প্রথম ইনিংসে লিড নিয়ে নজরে ছয় পয়েন্ট, অসমের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
দ্বিতীয়দিনের শেষে প্রথম ইনিংসে 67 রানে এগিয়ে বাংলা ৷

Published : November 17, 2025 at 5:25 PM IST
কল্যাণী, 17 নভেম্বর: রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্য়াচের দ্বিতীয়দিনেই চালকের আসনে জাঁকিয়ে বসল বাংলা ৷ কল্যাণীতে অসমের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে বাংলা চার উইকেটে 267 ৷ আট উইকেটে 194 রান নিয়ে শুরু করে এদিন সকালে মাত্র ছয় রান যোগ করে অলআউট হয়ে যায় অসম ৷ প্রতিবেশী রাজ্যকে 200 রানে গুটিয়ে দেওয়ার পর দিনের শেষে 67 রানে এগিয়ে বাংলা ৷
চলতি মরশুমের শুরু থেকে ছন্দে রয়েছে বাংলা ৷ ব্যক্তিগত মুন্সিয়ানার বদলে দলগত প্রচেষ্টার ফলে বাংলা ইতিমধ্যে চারটি ম্যাচের তিনটিতে জয় পেয়েছে, একটি ড্র ৷ 20 পয়েন্ট নিয়ে লক্ষ্মীরতন শুক্লার দল সবার উপরে ৷ সে যাইহোক ব্য়াট করতে নেমে বাংলার শুরুটা এদিন খুব একটা ভালো হয়নি ৷ সুদীপ ঘরামি (2) রানআউট হয়ে দ্রুত ফিরে যাওয়ার পর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ইনিংসের হাল ধরেন ৷ সঙ্গী শাকির হাবিব গান্ধি ৷ এই জুটিতে ওঠা 122 রান বাংলাকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেয় ৷ স্টাম্পার-ব্য়াটার ব্যক্তিগত 58 রানে আকাশ সেনগুপ্তর বলে আউট হন ৷
106 বলে ন'টি বাউন্ডারি হাঁকানো গান্ধি অবশ্য আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার ৷ বল ব্যাটের বদলে থাই-প্যাডে লেগে তালুবন্দি হলে আম্পায়ার আউট দেন ৷ এরপর অধিনায়ক ঈশ্বরণ ব্যক্তিগত 66 রানে ফিরে যান ৷ আটটি চারে সাজানো তাঁর ইনিংসে যখন আরও বড় রানের আশা জাগাচ্ছে, তখনই মুখতার হোসেনের বলে ঋতুরাজ বিশ্বাসের হাতে ধরা পড়েন তিনি ৷

ধারাবাহিক ভালো ব্য়াটিং অনুষ্টুপ মজুমদারের ৷ আকাশ সেনগুপ্তর বলে লেগ-বিফোর হয়ে ফেরার আগে 43 রান করে গেলেন ৷ তবে বাংলা দলের এবারের সবচেয়ে ভরসা সম্ভবত শাহবাজ আহমেদ ৷ বাঁ-হাতি অলরাউন্ডারের ব্যাট এবং বল প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ ৷ বাংলা যে অসমের দু'শো রান পেরিয়ে দ্রত বড় রানের দিকে এগোচ্ছে তার অন্যতম কারণ শাহবাজ ৷ অর্ধশতরান পূর্ণ করার পর সাবলীলভাবে ব্যাট করে চলেছেন ৷ দিনের শেষে অপরাজিত রয়েছেন 61 রানে।
একইভাবে দুরন্ত ছন্দে সুমন্ত গুপ্ত ৷ রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে প্রথম সেঞ্চুরির পর অসমের বিরুদ্ধে আপাতত 26 রানে অপরাজিত তিনি ৷
হাতে আরও দু'টো দিন ৷ অন্তত আড়াইশো রানে লিড নিয়ে ফের সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে চায় বাংলা ৷ দিনের শেষে কোচ লক্ষ্মীরতন শুক্লা বলে গেলেন, "ব্যাটাররা সেট হয়ে গিয়ে আউট হচ্ছে দেখে খারাপ লাগছে ৷ গান্ধির আউটটা ছিল না ৷ সুমন্তকে বলব কোনও ঝুঁকিপূর্ণ শট না খেলতে ৷ কাল অন্তত প্রথম সেশন ব্যাট করতে হবে ৷ রানের টার্গেট স্থির করিনি ৷"

