ETV Bharat / sports

ইস্ট-মোহন দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে ভারতের ফুটবল মরশুম, ডুরান্ডের সূচি ঘোষিত

25 জুলাই কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ডের 135তম সংস্করণ ৷ ঘোষণা হল পূর্ণাঙ্গ সূচি ৷

FILE PIC
ফাইল ছবি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : July 3, 2026 at 4:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 জুলাই: ডুরান্ড কাপ দিয়ে যে ভারতীয় ফুটবলের আসন্ন মরশুম শুরু হতে চলেছে, সে কথা জানাই ছিল ৷ শুক্রবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে চমক দিল ডুরান্ড কর্তৃপক্ষ ৷ কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ৷ অর্থাৎ, বলা যায় ইস্ট-মোহন দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে ভারতের আসন্ন ফুটবল মরশুম ৷ শুরুতেই কলকাতার দুই প্রধানকে লড়িয়ে দর্শক টানার চেষ্টা ডুরান্ড কর্তৃপক্ষ গত কয়েকবছর ধরে চালিয়ে আসছে ৷ এবছরও ব্যতিক্রম হল না ৷

যে গ্রুপ বিন্যাস এবং সূচি প্রকাশিত হয়েছে তাতে একই গ্রুপে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল ৷ 25 জুলাই শুরু হয়ে ডুরান্ড কাপ চলবে আগামী 23 অগস্ট পর্যন্ত ৷ অংশ নেবে 24টি দল ৷ টুর্নামেন্টের ম্যাচগুলি হবে কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং'য়ে । 25 জুলাই, বিকেল পাঁচটায় যুবভারতীতে ক্রীড়াঙ্গনে আইএসএল চ্য়াম্পিয়ন ইস্টবেঙ্গল মুখোমুখি হবে রানার্স মোহনবাগানের ৷ এছাড়া ওই গ্রুপে আছে সিআইএসএফ প্রোটেক্টর্স ও সাউথ ইউনাইটেড ৷

উল্লেখযোগ্য ভাবে আসন্ন ডুরান্ডে নেই ডায়মন্ড হারবার এফসি ৷ ফুটবল ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশার মধ্যে প্রতিযোগিতা থেকে নাম প্রত্য়াহার করেছে গতবছরের রানার্সরা ৷ কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং রয়েছে গ্রুপ-বি'তে ৷ তারা খেলবে বাঘপত এফসি (27 জুলাই), সমলেশ্বরী স্পোর্টিং (2 জুলাই) ও ভারতীয় সেনা'র (12 অগস্ট) বিরুদ্ধে ৷ ছ'টি গ্রুপে শীর্ষস্থানীয় দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এছাড়া গ্রুপের দ্বিতীয়স্থানে থাকা দলগুলির মধ্যে পয়েন্ট তালিকার সেরা দু’টি দল শেষ আটে যাবে ৷ 16 অগস্ট ও 17 অগস্ট বিকেল কলকাতায় দু’টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৷ দু’টি সেমিফাইনালের মধ্যে একটি অনুষ্ঠিত হবে যুবভারতীতে 19 অগস্ট সন্ধে 7টায় ৷ ফাইনাল 23 অগস্ট যুবভারতীতে হলেও সময় এখনও চূড়ান্ত নয় ৷

কলকাতার দুই প্রধানের কথা যদি বলতে হয় তাহলে কোচ এখনও চূড়ান্ত না-হওয়ায় কবে থেকে তারা অনুশীলন করবে, তা এখনও স্পষ্ট নয় ৷ তবে সূচি ঘোষণা হয়ে যাওয়ায় তৎপরতা বাড়বে নিশ্চিত ৷ তাছাড়া ডুরান্ডের বিদেশি ফুটবলারদের যোগদানের বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ কারণ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিদেশি সংখ্যা এবং OCI ফুটবলারের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেনি ৷ ফলে দলগঠন সম্পূর্ণ করার বিষয়টি থমকে রয়েছে ৷ সূচি অনুযায়ী কলকাতায় একইসঙ্গে লিগ ও ডুরান্ড সমান্তরাল ভাবে চলবে ৷ ফলত কলকাতার দলগুলো কীভাবে দু'টো টুর্নামেন্ট ভারসাম্য করে, তা দেখার ৷ পাশাপাশি অগস্টে ইস্টবেঙ্গলের এসিএল-টু'য়ের প্লে-অফ খেলার চ্যালেঞ্জ রয়েছে ৷

আগামী 11 জুলাই ইস্টবেঙ্গলের সম্ভবত নয়া কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস কলকাতায় আসছেন বলে খবর ৷ তারপর থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে সিনিয়র দল ৷ আপাতত কলকাতা লিগের প্রস্তুতি চলছে ৷ মোহনবাগান কলকাতা লিগের প্রস্তুতি শুরু করলেও ডুরান্ডের আগে তাদের নয়া হেড কোচ কবে আসবেন, তা অজানা ৷ নয়া কোচ হিসেবে বাগানে আসছেন সম্ভবত প্য়ানাগিয়োটিস ডিম্পেরিস ৷ লিগের অনুশীলনে নেমেছে মহামেডান স্পোর্টিংও ৷

  • ডুরান্ডে মোহনবাগানের সূচি:
  1. বনাম ইস্টবেঙ্গল- 25 জুলাই (বিকেল 5টা, যুবভারতী)
  2. বনাম সাউথ ইউনাইটেড- 4 অগস্ট (সন্ধে 7টা, যুবভারতী)
  3. বনাম সিআইএসএফ প্রোটেক্টর্স- 10 অগস্ট, (বিকেল 4টে, কিশোরভারতী)
  • ডুরান্ডে ইস্টবেঙ্গলের সূচি:
  1. বনাম মোহনবাগান- 25 জুলাই (বিকেল 5টা, যুবভারতী)
  2. বনাম সিআইএসএফ প্রোটেক্টর্স- 31 জুলাই, (সন্ধে 7টা 30, কিশোরভারতী)
  3. বনাম সাউথ ইউনাইটেড- 7 অগস্ট (সন্ধে 7টা, যুবভারতী)

আরও পড়ুন: