আকাশের বিশ্বমানের গোল, মেহতাবের দলকে হারিয়ে সুপার সিক্সের খুব কাছে ইস্টবেঙ্গল
পরের ম্য়াচে কাস্টমস'কে হারালেই সুপার সিক্সে জায়গা পাকা করবে লাল-হলুদ ৷

Published : August 27, 2026 at 7:34 PM IST
কলকাতা, 27 অগস্ট: কলকাতা লিগের গ্রুপ শীর্ষে ওঠার দৌড়ে ভবানীপুরের সঙ্গে জোর টক্কর ইস্টবেঙ্গলের ৷ 10 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা পাকা করে নিয়েছে ভবানীপুর ৷ বৃহস্পতিবার খিদিরপুরকে 2-0 গোলে হারিয়ে সুপার-সিক্সের পথে লাল-হলুদও ৷ আট ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলের নিরিখেও ভবানীপুর'কে তাড়া করছে তারা ৷ মেহতাব হোসেন প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল আকাশ হেমব্রম এবং মহম্মদ বিলালের ৷ যার মধ্যে প্রথমটি বিশ্বমানের ৷
মাঝে দু'টি ম্য়াচ ড্র করে খানিকটা পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল ৷ নইলে সুপার-সিক্স আজ নিশ্চিত হয়ে যেত অর্চিষ্মান বিশ্বাসের ছেলেদের ৷ গত ম্য়াচে কালীঘাট এমএস'কে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছিল দল ৷ সেই জয়ের ধারা বজায় রেখে পরবর্তী পর্বের খুব কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ চোখের আরাম নয়, বরং কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের ইউএসপি মরিয়া মনোভাব ৷ খিদিরপুরের বিরুদ্ধে লক্ষ্মীবারে ইস্টবেঙ্গলের দু'গোলে জয়ের পারফরম্য়ান্সে ফুটে উঠল সেই মরিয়া মনোভাব ৷
এদিন ইস্টবেঙ্গল মাঠে 27 মিনিটে চাকু মান্ডির পাস ধরে ডানপ্রান্তিক দৌড় শুরু করেন বিজয় মুর্মু ৷ এরপর তাঁর বাড়ানো বল উত্তম হাঁসদা'র পা ঘুরে জমা পড়ে আকাশ হেমব্রমের পায়ে ৷ যা ধরে বক্সের মধ্যে সোয়ার্ভিং শটে গোল করে যান তিনি ৷ প্রথম গোলের আগে তিনবার ইস্টবেঙ্গল ও গোলের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় পোস্ট এবং ক্রসবার ৷ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে দারুণ খেলে পয়েন্ট ছিনিয়ে নেওয়া খিদিরপুর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাদামাটা ৷ খিদিরপুরের প্রবীণ কর্তা জানান, প্রথম একাদশের ছ'জন ফুটবলারকে আই লিগের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ৷ কলকাতা লিগে অবনমন বাঁচানোর পর আর্থিকভাবে কমজোরি ক্লাবগুলো বাকি ম্যাচে নিয়মরক্ষার জন্য দল নামায়। খিদিরপুরও সেই পথের পথিক ৷
খিদিরপুরের কোচ তথা লাল-হলুদের প্রাক্তনী মেহতাব অবশ্য অনভিজ্ঞ দলের ছেলেরা যে চেষ্টা করেছেন, তাতেই খুশি ৷ বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলায় ৷ অন্যদিকে জিতলেও ইস্টবেঙ্গলের এবারের সবচেয়ে বড় প্রতিপক্ষ বোধহয় গোলনষ্ট ৷ যা খিদিরপুরের বিরুদ্ধেও অব্যাহত ৷ একাধিকবার সুবিধাজনক জায়গায় বল পেয়েও যেভাবে গোল নষ্ট হল, তা আগামী পর্বে আরও মাথাব্যথার কারণ হতে পারে ৷ ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের কলকাতা লিগের কোচ অর্চিষ্মান বিশ্বাস অবশ্য জানালেন, তিনি এসব নিয়ে ভাবিত নন ৷ কারণ জেসিন টিকে'দের অনুপস্থিতি সত্ত্বেও লিগে 13 গোল করেছে দল ৷
প্রথমার্ধে গোলনষ্টের ছবি দ্বিতীয়ার্ধেও জারি থাকে ৷ তার মধ্যেই 68 মিনিটে দ্বিতীয় গোল মহম্মদ বিলালের ৷ বিজয়ের পা থেকে বল পেয়ে বিলাল খিদিরপুর গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ৷ ব্যবধান বাড়ত যদি সংযুক্তি সময়ের শেষ মিনিটে রবি দাস পেনাল্টি থেকে গোল করতে পারতেন ৷ রবিবার কাস্টমসের বিরুদ্ধে পরবর্তী ইস্টবেঙ্গলের ম্যাচ ৷ সেই ম্য়াচে জয় সুপার সিক্স নিশ্চিত করবে ৷

