ETV Bharat / sports

'মিরাকল' ঘটিয়ে সুস্থতার পথে মার্টিন ! কোমা থেকে বের করা হল বিশ্বজয়ী ক্রিকেটারকে

বর্তমানে কথাও বলতে পারছেন ড্যামিয়েন মার্টিন ৷ নিশ্চিত করেছেন বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট ৷

DAMIEN MARTYN
ড্য়ামিয়েন মার্টিন (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : January 5, 2026 at 11:45 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 জানুয়ারি: বছরশেষে ড্য়ামিয়েন মার্টিনের শারীরিক জটিলতা সংক্রান্ত খবরে মনখারাপ ছিল ক্রিকেট অনুরাগীদের ৷ মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বিশ্বজয়ী অজি ক্রিকেটার ৷ কিন্তু আগের তুলনায় অনেকটা সুস্থ মার্টিনকে বের করে আনা হয়েছে কোমা থেকে ৷ রবিবার বন্ধুর স্বাস্থ্য সংক্রান্ত এক বিবৃতিতে এমনটাই জানালেন আরেক বিশ্বজয়ী অজি ক্রিকেটার অ্য়াডাম গিলক্রিস্ট ৷

প্রাক্তন স্টাম্পার-ব্য়াটার রবিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, "গত 48 ঘণ্টায় যা হয়েছে তা অভাবনীয় ৷ কোমা থেকে বের করার পর মার্টিন চিকিৎসায় অভূতপূর্ব সাড়া দিচ্ছে এবং কথাও বলতে পারছে এখন ৷ যা পরিবারের কাছে অনেকটা মিরাকলের মতো ৷ বেশ ভালো অবস্থায় রয়েছে ও ৷ এখনও অনেকটা সময় পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে এবং চিকিৎসার অনেক বাকি ৷ তবে এই মুহূর্তে সবকিছু ইতিবাচক দেখাচ্ছে ৷"

কঠিন সময়ে মার্টিনের আরোগ্য কামনা করে অনুরাগীরা যেভাবে পাশে থেকেছেন, তাতে আপ্লুত ক্রিকেটারের পরিবার ৷ বিবৃতিতে অনুরাগীদের প্রতি মার্টিনের স্ত্রী অ্য়ামান্ডার কৃতজ্ঞতা জানানোর কথাও তুলে ধরেছেন গিলি ৷ তিনি বলেন, "মার্টিনকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে ৷ তবে শেষ দু'দিনে যেভাবে সবকিছু বদলে গেল তা অবিশ্বাস্য ৷" এখানেই শেষ নয় ৷ চিকিৎসকেরা মার্টিনকে আইসিইউ থেকেও বের করে আনার চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন গিলক্রিস্ট ৷

বক্সিং-ডে'তে অর্থাৎ, 26 ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারকে ৷ পরবর্তীতে চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী মেনিনজাইটিস (মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে রাখা ঝিল্লি বা মেনিনজেসের সংক্রমণ) ৷ এরপর বেশ কয়েকদিন কোমায় থেকে জীবনের বাইশ গজে লড়াই চলে মার্টিনের ৷ রবিবার রাতে বিবৃতি দিয়ে বন্ধুর ধীরে-ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার কথা শোনালেন গিলক্রিস্ট ৷ যা শুনে খুশি ক্রিকেট অনুরাগীরাও ৷

1992-2006 প্রায় দেড় দশকের আন্তর্জাতিক কেরিয়ারে 67টি টেস্ট ম্যাচের পাশাপাশি 208টি ওডিআই ম্য়াচও খেলেছেন মার্টিন ৷ 2003 বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে ব্য়াট হাতে উজ্জ্বল ছিলেন তিনিও ৷ 84 বলে অপরাজিত ছিলেন 88 রানে ৷ 2004 সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার শেষ বর্ডার-গাভাসকর ট্রফি জয়ে সিরিজ সেরা হয়েছিলেন মার্টিন ৷ ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে 18টি সেঞ্চুরি-সহ প্রায় দশ হাজারের কাছাকাছি রান রয়েছে মিডল-অর্ডার ব্য়াটারের ঝুলিতে ৷ 2005-06 অ্যাশেজের মাঝে আচমকা বাইশ গজকে বিদায় জানান মার্টিন ৷

আরও পড়ুন: