শিল্ড ফাইনাল অতিরিক্ত সময়েও 1-1, ডার্বি গড়াল টাইব্রেকারে
প্রধমার্ধের অতিরিক্ত সময়ে আপুইয়ার গোলে সমতা মোহনবাগান ৷ ম্যাচের বাকি সময়েও স্কোরলাইন (1-1) ৷ ফলে ডার্বি গড়ায় টাইব্রেকারে ৷

Published : October 18, 2025 at 7:21 PM IST
কলকাতা, 18 অক্টোবর: প্রতিবাদ ও উচ্ছ্বাসের মিশ্র আবহে যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড ফাইনাল। ইস্টবেঙ্গল সমর্থকরা যখন দলের প্রতিটি আক্রমণে সরব উপস্থিতি জানান দিচ্ছেন, তখন বিপরীত ছবি মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের। টিফো প্ল্যাকার্ড নামিয়ে ইস্টবেঙ্গল যখন সরব তখন সবুজ-মেরুন চুপ। নির্ধারিত সময়ের পর আইএফএ শিল্ড ফাইনালে অতিরিক্ত সময়েও 1-1 ৷ কলকাতা ডার্বি গড়ায় টাইব্রেকারে ৷
31 মিনিটে ম্যাকলারেনকে পিছন থেকে আনোয়ার ধাক্কা মারলে পেনাল্টি পায় মোহনবাগান সুপার জায়ান্ট । কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ সবুজ-মেরুন । অদ্ভুতভাবে পুরো স্টেডিয়ামকে বিস্মিত করে অনেক উঁচু দিয়ে বাইরে পাঠান কামিন্স ৷ তাঁর পেনাল্টি নষ্ট জাগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে । 35 মিনিটে রশিদের পাস থেকে নওরেম মহেশ বল পেয়ে দৌড়ে ঢুকে নিচু পাস বাড়ালে তা জালে পাঠান হামিদ ৷ আলবার্তো গোল হওয়ার সময় নিছক দর্শক। অথচ শুরুর চাপ সামলে অন্তত দু'বার গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। 8 মিনিটে কামিন্সের পাস থেকে বল পেয়ে তা প্রোভসুখন গিলের বুকে মারেন ম্যাকলারেন। এরপর ফের সুযোগ নষ্ট সাহাল আব্দুল সামাদের।
35 মিনিটে এগিয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল আরও দুটো সহজ সুযোগ নষ্ট করে। ফের রশিদের পাস থেকে বল পেয়ে মহেশ বাড়িয়ে দিলে পোস্টে মারেন হামিদ। এরপর আবার কার্যত ফাঁকা গোলে বল ঠেলার বদলে বাইরে মারেন হামিদ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে সমতায় ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট। বক্সের মধ্যে থেকে নেওয়া আপুইয়ার শট বারে লেগে গোল লাইনের পিছনে ড্রপ পড়লে গোল দেন রেফারি।
আক্রমণ ও প্রতিআক্রমণে উপভোগ্য ডার্বির দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধের জড়তা কাটিয়ে অস্কার ব্রুজো এবং হোসে মোলিনা অনেক বেশি ইতিবাচক এবং আক্রমণাত্মক ফুটবল খেলালেন। ফলে দু'দলের রক্ষণই ব্যস্ত থাকল প্রতিপক্ষের আক্রমণ থামাতে । মোহনবাগান কোচ হোসে মোলিনা নামালেন রবসন এবং দীপক টাঙরিকে । কামিন্স এবং অনিরুদ্ধ থাপার বদলে দুই পরিবর্তন বাগানে। লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো মিগুয়েলকে নামালেন সওল ক্রেসপোর জায়গায় ৷ হামিদের বদলে হিরোসিকে নামানো ছাড়াও লালচুঙনুঙ্গার বদলে জয় গুপ্তাকে নামিয়ে ম্যাচ পকেটে পুরতে চেয়েছিলেন। কিন্তু হিরোশির একটি হেড এবং রশিদের একটি একক প্রচেষ্টা ছাড়া ইস্টবেঙ্গল গোলের পরিস্থিতি তৈরি করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্ট গোলের পরিস্থিতি তৈরি করতে পারেনি।
ফলে নির্ধারিত 90 মিনিটে ম্যাচ 1-1। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে ৷ শেষবার আইএফএ শিল্ড ফাইনালের ডার্বির ফলাফলও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে।

