দৃষ্টিহীন খুদেকে রোনাল্ডোর গোলের পাঠ দিচ্ছেন বাবা, ভিডিয়ো দেখে হৃদয় গলল নেটপাড়ার
ধারাভাষ্য করার পাশাপাশি ট্যাকটিক্স বোর্ডে হাতে হাত রেখে দৃষ্টিহীন সন্তানকে রোনাল্ডোর গোল আত্মস্থ করাচ্ছেন বাবা ৷ উজবেকিস্তান ম্য়াচের সেই ভিডিয়ো এখন ভাইরাল ৷

Published : June 27, 2026 at 5:36 PM IST
হায়দরাবাদ, 27 জুন: তিনি ব্যর্থ হলে ঝুপ করে সন্ধে নামে লিসবনের আকাশে ৷ আবার গোল পেলে হয়তো পরদিন সকালে নতুন উদ্যমে কাজে নামার তাগিদ পায় শহর কলকাতার বুকে তাঁর কোনও একনিষ্ঠ ভক্ত ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমন এক নাম, ফুটবল মাঠের পরিধি ছাড়িয়ে যাঁর অবাধ যাতায়াত অনুরাগীদের দৈনন্দিন জীবনেও ৷ প্রথম ফুটবলার হিসেবে ছ'টি আলাদা বিশ্বকাপে গোলের নজির রোনাল্ডো ইতিমধ্যেই গড়লেও প্রিয় ফুটবলার শেষ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ভেবে মনখারাপ অগণিত সমর্থকের ৷
এমন সময় বিশ্বকাপের ভরা বাজারে ক্রিশ্চিয়ানো কেন্দ্রিক এমন এক ভিডিয়ো সামনে এল, যা দেখে হৃদয় গলল নেটপাড়ার ৷ সিআর সেভেনের গোল কোনও দৃষ্টিহীন খুদেকে যে এমন অনাবিল আনন্দ দিতে পারে, সেটা বোধহয় এই ভিডিয়ো না-দেখলে আন্দাজ করা এককথায় অসম্ভব ৷
উজবেকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচে জোড়া গোল করে নিন্দুকদের জবাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ৷ আর সেই ম্য়াচের পর একটি ভিডিয়ো সাড়া ফেলেছে ইন্টারনেটে ৷ যেখানে দেখা যাচ্ছে টেলিভিশনে ম্য়াচ দেখতে দেখতে নিজে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ট্য়াকটিক্স বোর্ডের উপর দৃষ্টিহীন সন্তানের হাত ধরে তাঁকে রোনাল্ডোর গোল উপলব্ধি করাচ্ছেন এক বাবা ৷ আর ধারাভাষ্যে কান রেখে বাবার হাত ধরে সেই গোল আত্মস্থ করছে খুদে ৷ উজবেকিস্তানের বিরুদ্ধে তারকার দ্বিতীয় গোলের মুহূর্ত অনুভব করার পর উচ্ছ্বাসেও ফেটে পড়ে রোনাল্ডোর সেই খুদে ভক্ত ৷
রোনাল্ডোর কাছে এই ক্লিপিংটা পৌঁছলে নিশ্চিতভাবে তিনি খুদে সমর্থকের সঙ্গে সাক্ষাত করতে চাইবেন বলেই ধারণা ৷ কারণ শিশুমনে তাঁর এহেন উজ্জ্বল উপস্থিতি হয়তো বহু রেকর্ডের তুলনায় অনেক বেশি দামী ৷ আর দৃষ্টিহীন খুদের এমন নিষ্পাপ অনুভূতির ভিডিয়ো দেখে নেটাগরিকরা কুর্নিশ জানাচ্ছেন তার বাবাকেও ৷
উল্লেখ্য, কঙ্গোর বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচে গোলমুখ খুলতে ব্যর্থ হয়েছিলেন আল-নাসের তারকা রোনাল্ডো ৷ কথা উঠেছিল বিভিন্ন মহলে ৷ তবে পরের ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে নিন্দুকদের চুপ করিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার ৷ তাঁর জোড়া গোলে ভর করে বিশ্বকাপে নবাগতদের 5-0 গোলে উড়িয়ে দেয় পর্তুগাল ৷ রবিবার শেষ ম্য়াচে কলম্বিয়ার মুখোমুখি ইউরোপের দেশটি ৷ তার আগেই অবশ্য নকআউট নিশ্চিত করেছে পর্তুগাল ৷

