শিল্ডের পরে সুপার কাপ, টাই ভাঙার ব্যর্থতায় ট্রফি অধরা ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গলকে 6-5 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ চ্যাম্পিয়ন হল এফসি গোয়া।

Published : December 7, 2025 at 11:01 PM IST
মারগাও (গোয়া), 7 ডিসেম্বর: নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময় ম্যাচ গোলশূন্য। টাইব্রেকারে এফসি গোয়ার বোরহা এবং ইস্টবেঙ্গলের রশিদ গোল করতে না পারায় টাই যুদ্ধের গড়ায় /সাডেন ডেথে'। সেখানে পিভি বিষ্ণু গোল নষ্ট করায় বাজিমাত এফসি গোয়ার। ইস্টবেঙ্গলকে 6-5 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ (AIFF Super Cup) চ্যাম্পিয়ন হল এফসি গোয়া। রবিবার ফতোরদা স্টেডিয়াম থেকে খালি হাতেই ফিরতে হবে লাল হলুদ দলকে৷
আইএফএ শিল্ড ফাইনালের পরে সুপার কাপেও টাই যুদ্ধে হেরে ইস্টবেঙ্গল ট্রফি হাতছাড়া করল। গোয়ার মাটিতে এই ব্যর্থতা আদতে লাল হলুদ স্বপ্নের পরিসমাপ্তি। ট্রফির অলোয় বছর শেষ করতে চেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। নির্ধারিত নব্বই মিনিট গোলশূন্য। দুই দলই সুযোগ নষ্টের খেসারত দেওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও প্রথমার্ধ নিষ্ফলা।

প্রথমার্ধে বলের দখলের পরিসংখ্যানে এফসি গোয়া এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। মিগুয়েল এবং নওরেম মহেশ সিং সুযোগ নষ্ট না করলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত লাল হলুদ। ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে ব্যালান্সড দল। ফলে খেতাবি লড়াইয়ের দুই দলের দ্বৈরথ আদতে ছিল ট্যাকটিক্যাল লড়াই। একই সঙ্গে ব্যক্তিগত মুন্সিয়ানার পরিচয়ও দেখার ছিল এই ম্যাচে। সেখানে দুই দলের ফুটবলাররা জ্বলে উঠলেও 'জ্বালামুখী' হতে পারেননি।
প্রথমার্ধের জড়সড় ভাব কাটিয়ে দ্বিতীয়ার্ধে আগ্রাসী হয় এফসি গোয়া। ফলসরূপ অন্তত দুবার গোলের মুখ খুলে ফেলেছিল তারা। কিন্তু, বোরহা, দ্রাজিক এবং সিভেরিওর সামনে প্রোভসুখন গিল বাধা হয়ে দাঁড়ান। অন্যদিকে, দিনের সেরা সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গলের নিষ্প্রভ ফুটবলারের নাম হিরোশি। বিপিন সিংয়ের সেন্টারে গোলরক্ষককে একা পেয়েও তিনি ব্যর্থ, যা এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাধের পর্যায়ে পড়ে। এরপর দুই দলের খেলায় গোলমুখ খোলার চেষ্টা চলেছে, যা সফল হয়নি। নির্ধারিত সময়ের পরেও তাই গোল হয়নি। ফলে সময় যত এগিয়েছে, ততই ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে।
এফসি গোয়া গত ছয় ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু, সুপার কাপ ফাইনাল অন্য ম্যাচ। যেখানে প্রতিটি চেষ্টাকে আলাদা মূল্য দিতে হয়। তাই পুরো টুর্নামেন্ট অনবদ্য খেলেও মহম্মদ রশিদ টাইব্রেকারে ব্যর্থ হলেন। তাই শেষে টাইব্রেকারে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের।

