জিততে ভুলেছে বিশ্বচ্যাম্পিয়নরা, বিলেতের মাটিতে টি-20'তে সবচেয়ে বড় হার টিম ইন্ডিয়ার
নয়া টি-20 অধিনায়ক হিসেবে প্রথম জয় এখনও অধরা শ্রেয়স আইয়ারের ৷ ইংরেজ পেসারদের দাপটে এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং ৷


Published : July 8, 2026 at 12:54 PM IST
নটিংহ্যাম, 8 জুলাই: আয়ারল্যান্ড সফরে চুনকাম ৷ বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচেও হার ৷ সবমিলিয়ে মঙ্গলবার ট্রেন্টব্রিজে সিরিজে সমতা ফেরানোর সঙ্গে বিশ্বকাপ জয় পরবর্তী সময়ে প্রথম জয়ের লক্ষ্যে ছিল ভারত ৷ কিন্তু জয় তো দূর অস্ত, বিলেত সফরে টি-20'তে সবচেয়ে বড় হারের স্বাদ পেল টিম ইন্ডিয়া ৷
202 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 76 রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস ৷ যা কুড়ি-বিশের ক্রিকেটে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস ৷ একইসঙ্গে 125 রানের এই হার টি-20'তে ভারতের সবচেয়ে বড় হারও বটে ৷ টস জিতে ট্রেন্টব্রিজে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল ৷ ওপেনার ফিল সল্ট এদিন ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন ৷ তাঁর 44 বলে 70 রানের ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছয় ৷ শেষদিকে স্যাম কারেনের 24 বলে 41 রানের ঝোড়ো ক্যামিয়ো ইংল্যান্ডের রান দু'শোর গণ্ডি পার করে দেয় ৷ সাত উইকেটে 201 রান তোলে ইংল্যান্ড ৷
ভারতের হয়ে দু'টি করে উইকেট নেন হর্ষিত রানা ও প্রিন্স যাদব ৷ জবাবে জোফ্রা আর্চার ও জোশ টাং'য়ের গতির সামনে অসহায় ভারতীয় ব্যাটিং লাইন-আপ যেন তাসের ঘর ৷ বিনা উইকেটে 23 থেকে 76 রানে অলআউট হয়ে যায় তারা ৷ দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বৈভব সূর্যবংশী করেন পাঁচ বলে 13 রান ৷ যদিও তিনিই দলের হয়ে এদিন সর্বাধিক রান করেন ৷
England tick all the boxes in a big win at Trent Bridge 👏
— ICC (@ICC) July 7, 2026
Scorecard 📲 https://t.co/4aDRVnYwd6 pic.twitter.com/m6xjyGw2id
মাত্র চার ভারতীয় ব্যাটার এদিন দু'অঙ্কের ঘরে পৌঁছন ৷ শেষমেশ 11.4 ওভারে 76 রানে অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা ৷ 29 রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা আর্চার ৷ চার উইকেট টাং'য়ের ঝুলিতে ৷ এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে 2-0 লিড নিল ইংল্যান্ড ৷
- টি-20'তে ভারতের সর্বনিম্ন তিন স্কোর:
- 74- বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন (2008)
- 76- বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম (2026)
- 79- বনাম নিউজিল্যান্ড, নাগপুর (2016)

