ETV Bharat / sports

মরশুম শেষ হতেই নিউক্য়াসল থেকে ইংলিশ ফুটবলারকে ছিনিয়ে নিল বার্সেলোনা

পাঁচ বছরের জন্য কাতালান ক্লাবে এলেও গর্ডনের চুক্তির অঙ্কটা সামনে আনতে নারাজ কোনও পক্ষ ৷

ANTHONY GORDON JOINS BARCELONA
বার্সেলোনায় যোগ দিলেন অ্যান্থনি গর্ডন (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 30, 2026 at 1:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বার্সেলোনা, 30 মে: আসন্ন মরশুমের আগে প্রথম সাইনিংটা সেরে ফেলল বার্সেলোনা ৷ নিউক্য়াসল ইউনাইটেড থেকে উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে ছিনিয়ে নিল কাতালান ক্লাব ৷ পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগদান করলেন ইংরেজ ফুটবলার ৷

রবার্ট লেওয়ানদস্কি ক্লাব ছাড়ায় আপফ্রন্টে তাঁর উপযুক্ত বদলি খুঁজছে লা-লিগা চ্যাম্পিয়নরা ৷ পোলিশ স্ট্রাইকারের বদলি হিসেবে ক্যাম্প ন্যু'য়ে যোগদানের দৌড়ে এগিয়ে রয়েছেন অ্য়াতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ৷ বলা ভালো আর্জেন্তাইনকে পেতে পুরোদমে ঝাঁপিয়েছে কাতালান ক্লাব ম্য়ানেজমেন্ট ৷ পাশাপাশি আক্রমণভাগকে মজবুত করতে বার্সার অন্দরমহলে গর্ডনের নামও ঘোরাফেরা করছিল ৷ আলভারেজের সঙ্গে বার্সেলোনার চুক্তি দিনের আলো দেখবে কি না জানা নেই, তবে তার আগে গর্ডনকে সই করিয়ে চমক দিল বার্সা ৷

চুক্তির অঙ্ক প্রকাশ্যে না-এলেও 2031 সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বছর পঁচিশের ফুটবলার ৷ যিনি নিউক্যাসলের হয়ে সদ্যসমাপ্ত মরশুমে দারুণ নজর কেড়েছেন ৷ বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ৷ মহাদেশীয় প্রতিযোগিতায় 12 ম্য়াচ খেলে 10টি গোল করেছেন এই লেফট-উইঙ্গার ৷ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে 2025-26 মরশুমে 46 ম্য়াচে 17 গোল এসেছে গর্ডনের পা থেকে ৷ সঙ্গে রয়েছে পাঁচটি অ্য়াসিস্ট ৷ এর মধ্যে চ্য়াম্পিয়ন্স লিগে কারাবাগ এফকে'র বিরুদ্ধে একটি ম্য়াচেই চার গোল এসেছিল গর্ডনের পা থেকে ৷ ইংরেজ ফুটবলার হিসেবে সেই ম্য়াচে চ্য়াম্পিয়ন্স লিগে দ্রুততম হ্য়াটট্রিকের নজির গড়েছিলেন সোনালি ঝাঁকরা চুলের ফুটবলার ৷

দুই ক্লাবের কোনওপক্ষই চুক্তির অঙ্ক সামনে আনতে না-চাইলেও বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 80 মিলিয়ন ইউরোর প্রস্তাব নিউক্যাসলকে দিয়েছিল বার্সা ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 900 কোটি টাকা ৷ এর আগে 2023 সালে এভার্টন থেকে নিউক্য়াসলে যোগ দিয়েছিলেন গর্ডন ৷ সদ্য প্রাক্তন হওয়া ক্লাবের জার্সিতে 304 ম্য়াচে 71 গোল করেছেন তিনি ৷ অ্য়াসিস্টে অবদান রেখেছেন 46টি গোলে ৷ গত মরশুমে নিউক্য়াসলের 70 বছরের ট্রফিখরা কাটাতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন গর্ডন ৷

স্প্য়ানিশ জায়ান্টদের দলে যোগদান করে উচ্ছ্বসিত গর্ডন বলেন, "আমি এই ক্লাবের ইতিহায় সম্পর্কে সচেতন ৷ স্বনামধন্য সব ফুটবলাররা এই ক্লাবের জার্সি পরেছেন অতীতে সেকথাও অজানা নয় ৷ সবমিলিয়ে চ্যালেঞ্জ নিতে তৈরি ৷"

আরও পড়ুন: