ETV Bharat / sports

লক্ষ্য ব্রেস্টস্ট্রোকে জাতীয় পদক, ক্ষুধার্তদের অন্ন জুগিয়ে চ্যালেঞ্জ লড়ছেন বালির সৌভিক

ফিন সাঁতারেও সমান দক্ষ সৌভিক 800 মিটারে জাতীয় রেকর্ড হোল্ডার ৷ তাঁর লড়াইয়ের কথা রইল ইটিভি ভারতের এই প্রতিবেদনে ৷

SOUVIK MAITIY
সৌভিক মাইতি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : November 30, 2025 at 8:37 PM IST

4 Min Read
Choose ETV Bharat

বালি (হাওড়া), 30 নভেম্বর:

সঞ্জয় অধিকারী

ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,

পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া ৷

ডাক-হরকরাদের জীবনযুদ্ধ তুলে ধরতে কবি সুকান্ত (ভট্টাচার্য) তাঁর 'রানার' কবিতায় এমনই দুই পংক্তির অবতারণা করেছিলেন ৷ সময়, ক্ষেত্রে আমূল বদল এলেও সে যুগের ডাক-হরকরাদের মতোই কি নয় এ যুগের ফুড ডেলিভারি বয় কিংবা গার্লরা ? হুবহু না-হলেও আংশিক তো অবশ্যই ৷ নিজে অভুক্ত থেকে ক্রেতাদের অন্ন জোগাতে জুড়ি মেলা ভার এ যুগের ফুড ডেলিভারি বয়দের ৷ তাঁদের এই পেশাকে সম্মান জানাতে শ্রদ্ধায় মাথা নোয়াতে হয় বৈকি ৷ তবে সেই ডেলিভারি বয় যদি আবার হয় ফিন সাঁতারে জাতীয় রেকর্ড হোল্ডার, তাহলে শ্রদ্ধা বেড়ে যায় খুব স্বাভাবিকভাবেই ৷

কথা হচ্ছে সাঁতারু সৌভিক মাইতির ৷ পুলে প্রতিযোগিতার বাইরে গিয়ে জীবনযুদ্ধেও এক কঠিন লড়াই নিরন্তর লড়ে চলেছেন বালির ইংরেজি অনার্সের ছাত্র ৷ আর দেশের হয়ে পদকের স্বপ্নকে দিনের আলো দেখাতে পিঠে তুলে নিয়েছেন খাবারের ব্যাগ ৷ হ্যাঁ, সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা সৌভিক প্যাশনের জন্য পেশা হিসেবে বেছে নিয়েছেন ফুড ডেলিভারিকে ৷ ফিন সাঁতারে জাতীয় রেকর্ড হোল্ডার হলেও গতানুগতিক সাঁতার নিয়েই আগামীর স্বপ্ন দেখছেন স্নাতকের ছাত্র ৷

সৌভিক মাইতিকে নিয়ে ইটিভি ভারতের প্রতিবেদন (ETV Bharat)

ইটিভি ভারতের ক্যামেরার সামনে সৌভিক সাঁতারে যে সাফল্যের খতিয়ান তুলে ধরলেন, তা অনেকটা এইরকম-

  • স্টেট সিনিয়র স্যুইমিং চ্যাম্পিয়নশিপ 2024 সোনা (200 মিটার ব্রেস্টস্ট্রোক)
  • স্টেট সিনিয়র স্যুইমিং চ্যাম্পিয়নশিপ 2025 রুপো (200 মিটার ব্রেস্টস্ট্রোক)
  • স্টেট ফিন স্যুইমিং চ্যাম্পিয়নশিপে (800 মিটার ও 400 মিটার) তিনবছর ধরে সোনা, 800 মিটারে রয়েছে জাতীয় রেকর্ডও (8 মিনিট 51 সেকেন্ড), 400 মিটারে দ্বিতীয়স্থান এবং 200 মিটার সারফেসে তৃতীয়স্থান
  • এবছর ফিন স্যুইমিংয়ের চারটি ইভেন্টের মধ্যে তিনটিতে সোনা, একটিতে রুপো

তবে কোলাঘাটে সৌভিকের সাঁতারের জার্নির শুরুর গল্পটাকে 'অ্যাক্সিডেন্টাল' বললে কম বলা হয় না ৷ ঠান্ডায় ভুগতে থাকা ছোট্ট ছেলেকে সুস্থ করতে চিকিৎসকের দাওয়াই ছিল সাঁতার। মা সোনালি মাইতি নিয়ে গিয়েছিলেন কোলাঘাট সুইমিং সেন্টারে সমীর দাসের কাছে ৷ তাঁর অধীনেই সৌভিকের সাঁতারের হাতেখড়ি ও বেড়ে ওঠা ৷ সৌভিকের পারফরম্যান্সে আশার আলো দেখেছিলেন সমীর বাবু ৷ তিনিই পরামর্শ দিয়েছিলেন ছেলেকে প্রতিযোগিতামূলক সাঁতারের জন্য তৈরি করতে ৷

সাঁতারের জন্যই কোলাঘাট থেকে বালিতে চলে আসা সৌভিকের ৷ সেখানে গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিতে সৌভিকের উত্তরণ সুব্রত ভট্টাচার্যের কড়া নজরদারিতে ৷ ছাত্রকে নিয়ে আশাবাদী সুব্রতবাবু জানালেন, সৌভিকের আনুগত্য তাঁর সাফল্যের অন্যতম কারণ ৷ কোচের কথায়, "সৌভিকের মধ্যে বড় সাঁতারু হয়ে ওঠার সব রসদ রয়েছে ৷ ফুড ডেলিভারির পরেও ট্রেনিংয়ে নিজেকে নিংড়ে দেয় সৌভিক ৷"

SOUVIK MAITIY
খরচ চালাতে ফুড ডেলিভারিকে বেছে নিয়েছেন সৌভিক (ETV Bharat)

অতীতে সোনার কাজে যুক্ত থাকলেও বাবা দীনেশ মাইতি বর্তমানে অসুস্থ ৷ সম্প্রতি কাঁধের অস্ত্রোপচারের পর এখনও হাসপাতালেই তিনি ৷ সংসারের আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে তাই দশভূজা সৌভিকের মা সোনালি মাইতি ৷ ছেলের সঙ্গে তিনিও সাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজ করছেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "না-করলে চলবে কী করে ৷ কাজ না-করলে তো বাটি হাতে রাস্তায় বসতে হবে ৷" ছেলের সঙ্গে মেয়েকে নিয়েও আগামিদিনে স্বপ্ন দেখছেন সোনালি দেবী ৷

SOUVIK MAITIY
সাঁতারু সৌভিক মাইতি (ETV Bharat)

আর যাঁর জন্য ডালপালা মেলল গল্পটা, তাঁর পরবর্তী লক্ষ্য কী ? সৌভিক জানালেন, 200 মিটার ব্রেস্টস্ট্রোকে জাতীয় স্তরে পদক তাঁর পরবর্তী লক্ষ্য ৷ তাঁর বর্তমান টাইমিং 2 মিনিট 30 সেকেন্ড ৷ সেটাকে 2:16 বা 2:17 সময়ে নামিয়ে আনাই লক্ষ্য তাঁর ৷ তার জন্য যতটা পরিশ্রম করতে হয় করতে প্রস্তুত সৌভিক ৷

গত চার দশক ধরে বাংলার সাঁতার বদ্ধ জলাশয়ে আবদ্ধ ছিল ৷ রাজ্য সাঁতারের নিয়ামক সংস্থার প্রশাসকরা কোনও এক অজ্ঞাত কারণে সাঁতারুদের আঁধারে ঠেলে আত্মসুখ অনুভব করেছেন ৷ পরিকাঠামো উন্নতির চেষ্টাও করেননি ৷ তাই বালি গ্রামাঞ্চলের দশ লেনের পুল স্বচ্ছ (ক্লোরিন) জলের সুবিধা পায়নি। সৌভিকের মতো সাঁতারুদের উত্থানকে তাই 'পাঁকে পদ্ম' বললে অত্যুক্তি হয় না ৷ তবে সদ্য নতুন প্রশাসন এসেছে রাজ্য সাঁতারে ৷ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে তাঁরা ৷ তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে সৌভিকদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং রাজ্য সাঁতার সংস্থার কাছে ৷

আরও পড়ুন: