মেয়েদের ফুটবল লিগে ইস্টবেঙ্গলের রেকর্ড জয়, সেসা অ্যাকাডেমিকে 9-0 হারিয়ে 'গোলের পিকনিক' সুলঞ্জনাদের
ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে রেকর্ড গোলের ব্যবধানে জয় লাল-হলুদের ৷ সাফ ক্লাব কাপ জয়ের সপ্তাহখানেকের মধ্যেই আইডব্লিউএল-এর ইতিহাসে নজির ইস্টবেঙ্গলের ৷

Published : December 30, 2025 at 8:43 PM IST
কল্যাণী, 30 ডিসেম্বর: বর্ষশেষে রেকর্ড জয় ইস্টবেঙ্গলের ! মেয়েদের ফুটবল লিগে সেসা ফুটবল অ্যাকাডেমিকে 9-0 হারিয়ে গোলের পিকনিকে মাতলেন সৌম্যা-সুলঞ্জনারাদের ৷ ইন্ডিয়ান উইমেন্স লিগে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ৷
মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে (IWL) সেসা ফুটবলার অ্যাকাডেমি-কে নিয়ে কার্যত ছেলেখেলা করেন লাল-হলুদ ফুটবলাররা ৷ প্রতিপক্ষকে দম ফেলতে না-দিয়ে 9 গোল করে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। কল্যাণীতে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের উপর 'স্টিম রোলার' চালিয়ে গোলের পিকনিকে মাতেন ইস্টবেঙ্গলের মেয়েরা।
সৌম্য গুগলথ এবং ফাজিলা ইকবাপুট লাল-হলুদ গোল উৎসবের সবচেয়ে বড় তারকা । দলের 9টি গোলের মধ্যে সাতটি এসেছে এই দু'জনের পা থেকে । সৌম্যা গুগুলথ তিনটি গোল করেন করেন ৷ আর ফাজিলা করেন চারটি গোল । বাকি দু'টি গোল করেন সুলঞ্জনা রাউথ এবং রেস্টি নানজিরি৷
আগের দু’টি ম্যাচে সেতু এফসি ও গারওয়াল এফসি’কে হারিয়েছিল লাল-হলুদের মেয়েরা ৷ টানা তিন জয়ে 9 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু'নম্বরে ইস্টবেঙ্গল এফসি ৷ লিগে সবার উপরে রয়েছে নীতা ফুটবল অ্যাকাডেমি ৷ তাদের পয়েন্ট 4 ম্যাচে 10 ৷
সাফ ক্লাব কাপ খেলে আসার 72 ঘণ্টার মধ্যে আইডব্লিউএল-এর ম্যাচ খেলতে হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। 7 দিনে তিনটি ম্যাচ খেলার জন্য অসন্তোষ প্রকাশ করে ফেডারেশনে চিঠিও দিয়েছিলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার । মেয়েদের ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন । সূচি নিয়ে অসন্তোষ এদিন মাঠে যেন প্রতিপক্ষের ওপর প্রকাশ করলেন লাল-হলুদ মেয়েরা ৷
মঙ্গলবার কল্যাণীতে ম্যাচের 6 মিনিটে প্রথম গোল ইস্টবেঙ্গলের। এরপর সময় যত এগিয়েছে, ততই গোলের সংখ্যা বেড়েছে লাল-হলুদের । পুরো 90 মিনিট দাপট ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের । সৌম্যা, সুলঞ্জনা, ফাজিলারা দারুণ ছন্দে । দলে একাধিক গোল করার খেলোয়াড় থাকায় প্রতিপক্ষের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে ।
যদিও বড় জয়ের আনন্দে ভাসতে নারাজ লাল-হলুদ কোচ অ্যান্থনি। তিনি জানান, প্রতিটি ফুটবলার পরিস্থিতি জানে । সেইভাবে নিজেকে মেলে ধরছে । পরস্পরকে ছাপিয়ে যাওয়ার স্বাস্থ্যকর প্রতিযোগিতাই জয়ের রাস্তা করে দিচ্ছে । তবে আত্মতুষ্ট না-হয়ে ধারাবাহিকতা বজায় রাখাকেই পাখির চোখ করছেন লাল-হলুদের মেয়েরা ৷

