আইএসএলকে স্বাগত জানালেও ফুটবলারদের বেতন কমার ইঙ্গিত লাল-হলুদে !
বছরের তৃতীয় অনুশীলনের দিন দলের প্র্যাকটিসে উপস্থিত ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷

Published : January 7, 2026 at 9:10 PM IST
কলকাতা, 7 জানুয়ারি: একমাসের সামান্য কিছু বেশি সময় বাকি রয়েছে আইএসএলে বল গড়ানোর ৷ দীর্ঘ টালবাহানার পর আগামী 14 ফেব্রুয়ারি অর্থাৎ, ভালোবাসার দিনে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ শুরু হচ্ছে ৷ যা অনুষ্ঠিত হবে গোয়ায় ৷ ফলে গা-ঝাড়া দিয়ে দলগুলো অনুশীলন শুরু করেছে ৷ ব্যতিক্রম নয় কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ চলতি মাসের শুরু থেকেই যদিও অনুশীলন শুরু করেছে তাঁরা ৷ আইএসএল আয়োজনের রোডম্যাপ না-পাওয়া গেলে উদ্দেশ্যহীন প্র্যাকটিসের অর্থ নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ৷ লিগের দিনঘোষণা হতেই প্র্যাকটিসে তাই জোর কদম লাল-হলুদে ৷
বুধবার বছরের তৃতীয় অনুশীলনের দিন দলের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ তিনি অনুশীলন শেষে আইএসএলের দিনক্ষণ ঘোষণা হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ৷ তাঁর কথায়, "লিগ হবে আমি আগেই বলেছিলাম ৷ সেটা এআইএফএফ করুক বা ক্লাবজোট ৷" তবে লিগ শুরু আনন্দ যেমন রয়েছে, তেমনই লিগ সংক্ষিপ্ত হয়ে যাওয়ায় ফুটবলারদের বেতন বা দলের বাজেট কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ বিনিয়োগকারী সংস্থা নাকি বেঙ্গালুরু এফসি'র বাজেটের প্রায় 20 শতাংশ কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা ৷ গোয়াও একই সিদ্ধান্ত নেওয়ার পথে ৷
এমতাবস্থায় লাল-হলুদে কি এমন কোনও সম্ভাবনা রয়েছে ? উত্তরে দেবব্রত সরকার জানান, ইস্টবেঙ্গলে এমন ঘটনা অতীতে ঘটেনি, এখনও পর্যন্ত সে সম্ভাবনা নেইও ৷ কিন্তু বিনিয়োগকারীরা যদি প্রস্তাব দেয় এবং ফুটবলাররা তাতে সম্মত হলে অসুবিধা নেই ৷ অর্থাৎ, সংক্ষিপ্ত মরশুমের কথা মাথায় রেখে লাল-হলুদ শীর্ষকর্তার বক্তব্য ফুটবলারদের বেতন কমানোর সম্ভাবনা কি উসকে দিল ? উত্তর দেবে সময় ৷
এদিকে আইএসএলের দিনঘোষণার সময় ভারতীয় ফুটবলের দুই মহীরুহ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ তাঁর বিকৃত উচ্চারণে মোহনবাগান হয়েছে 'মোহন বেগান' এবং ইস্টবেঙ্গল হয়েছে 'ইস্ট বেগান' ৷ যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এ ব্যাপারে জানালেন, সংবাদমাধ্যমেরও বিষয়টি নিয়ে সরব হওয়া উচিত ৷

