ETV Bharat / sports

রূপকথা লিখল বোডো, অবাক হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ইন্টার মিলানের

রোসেনবর্গের 29 বছর পর নরওয়ের কোনও ক্লাব চ্য়াম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের বাধা টপকাল ৷

UEFA CHAMPIONS LEAGUE 2025 26
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ইন্টার (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : February 25, 2026 at 12:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মিলান, 25 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগে ইন্দ্রপতন ৷ নরওয়ের অনামী ক্লাবের কাছে হেরে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে অসময়ে বিদায় নিল ইন্টার মিলান ৷ প্রথম লেগে অ্যাওয়ে ম্য়াচে 1-3 গোলে হেরে পিছিয়ে পড়া ইতালি জায়ান্টরা মঙ্গলবার ঘরের মাঠেও হেরে গেল এফকে বোডো/গ্লিমটের কাছে ৷ ঘরের মাঠে মার্কাস থুরামরা হারলেন 1-2 গোলে ৷ এগ্রিগেটে 2-5 গোলে হেরে চ্য়াম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল গতবারের রানার্সরা ৷

সেক্ষেত্রে সকলকে অবাক করে প্রতিযোগিতার শেষ ষোলোয় পা রাখল নরওয়ের ক্লাবটি ৷ যা তাদের কাছে রূপকথার সমান ৷ চ্য়াম্পিয়ন্স লিগ আবির্ভাবেই প্লে-অফে তিনবারের চ্য়াম্পিয়ন ইন্টারকে হারানো এবং শেষ ষোলোয় পৌঁছনো রূপকথার চেয়ে কম কীসে ? এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো 1996-97 সালে রোসেনবর্গের পর নরওয়ের প্রথম ক্লাব হিসেবে গ্রুপ পর্বের বাধা পার করল বোডো/গ্লিমট ৷

তবে ইন্টারকে হারানো চ্য়াম্পিয়ন্স লিগ আত্মপ্রকাশে তাদের ঘটানো প্রথম অঘটন নয় ৷ গ্রুপ পর্বের শেষ দু'টি ম্য়াচে যথাক্রমে ম্য়াঞ্চেস্টার সিটি এবং অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল নিশীথ সূর্যের দেশের এই ক্লাব ৷ ঘরের মাঠে প্রিমিয়র লিগ জায়ান্ট সিটিকে 3-1 গোলে হারানোর পর স্প্য়ানিশ জায়ান্ট অ্যাতলেতিকোকে তাদের মাঠে 2-1 গোলে হারিয়েছিল প্যাট্রিক বার্গ অ্যান্ড কোম্পানি ৷

এদিন দু'গোলে এগিয়ে থেকে সান সিরোয় ইন্টারের ঘরের মাঠে নেমেছিল বোডো ৷ তবে ভয়ে কুঁকড়ে না-থেকে নার্ভ শিথিল রেখে বাজিমাত করল তারা ৷ প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে 58 এবং 72 মিনিটে জোড়া গোল করে রাউন্ড অব-16 নিশ্চিত করে দেন পিটার হগ এবং হ্য়াকব এভজেন ৷

এগ্রিগেটে 1-5 পিছিয়ে পড়া ইন্টার এরপর একটি গোল পরিশোধ করলেও ম্য়াচে ফিরতে পারেনি ৷ 76 মিনিটে আলেজান্দ্রো বাস্তোনির গোল সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না ক্রিশ্চিয়ান চিভু প্রশিক্ষণাধীন দলের কাছে ৷ বোডো/গ্লিমটের পাশাপাশি রাউন্ড অব-16'তে পৌঁছে গেল নিউক্য়াসল ইউনাইটেড ৷ ঘরের মাঠে এদিন আজারবাইজানের কারাবাগ ফুটবল ক্লাবকে 3-2 গোলে হারাল প্রিমিয়র লিগের ক্লাবটি ৷ এগ্রিগেটে 9-3 ব্যবধানে জিতে পরের পর্বে গেল নিউক্য়াসল ৷ এছাড়া অলিম্পিয়াকোস ও ক্লাব ব্রুগকে হারিয়ে যথাক্রমে পরের পর্ব নিশ্চিত করল বায়ার লেভারকুসেন এবং অ্য়াতলেতিকো মাদ্রিদ ৷

আরও পড়ুন: