গোকুলাম 'বধে' জয়ের ডাবল-হ্যাটট্রিক, ইস্টবেঙ্গলের মেয়েরা অশ্বমেধের ঘোড়া
গোকুলাম কেরালাকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ফের জায়গা পোক্ত করল অ্যান্থনি অ্যান্ড্রুজ অ্যান্ড কোম্পানি ৷

Published : January 9, 2026 at 8:54 PM IST
কল্যাণী, 9 জানুয়ারি: পয়েন্ট নষ্ট হলে দ্বিতীয়স্থানে থাকা সেতু এফসি'কে পয়েন্টের নিরিখে টপকে যাওয়া সম্ভব হত না ৷ তাই এককভাবে শীর্ষে জায়গা মজবুত করে নিতে জয়ই ছিল একমাত্র পথ ৷ ইন্ডিয়ান উইমেন্স লিগে তাঁরা এতটাই শক্তিশালী যে জয় নিয়ে সংশয় রাখা উচিত নয়, কল্য়াণী স্টেডিয়ামে জয়ের ডাবল-হ্যাটট্রিক সেরে বুঝিয়ে দিল ইস্টবেঙ্গলের মেয়েরা ৷ শুক্রবার জেলার মাঠে গোকুলাম কেরালাকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ফের জায়গা পোক্ত করল অ্যান্থনি অ্যান্ড্রুজ অ্যান্ড কোম্পানি ৷
লাল-হলুদের হয়ে এদিন তিন গোল ফাজিলা ইকুয়াপুত, রেস্টি নানজিরি ও সুলঞ্জনা রাউলের ৷ এদের মধ্যে প্রথম এবং তৃতীয়জন নিয়মিত গোল করে চলেছেন ৷ শেষ ম্যাচে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল ৷ কিন্তু সমর্থকদের আশ্বস্ত করে শুধু মাঠেই ফিরলেন না, গোলের খাতায় নামও তুললেন উগান্ডার ইকুয়াপুত ৷ চলতি আইডব্লুএলে প্রতিপক্ষের ওপর স্টিমরোলার চালাচ্ছে ইস্টবেঙ্গল ৷ কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে ফেরার পর ক্লান্তি সরিয়ে লাল হলুদের মেয়েরা আরও বেশি ভয়ঙ্কর ৷
গত ম্য়াচগুলোর মতোই গোকুলামের বিরুদ্ধেও প্রথম থেকে ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের মেয়েদের পায়ে ৷ নিখুঁত পাসিং এবং বোঝাপড়ায় কেরালার দলটিকে ব্যাকফুটে রেখেছিলেন সুলঞ্জনারা ৷ ফাজিলা চোট সারিয়ে ফিরে প্রথমার্ধে (36 মিনিট) একটি গোল করলেন, আরও একটি গোল করতে পারতেন ৷ ফাজিলা যদি অ্য়ান্ড্রুজের দলের গোলমেশিন হন তাহলে উগান্ডারই রেস্টি যেন গোলমেকার ৷ প্রতি ম্যাচে গোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি ৷ গোকুলামের বিরুদ্ধে গোলও এল তাঁর পা থেকে ৷ দ্বিতীয়ার্ধে 55 মিনিটে এদিন দলের দ্বিতীয় গোলটি তাঁর ৷ একই কথা বলা যায় সুলঞ্জনা রাউল সম্পর্কে ৷
FT | A 💯% win record to close out the first phase! 🔥
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2026
We'll come back hungrier in phase 2! 💪🔴🟡#JoyEastBengal #IWL #MoshalGirls pic.twitter.com/T5Q3VaLZ2M
আক্রমনে ফাজিলা, রেস্টি এবং সুলঞ্জনার ত্রিফলা প্রতিপক্ষকে বারবার ব্যাকফুটে ঠেলে দেয় ৷ গোকুলামের বিরুদ্ধেও একই ছবি ৷ সুলঞ্জনা মাঠ জুড়ে ভালো খেলার পর 76 মিনিটে গোলও করলেন ৷ এসবেরই যোগফলে জয়ী ইস্টবেঙ্গল ৷ ছ'ম্য়াচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গলের মেয়েরা ৷ এবার জাতীয় শিবিরে যোগ দেবেন সুলঞ্জনারা ৷ একমাসের বিরতির পরে ফের আইডব্লুএল ফিরবে ৷ সেক্ষেত্রে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা বাড়তি চ্যালেঞ্জ ৷ কোচ অ্যান্টনি জানালেন, দলের মেয়েদের প্রতি আস্থাশীল তিনি ৷ একটি করে ম্যাচ ধরে ট্রফি ছোঁয়াই লক্ষ্য দলের ৷

