শতাব্দীর দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে অ্য়াশেজ সেঞ্চুরি, সিডনি মাতালেন বাইশের বেথেল
জ্যাকব বেথেলের শতরান সত্ত্বেও চতুর্থদিন শেষে সিডনিতে ভালো জায়গায় নেই অতিথি দল ৷

Published : January 7, 2026 at 1:40 PM IST
সিডনি, 7 জানুয়ারি: সেঞ্চুরির ফুলঝুরি অ্য়াশেজের পঞ্চম তথা অন্তিম টেস্টে ৷ জো রুট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথের পর চতুর্থদিন চতুর্থ ব্য়াটার হিসেবে সিডনি টেস্টে সেঞ্চুরি হাঁকালেন জ্য়াকব বেথেল ৷ সেইসঙ্গে নজিরও গড়ে ফেললেন ইংরেজ ব্য়াটার ৷ একবিংশ শতাব্দীর দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে ঐতিহ্যের অ্যাশেজে শতরান করলেন বেথেল ৷ কেরিয়ারের প্রথম টেস্ট শতরান হাঁকিয়ে দিনের শেষে 232 বলে 142 রানে অপরাজিত তিনি ৷ তবুও চতুর্থদিন শেষে সিডনিতে ভালো জায়গায় নেই ইংল্য়ান্ড ৷
সাত উইকেটে 518 রান তুলে তৃতীয়দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া ৷ চতুর্থদিন সকালে 49 রান যোগ করে অজিদের প্রথম ইনিংসের যবনিকা নামে ৷ গতকাল 129 রানে অপরাজিত স্মিথ ফেরেন 138 রান করে ৷ 183 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে একটা সময় ভালো জায়গায় ছিল অতিথি দল ৷ চতুর্থ উইকেটে জ্যাকব বেথেল ও হ্য়ারি ব্রুকের 102 রানের জুটিতে জাঁকিয়ে বসেছিল ইংল্য়ান্ড ৷ কিন্তু শেষবেলায় বিউ ওয়েবস্টারের তিন উইকেটে ফের চালকের আসনে অস্ট্রেলিয়া ৷
আট উইকেটে 302 রান তুলে চতুর্থদিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড ৷ অর্থাৎ, আপাতত মাত্র 119 রানে এগিয়ে বেন স্টোকস অ্যান্ড কোম্পানি ৷ বেন ডাকেট ও হ্য়ারি ব্রুক দু'জনেই ফেরেন 42 রান করে ৷ শেষবেলায় দলের ব্যাটিং-বিপর্যয় সত্ত্বেও দিনের সব আলো গিয়ে পড়ল বেথেলের উপর ৷ তৃতীয় সেশনে এদিন 162 বলে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটার ৷ যিনি অ্য়াশেজের চাপ সামলানোর জন্য আইপিএলে খেলার অভিজ্ঞতাকে ধন্যবাদ জানিয়েছিলেন তৃতীয় টেস্টের পর ৷ মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে রান তাড়া করতে নেমে মূল্যবান 40 রান এসেছিল ওলি পোপের পরিবর্তে অ্য়াশেজের দলে জায়গা করে নেওয়া বেথেলের ব্য়াটে ৷
The sixth England player to score their first first-class hundred in a Test match:
— England Cricket (@englandcricket) January 7, 2026
✅ Henry Wood
✅ Billy Griffith
✅ Jack Russell
✅ Stuart Broad
✅ Gus Atkinson
✅ 𝗝𝗮𝗰𝗼𝗯 𝗕𝗲𝘁𝗵𝗲𝗹𝗹
Born for the big stage 🌟 pic.twitter.com/tZQ7Hmpc3Q
22 বছর 78 দিন বয়সে এদিন সেঞ্চুরি হাঁকিয়ে চলতি শতাব্দীর দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে অ্য়াশেজে তিন অঙ্কের রান করলেন ইংল্য়ান্ডের এই তিন নম্বর ব্যাটার ৷ কনিষ্ঠ হিসেবে রেকর্ডটি রয়েছে প্রাক্তন ইংরেজ ওপেনার এবং অধিনায়ক অ্যালেস্টার কুকের ঝুলিতে ৷ 2006 সালে পারথে 21 বছর 357 দিন বয়সে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্য়াটে ৷ সেঞ্চুরি পূর্ণ করে দিনের শেষেও সমান আগ্রাসী বেথেল ৷ অজি বোলারদের উপর ন্যূনতম শাসনটুকু এখনও জারি রেখেছেন ইংল্য়ান্ডের তরুণ তুর্কি ৷
We lead by 119 runs heading into the fifth and final day of the 2025/26 Ashes series. pic.twitter.com/FWMpRFrXft
— England Cricket (@englandcricket) January 7, 2026
আরেকটি নজিরও এদিন জুড়ল বেথেলের নামের পাশে ৷ জোনাথন ট্রটের পর গত 14 বছরে তিনে ব্য়াটিং করতে নামা প্রথম ইংরেজ হিসেবে অ্য়াশেজ শতরান করলেন তিনি ৷ 2001 সালের পর তিনে নামা চতুর্থ ইংল্যান্ড ব্যাটার হিসেবে অ্য়াশেজে তিন অঙ্কের রান ছুঁলেন বাইশের বেথেল ৷ ট্রট ছাড়া তালিকার বাকিরা হলেন মাইকেল ভন ও মার্ক বুচার ৷

