ETV Bharat / sports

বায়ার্নকে হারিয়ে ফের চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি

ফাইনালে আর্সেনালের মুখোমুখি পিএসজি ৷ জিতলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেতাব ধরে রাখার নজির গড়বে ফরাসি জায়ান্টরা ৷

PSG BEAT BAYERN
গোলের উচ্ছ্বাস ওসমানে দেম্বেলের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 7, 2026 at 9:58 AM IST

2 Min Read
Choose ETV Bharat

মিউনিখ, 7 মে: যে গোলটা করার প্রয়োজন ছিল অনেক আগে, হ্যারি কেন সেই গোলটা করলেন সংযুক্তি সময়ে ৷ ম্য়াচে পিছিয়ে থাকা বায়ার্ন মিউনিখ শেষ লগ্নে সমতা ফেরালেও অ্যাওয়ে গেমে এক গোলের ব্যবধান আর ঘুচল না ৷ ফলত 1-1 গোলে সেমিফাইনালের দ্বিতীয় পর্ব শেষ হলেও এগ্রিগেটে 6-5 ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন প্য়ারিস সাঁ জাঁ ৷

গত মরশুমে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনাতেই ইন্টার মিলান'কে 5-0 গোলে হারিয়ে প্রথম চ্য়াম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিল প্যারিস সাঁ জাঁ ৷ সেই স্টেডিয়ামে এদিন শুরুতে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোল তুলে নেয় ফরাসি জায়ান্টরা ৷ ঘরের মাঠে প্রথম পর্বে রুদ্ধশ্বাস ম্য়াচ 5-4 গোলে জিতেছিল তারা ৷ আর এদিন তৃতীয় মিনিটে ওসমানে দেম্বেলের গোল ব্য়বধান বাড়িয়ে দেয় ৷ তবে সেই গোলের রূপকার অবশ্য খিভিচা বারাৎস্খেলিয়া ৷

বামপ্রান্তিক দৌড়ে বায়ার্ন রক্ষণকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন জর্জিয়া ফুটবলার ৷ এরপর ঠান্ডা মাথায় বল সাজিয়ে দেন সতীর্থ দেম্বেলের জন্য ৷ চলতি বলে ব্যালন ডি'অর জয়ীর জোরালো ভলি গোলের ঠিকানা খুঁজে নেয় ৷ পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরে বায়ার্ন ৷ তবে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতে থাকে তারা ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালারা গোলের খুব কাছে পৌঁছে গেলেও ডেডলক ভঙতে পারেননি ৷ ব্যবধান বাড়িয়ে নিতে পারত পিএসজি-ও ৷ কিন্তু জোয়াও নেভেসের হেড দুরন্ত ক্ষিপ্রতার সঙ্গে বাঁচান ম্য়ানুয়েল ন্যুয়ের ৷

দ্বিতীয়ার্ধ জুড়ে বল পজেশন দখলে রেখে পিএসজি রক্ষণকে বারংবার চাপে ফেলার চেষ্টা করে যায় 'বাভারিয়ান্স' ৷ কিন্তু চাপের মুখে অটুট ছিল মার্কুইনহোস, উইলিয়ান পাচো সমৃদ্ধ ফরাসি জায়ান্টদের রক্ষণ ৷ প্রতি-আক্রমণে গোলের মুখ খুলে ফেলেছিল তারাও ৷ কিন্তু দ্বিতীয় গোল আর পায়নি পিএসজি ৷ উল্টে সংযুক্তি সময় গোল করে ম্য়াচে সমতা ফেরান হ্য়ারি কেন ৷

আলফোন্সো ডেভিয়েসের থ্রু বল ধরে 1-1 করেন ইংরেজ অধিনায়ক ৷ যা চলতি চ্য়াম্পিয়ন্স লিগে সাত ম্য়াচে টানা গোল কেনের ৷ কিন্তু দু'দলের মধ্যে ব্যবধান মুছতে এরপর আর বেশি সময় ছিল না বায়ার্নের হাতে ৷ ফলত ছ'বছর আগে যাদের কাছে হেরে প্রথম চ্য়াম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছিল, তাদেরকে হারিয়েই টানা দ্বিতীয়বার খেতাবি লড়াইয়ে পিএসজি ৷ ফাইনালে আর্সেনালকে হারালে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে (1992-93 মরশুমে রিব্র্যান্ডিংয়ের পর) খেতাব ধরে রাখার নজির গড়বে তারা ৷

আরও পড়ুন: