ETV Bharat / sports

নজিরের 'দীপ্তি'তে চুনকাম দ্বীপরাষ্ট্র, 5-0 সিরিজ জয় হরমনপ্রীতদের

টি-20'তে সর্বাধিক উইকেটশিকারির তালিকায় অজি পেসারকে টপকে গেলেন দীপ্তি শর্মা ৷

IND WHITEWASHES SL IN T20 SERIES
দীপ্তি শর্মার নজির (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : December 31, 2025 at 10:10 AM IST

3 Min Read
Choose ETV Bharat

তিরুঅনন্তপুরম, 31 ডিসেম্বর: প্রত্যাশামতোই ঘরের মাঠে টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করল ভারতীয় দল ৷ বিশ্বজয়ের পরবর্তী সময়ে কুড়ি-বিশের ফরম্য়াটে দারুণ শুরু 'উইমেন ইন ব্লু'র ৷ ব্যাটিং ও বোলিং বিভাগের দুই তারকা স্মৃতি মন্ধনা ও রেণুকা সিং ঠাকুরকে বিশ্রামে রেখেও মঙ্গলবার সিরিজের শেষ ম্য়াচ 15 রানে জিতল ভারত ৷ টিম ইন্ডিয়ার দেওয়া 176 রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে 160 রানের বেশি তুলতে পারেনি অতিথি দল ৷ শ্রীলঙ্কাকে ক্লিন-স্যুইপের দিনে বড়সড় মাইলস্টোন গড়লেন দীপ্তি শর্মা ৷

মহিলাদের টি-20 ক্রিকেটে এদিন সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন ভারতীয় দলের এই স্পিনিং অলরাউন্ডার ৷ তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্য়াচে নামার আগে অজি পেসার মেগান স্কাটের সঙ্গে একই মেরুতে ছিলেন দীপ্তি ৷ অর্থাৎ, এককভাবে নিজেকে শীর্ষে নিয়ে যেতে মাত্র একটি উইকেট প্রয়োজন ছিল তাঁর ৷ শ্রীলঙ্কা ইনিংসের চতুর্দশ ওভারে নীলাক্ষিকা সিলভাকে ফিরিয়ে মাইলস্টোন গড়ে ফেলেন ভারতীয় অলরাউন্ডার ৷ স্কাটকে (151 উইকেট) টপকে এখন সংক্ষিপ্ত ফরম্য়াটে সর্বাধিক 152 উইকেট দীপ্তির নামে ৷

কেরিয়ারের 133তম টি-20 ম্য়াচে এই নজির গড়লেন দীপ্তি ৷ ইনিংসের নিরিখে সংখ্যাটা 130 ৷ দ্বিতীয়স্থানে থাকা মেগান স্কাটের 151 উইকেট এসেছে 123 ম্য়াচে 122 ইনিংসে ৷ মহিলা টি-20'তে তৃতীয় সর্বাধিক উইকেটের নজির যুগ্মভাবে রয়েছে রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই এবং পাকিস্তানের নিদা দারের ঝুলিতে ৷ দু'জনের ঝুলিতে রয়েছে 144টি করে উইকেট ৷ চলতি সিরিজেই আরও একটি বড় নজির গড়েছেন বিশ্বের পয়লা নম্বর অলরাউন্ডার দীপ্তি ৷ পুরুষ-মহিলা নির্বিশেষে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20'তে 1,000 রান ও দেড়শো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি ৷

তিরুঅনন্তপুরমে এদিন প্রথমে ব্য়াট করে সাত উইকেটে 175 রান তোলে ভারতীয় দল ৷ হরমনপ্রীত কৌরের 43 বলে 68 রানে মূলত জয়ের ভিত গড়ে তাঁরা ৷ ম্য়াচের সেরা ভারত অধিনায়িকার ঝোড়ো ইনিংসে এদিন ছিল ন'টি চার ও একটি ছয় ৷ শেষদিকে 11 বলে 27 রানের ক্য়ামিয়ো খেলেন অরুন্ধতী রেড্ডি ৷ জবাবে ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির হাফসেঞ্চুরি সত্ত্বেও ম্য়াচ হারে শ্রীলঙ্কা ৷

পেরেরা করেন 42 বলে 65 ৷ দুলানির ব্য়াট থেকে আসে 39 বলে 50 রান ৷ কিন্তু বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় বিপক্ষকে চুনকাম করে ভারত ৷ দীপ্তি-সহ হাত ঘোরানো ছ'জন বোলারই একটি করে উইকেট পান ৷ 20 ওভারে সাত উইকেট হারিয়ে 160 রানে থেমে যায় দ্বীপরাষ্ট্র ৷ সিরিজ সেরা ভারতীয় ওপেনার শেফালি বর্মা ৷

  • মহিলা টি-20'তে সর্বাধিক পাঁচ উইকেটশিকারি:
  1. দীপ্তি শর্মা (ভারত)- 152*
  2. মেগান স্কাট (অস্ট্রেলিয়া)- 151*
  3. হেনরিয়েট ইশিমউই (রুয়ান্ডা)- 144*
  4. নিদা দার (পাকিস্তান)- 144
  5. সোফি এক্লেস্টন (ইংল্য়ান্ড)- 142*

আরও পড়ুন: