ক্রেসপোর ফিটনেসের উপর দাঁড়িয়ে সোবার্গের অভিষেক, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে সতর্ক ইস্টবেঙ্গল
তালাল, মেসির মতো লাল-হলুদের প্রাক্তনীদের ভিড় জামশেদপুর এফসি একাদশে ৷

Published : February 26, 2026 at 3:03 PM IST
কলকাতা, 26 ফেব্রুয়ারি: লাল-হলুদ সাজঘরে পারস্পরিক সম্পর্কের হানাহানি নেই ৷ কোচ থেকে অধিনায়ক কিংবা সতীর্থরা সকলেই এক সুতোয় বাঁধা ৷ জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে দলের অন্দরে সম্পর্কের সমীকরণের কথা জানালেন সাউল ক্রেসপো ৷ ইস্টবেঙ্গল অধিনায়কের এই সাফাই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া সাজঘরের 'মনোমালিন্য' সংক্রান্ত ভুঁয়ো খবরের পরিপ্রেক্ষিতে ৷ অধিনায়কের বক্তব্যের সমর্থনে কোচ অস্কার ব্রুজোঁও ৷
জামশেদপুর এফসি'র বিরুদ্ধে আইএসএলের তৃতীয় ম্য়াচে ইস্টবেঙ্গলকে সামলাতে হবে একাধিক প্রাক্তনীদের চ্যালেঞ্জ ৷ তাঁরা যে প্রাক্তন দলকে বেগ দেওয়ার জন্য মাঠে মুখিয়ে থাকবেন বলাই বাহুল্য ৷ যদিও সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল কোচ এবং অধিনায়ক সাজঘরে সম্পর্কের সমীকরণ নিয়ে অনেকটা সময় ব্যয় করলেন ৷ ইস্টবেঙ্গলের প্রস্তুতির খবরের ঝাঁকে চুম্বক সাউল ক্রেসপোর চোট এবং মিগুয়েলের ঘাড়ের সমস্যা ৷ যদিও লাল-হলুদ অধিনায়ক সাফ জানালেন, তিনি সুস্থ ৷ স্প্যানিয়ার্ড বলেন, "অনেকে আমার চোট নিয়ে কথা বলছে ৷ আমি ক'টা ম্যাচ খেলতে পারিনি ? একটা ৷ তাহলে আমার চোট নিয়ে এত কথা হচ্ছে কেন ? সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে আমার চোট সংক্রান্ত খবর ভিত্তিহীন ও ভুঁয়ো ৷"
একইসঙ্গে তাঁর সংযোজন, "আমরা সংঘবদ্ধ ৷ এই ধরনের খবর বন্ধ হওয়া উচিত ৷ আমরা একজোট রয়েছি ৷ কোচ বা সতীর্থদের সঙ্গে আমার কোনও তিক্ততা নেই ৷" অধিনায়কের বক্তব্যকে সমর্থনে কোচ ব্রুজোঁর ৷ যদিও সাউল ক্রেসপোর প্রথম একাদশে থাকা ম্যাচের দিন সকালে দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণের উপর নির্ভর করবে বলে জানালেন কোচ ৷ ম্যাচের 24 ঘণ্টা আগে দলের সঙ্গে ক্রেসপো অনুশীলন করেননি ৷ টিম হাডলে যোগ দেওয়ার পরে সাজঘরে চলে যান ৷ যা তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে ৷ আর স্প্যানিশ মিডফিল্ডারের ফিটনেসের উপর নবাগত বিদেশি অ্যান্টন সোবার্গের অভিষেক নির্ভর করছে ৷ ডেনমার্কের সোবার্গ অনুশীলনে যথেষ্ট সপ্রতিভ ৷
Make way for the scorers who walk on A̶b̶b̶e̶y̶ Amago Road 🛣️
— East Bengal FC (@eastbengal_fc) February 25, 2026
Head over to our Instagram stories to get this wallpaper 🎨
[Joy East Bengal, Miguel Figuera, Youssef Ezzejjari, Edmund Lalrindika] pic.twitter.com/3w9lQ94Uuh
অস্কার ব্রুজোঁ জানালেন, চার বিদেশি নিয়ে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে নামবেন। প্রথম দু'টো ম্যাচ জিতে আইএসএলে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে লাল-হলুদ ৷ প্রথমবার জয়ের হ্যাটট্রিকের হাতছানি ৷ অনুশীলনে মিগুয়েল ফিগেরার ফিটনেস নিয়ে সংশয় ছিল ৷ গত দু'দিনের অনুশীলনে ব্রাজিলিয়ান অনিয়মিত হলেও ম্যাচের 24 ঘণ্টা আগে ঘাড়ে স্ট্র্যাপ লাগিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন মিগুয়েল ৷ তাঁকে দলে রাখার ব্যাপারে আশ্বাস দিলেন কোচও ৷
প্রতিপক্ষ জামশেদপুর এফসি'র বিরুদ্ধে লাল-হলুদ দ্বৈরথের পরিসংখ্যানে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই ৷ ন'টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গলের জয় পেয়েছে তিনটি ম্য়াচে ৷ তিনটি ড্র, তিনটিতে জিতেছে ইস্পাত নগরীর দল ৷ ওয়েন কয়েল প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে নামার আগে ব্রুজোঁ বলেন, "সমীহ করছি প্রতিপক্ষকে ৷ মাঝমাঠে মাদিহ তালাল, আক্রমণভাগে মেসি বাউলি রয়েছে ৷ কোচও যথেষ্ট অভিজ্ঞ ৷ ফলে গুরুত্ব তো দিতেই হবে ৷" জামশেদপুর এফসি-ও প্রথম দু'টো ম্যাচ জিতে তিনে রয়েছে ৷ মহামেডান স্পোর্টিং এবং নর্থ-ইস্ট ইউনাইটেডকে এক গোলে হারিয়েছে কয়েলের ছেলেরা ৷ রক্ষণ জমাট করে তাই প্রতিপক্ষকে ভাঙার নীল-নকশা ব্রুজোঁর ৷

