পনা। তাতেই ফুটবলাররা আতঙ্কিত । ফের দলবদলের ভাবনাও শুরু ।

