কবে ভারতীয় দলে বৈভব ? আইপিএল শেষ হতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বোর্ড সচিবের
তাবড় ব্য়াটারদের পিছনে ফেলে 2026 আইপিএলে কমলা টুপির মালিক হয়েছেন রয়্য়ালস ওপেনার সূর্যবংশী ৷ এছাড়াও জিতেছেন একাধিক পুরস্কার ৷

Published : June 1, 2026 at 11:44 AM IST
আমেদাবাদ, 1 জুন: টানা দ্বিতীয়বার খেতাব জিতে যতোটা আলোচনার কেন্দ্রে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্য়ালস ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেও ঠিক ততোটাই আলোচনার কেন্দ্রে দলের ওপেনার বৈভব সূর্যবংশী ৷ কারণটা অবশ্যই সদ্যসমাপ্ত কোটিপতি লিগে তাঁর স্মরণীয় পারফরম্য়ান্স ৷ যা বৈভব'কে রবিবাসরীয় ফাইনালের মঞ্চে এনে দিল 2026 আইপিএলের একাধিক পুরস্কার ৷ আর তারপরেই 'বেবি বস'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া ৷
776 রান করে সর্বাধিক রানস্কোরার হওয়ায় 2026 আইপিএলে কমলা টুপির মালিক হয়েছেন রয়্য়ালস ওপেনার সূর্যবংশী ৷ কমলা টুপির পাশাপাশি অধিকাংশ অ্য়াওয়ার্ড নিজের নামে করে নিয়েছেন বাঁ-হাতি ওপেনার ৷ এমন সময় জাতীয় দলে তাঁর প্রথম সুযোগ পাওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই জোরালো হয়েছে ৷
রবিবার ফাইনালের শেষে দেবজিৎ সইকিয়াও মুগ্ধতা প্রকাশ করেন আইপিএলে ব্য়াট হাতে সূর্যবংশীর 'বৈভবে' ৷ এরপর রয়্য়ালস ব্য়াটারের ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্নে তিনি বলেন, "ও একজন দুর্ধর্ষ প্রতিভার অধিকারী ৷ সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ ৷ বৈভবকে সর্বোচ্চ পর্যায়ে তুলে আনার জন্য চেষ্টার কোনও খামতি রাখবে না বিসিসিআই ৷"
VIDEO | Ahmedabad: Here's what BCCI secretary Devajit Saikia said on RCB's victory in IPL final, Vaibhav Sooryavanshi and Women's T20 World Cup also. pic.twitter.com/VVi522WnUX
— Press Trust of India (@PTI_News) May 31, 2026
উল্লেখ্য, শুভমন গিল-সাই সুদর্শনকে পিছনে ফেলে 2026 আইপিএলে সর্বাধিক 776 রান সংগ্রহ করেছেন বৈভব সূর্যবংশী ৷ একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি সদ্যসমাপ্ত মরশুমে এসেছে বৈভবের ব্য়াট থেকে ৷ ক্রিস গেইলকে পিছনে ফেলে একটি মরশুমে সর্বাধিক 72 ছক্কার মালিক হয়েছেন রয়্য়ালস ব্য়াটার ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে দ্রুততম আইপিএল সেঞ্চুরির নজিরেও 'ইউনিভার্স বস'কে প্রায় পিছনে ফেলে দিচ্ছিলেন তিনি ৷ কিন্তু 29 বলে 97 রানে ফিরতে হয় তাঁকে ৷
তাতে অবশ্য মরশুমজুড়ে বৈভবের কৃতিত্ব খাটো হচ্ছে না ৷ বরং সারা মরশুমে পারফরম্য়ান্সের পুরস্কারস্বরূপ তিনি জিতে নিয়েছেন পাঁচ-পাঁচটি অ্যাওয়ার্ড ৷ তালিকায় কমলা টুপির পাশাপাশি রয়েছে মরশুমের সবচেয়ে দামি ক্রিকেটার (MVP), মরশুমের সুপার স্ট্রাইকার, সর্বাধিক ছক্কা এবং সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটারের পুরস্কার ৷ ইতিমধ্যেই ভারতীয়-এ দলে ডাক পড়েছে বৈভবের ৷ একইসঙ্গে আইপিএলের মাঝেই এশিয়ান গেমসের সম্ভাব্য 30 জনের দলে ঠাঁই হয়েছে বছর পনেরোর ক্রিকেটারের ৷

