সিরিজ শুরুর আগে পেশি ছিঁড়ল পন্তের, কিউয়িদের বিরুদ্ধে পরিবর্ত জুরেল
প্রথম ম্য়াচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানালেন গিল ৷

Published : January 11, 2026 at 1:29 PM IST
ভদোদরা, 11 জানুয়ারি: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে ৷ শনিবার অনুশীলনে চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন স্টাম্পার-ব্য়াটার ঋষভ পন্ত ৷ পরিবর্তে ধ্রুব জুরেল অন্তর্ভুক্ত হলেন ভারতীয় স্কোয়াডে ৷
শনিবার অর্থাৎ, কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্য়াচ শুরুর আগেরদিন থ্রো-ডাউন অনুশীলনের সময় পাঁজরে আঘাত পেয়ে বসেন তারকা স্টাম্পার-ব্য়াটার ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন উত্তরাখণ্ড ক্রিকেটার ৷ পন্তের চোটের জায়গায় ইতিমধ্যেই এমআরআই করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ রবিবার ম্য়াচ শুরুর কয়েকঘণ্টা আগে তাঁর পরিবর্তে চলতি বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে থাকা জুরেলকে ডেকে নিলেন নির্বাচকরা ৷
পন্তের পরিবর্ত হিসেবে উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারেতে অংশগ্রহণ করা জুরেলের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে বোর্ড লিখেছে, "ভদোদরা বিসিএ স্টেডিয়ামে শনিবার নেটে ব্য়াটিং অনুশীলনের সময় উইকেটরক্ষক-ব্য়াটার ঋষভ পন্ত আচমকা পেটের ডানদিকের অংশে অস্বস্তি অনুভব করেন ৷ তাঁকে তড়িঘড়ি এমআরআই-স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় ৷ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে বিসিসিআই মেডিক্য়াল টিম বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই করেছে ৷ সাইড স্ট্রেনের কারণে পন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ৷ নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্ত ধ্রুব জুরেল স্কোয়াডে যুক্ত হয়েছেন ৷" পন্তের পেশি ছিঁড়েছে (Oblique Muscle Tear) বলেও নিশ্চিত করেছে বোর্ড ৷
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) January 11, 2026
Rishabh Pant ruled out of #INDvNZ ODI series; Dhruv Jurel named replacement.
Details 🔽 #TeamIndia | @IDFCFIRSTBankhttps://t.co/3hKb7Kdup2
পন্তও বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগে দিল্লিকে নেতৃত্ব দিয়ে যোগ দিয়েছিলেন ভারতীয় শিবিরে ৷ শুধু নেতৃত্ব দেওয়া নয়, দলকে নকআউট-পর্বেও পৌঁছে দিয়েছেন তিনি ৷ ব্য়াট হাতে টুর্নামেন্টে জোড়া হাফসেঞ্চুরিও এসেছে তারকা স্টাম্পার-ব্যাটারের ঝুলিতে ৷ ফলত পন্তের ছিটকে যাওয়া সিরিজ শুরুর আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার ৷ অন্য়দিকে বিজয় হাজারেতে অবশ্য স্বপ্নের ফর্মে বিরাজ করেছেন জুরেল ৷ জোড়া সেঞ্চুরি-সহ সাত ম্যাচে 558 রান এসেছে তাঁর ব্য়াটে ৷ ফলত বিকল্প হিসেবে জুরেলকে বাছতে খুব একটা সমস্যা হয়নি নির্বাচকদের ৷
A look at #TeamIndia's Playing XI for the 1st ODI 👌👌
— BCCI (@BCCI) January 11, 2026
Updates ▶️ https://t.co/OcIPHEpvjr#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/QD3XQXnpTW
ভদোদরায় এদিন প্রথম ম্য়াচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথম ব্য়াটিংয়ে ডাকলেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ স্কোয়াডে যোগ দিলেও প্রথম ম্য়াচের একাদশে অবশ্য জায়গা হল না জুরেলের ৷ উল্লেখ্য, চোট সারিয়ে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন হচ্ছে শ্রেয়স আইয়ারের ৷ যিনি গিলের ডেপুটিও বটে ৷ পাশাপাশি এই সিরিজের মধ্যে দিয়ে ওডিআই ফরম্য়াটে প্রত্যাবর্তন হচ্ছে পেসার মহম্মদ সিরাজের ৷
- একনজরে ভারতের একাদশ: গিল (অধিনায়ক), রোহিত, কোহলি, শ্রেয়স, রাহুল (উইকেটরক্ষক), সুন্দর, জাদেজা, হর্ষিত, কুলদীপ, সিরাজ ও কৃষ্ণা ৷

