ETV Bharat / sports

লাল-হলুদের করাচি 'দখল', সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের

ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে হারানোর পর টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিলেন সুলঞ্জনা রাউলরা ৷

SAFF WOMENS CLUB CHAMPIONSHIP
গোলের উচ্ছ্বাস সুলঞ্জনার (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : December 11, 2025 at 8:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 ডিসেম্বর: ক্রিকেট, হকির পর এবার ফুটবল মাঠেও পাকিস্তানের বিরুদ্ধে উড়ল ভারতের বিজয় নিশান ৷ সৌজন্যে ইস্টবেঙ্গল ক্লাব ৷ মহিলাদের সাফ ক্লাব চ্য়াম্পিয়নশিপে পাকিস্তানের ক্লাব দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল লাল-হলুদের মেয়েরা ৷ বিদেশি টুর্নামেন্টে স্বপ্নের দৌড় অব্যাহত রেখে বৃহস্পতিবার কাঠমান্ডুতে করাচি সিটি ফুটবল ক্লাবকে 2-0 গোলে হারাল ইস্টবেঙ্গল ৷ ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে হারানোর পর টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিলেন সুলঞ্জনা রাউলরা ৷

প্রথম ম্যাচে ভুটানের ক্লাবটিকে 4-0 গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল ৷ প্রথম ম্য়াচে বড় ব্যবধানে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্লাব দলের মুখোমুখি হয়েছিল কলকাতা জায়ান্টরা ৷ পক্ষান্তরে এর আগে দু'টি ম্য়াচ খেলে ফেললেও টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি করাচি সিটি ৷ প্রথম দু'ম্যাচে তাঁরা ড্র করেছিল ট্রান্সপোর্ট ইউনাইটেড ও বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তবে যেহেতু মুখোমুখি ভারত-পাক, তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা রেখেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই লাল-হলুদের দাপট ৷ ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অনবদ্য গোল আসে সুলঞ্জনা রাউলের সৌজন্যে ৷ শুরুতে এগিয়ে যাওয়ার সুবিধা কাজে লাগিয়ে পাক রক্ষণের উপর আক্রমণের ঝড় তোলার চেষ্টা করেন ইস্টবেঙ্গল ফরোয়ার্ডরা ৷ কিন্তু প্রথমার্ধে আর গোল আসেনি ৷ বিরতির পর মাঠে নেমেই ফের গোলে ফের লাল-হলুদ ৷ 49 মিনিটে গোল করেন রেস্টি নানজিরি ৷ ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায় ৷ 2-0 গোলে ম্যাচ জিতে পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করে নেয় ইস্টবেঙ্গল ৷

লিগ পর্বে সুলঞ্জনা, ফাজিলাদের আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে ৷ কিন্তু প্রথম দু'টি ম্যাচ জিতে ফাইনালে প্রবেশের পথে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল ৷ গোলপার্থক্যেও বাকিদের তুলনায় অনেক এগিয়ে তাঁরা ৷ উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচটি দলের মধ্যে সর্বাধিক পয়েন্টে থাকা প্রথম দু'টি দল ফাইনাল খেলবে আগামী 20 ডিসেম্বর ৷

ভারতীয় ক্লাব ফুটবলে এই মুহূর্তে ডামাডোল পরিস্থিতি ৷ এই অবস্থায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গলের মেয়েদের এই সাফল্য নিঃসন্দেহে স্বস্তির ৷ প্রথম ম্যাচেও গোল পেয়েছিলেন আজকের দুই গোলদাতা সুলঞ্জনা ও রেস্টি ৷ সঙ্গে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছিলেন ফাজিলা ইকুয়াপুত ৷

আরও পড়ুন: