ETV Bharat / sports

ব্লিৎজে অঘটন, বছর বারোর প্রতিদ্বন্দ্বীর কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের

ব্লিৎজ রেটিংয়ে 228 এলো পয়েন্টে পিছিয়ে থাকা মার্কিন-রুশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মারাত্মক ভুল করে বসলেন গুকেশ ৷

D GUKESH
ডোম্মারাজু গুকেশ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 30, 2025 at 10:05 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: বিশ্ব ব়্যাপিড চ্য়াম্পিয়নশিপে ফলাফল প্রত্যাশামতো হয়নি ৷ অর্জুন এরিগাইসি ব্রোঞ্জ জিতলেও 20তম স্থানে শেষ করেছিলেন তিনি ৷ তবে ব্লিৎজে ভালো কিছু করতে মুখিয়ে ছিলেন ৷ কিন্তু সেখানেও তৃতীয় রাউন্ডে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ ৷ বছর বারোর ফিডে মাস্টার সার্জেই স্ক্লোকিনের কাছে হেরে বসলেন সুপার গ্র্য়ান্ডমাস্টার গুকেশ ৷

যদিও ব্লিৎজ কখনোই গুকেশের পছন্দের ইভেন্ট নয় ৷ তবু 12 বছরের মার্কিন-রুশ স্ক্লোকিনের কাছে হারটা কোনওভাবেই প্রত্য়াশিত নয় চেন্নাই গ্র্য়ান্ডমাস্টারের জন্য ৷ ব্লিৎজ ইভেন্টে সাত বছরের ছোট স্ক্লোকিনের তুলনায় 228 এলো পয়েন্টে এগিয়ে থাকা ভারতীয় গ্র্যান্ডমাস্টার এদিন চাপের মুখে চরম ভুল করে বসেন ৷ তাতে অবশ্য গুকেশের (ক্লাসিক্যাল চেজে এলো রেটিং 2754) বিরুদ্ধে ফিডে মাস্টার স্ক্লোকিনের কৃতিত্ব খাটো হওয়ার নয় ৷

এদিন স্ক্লোকিনের বিরুদ্ধে 70তম চালে ভুলটি করে বসেন কালো ঘুঁটি নিয়ে খেলা গুকেশ ৷ সে সময় তাঁর হাতে ছিল আট সেকেন্ড সময় ৷ অন্যদিকে 13 সেকেন্ড হাতে নিয়ে গুকেশের কাছে নৌকো (রুক) বদলের প্রস্তাব আসে প্রতিদ্বন্দ্বীর তরফে ৷ সে সময় একটি বোরে বা সৈন্য (পন) খুইয়ে বসে থাকা গুকেশ স্ক্লোকিনের প্রস্তাবে সাড়া দিলে গেমটি ড্র'য়ের দিকে এগিয়ে যেত ৷ কিন্তু জয়ের খোঁজে প্রতিদ্বন্দ্বীর প্রস্তাব নাকচ করে খেলা এগিয়ে নিয়ে যান ভারতীয় ৷ যা বিপদ ডেকে আনে তাঁর জন্য ৷ 10 চাল বাদে বোর্ডের শেষ বোরেটি খুইয়ে পরাজয় স্বীকার করে নেন ডোম্মারাজু গুকেশ ৷

এর আগে ব়্য়াপিড চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো করলেও শেষদিকে পিছিয়ে পড়তে হয় গুকেশকে ৷ 8.5 পয়েন্ট নিয়ে 20তম স্থানে শেষ করেন তিনি ৷ অর্জুন এরিগাইসির ব্রোঞ্জ ছাড়াও ব়্য়াপিডে গুকেশের আগে শেষ করেন অরবিন্দ চিদম্বরম ও নিহাল সারিন ৷ 13টি গেমের মধ্যে মাত্র ছ'টিতে জয়লাভ করেন বিশ্বচ্যাম্পিয়ন ৷ প্রতিযোগিতা শুরুর আগেই অবশ্য ক্লাসিক্যাল দাবাকে তাঁর সবচেয়ে পছন্দের ইভেন্ট বেছে ব়্য়াপিড-ব্লিৎজ চ্যাম্পিয়নশিপকে পরীক্ষা-নিরীক্ষার জায়গা হিসেবে বর্ণনা করেছিলেন গুকেশ ৷

9.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে ব়্যাপিড বিশ্ব চ্যাম্পিয়নশপে পদকজয়ের (ব্রোঞ্জ) কৃতিত্ব অর্জন করেন অর্জুন এরিগাইসি ৷ ভারতীয় হিসেবে শেষবার 2017 সালে এই প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন ভিশি (বিশ্বনাথন আনন্দ) ৷ রুপোজয়ী ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে থাকলেও টেবল-1 স্কোরে পিছিয়ে থাকায় তৃতীয়স্থানে শেষ করেন অর্জুন ৷ প্রতিযোগিতায় ষষ্ঠবারের জন্য খেতাব জিতে নেন ম্য়াগনাস কার্লসেন ৷ 10.5 পয়েন্ট ঝুলিতে নিয়ে শিরোপা জেতেন নরওয়ে কিংবদন্তি ৷

আরও পড়ুন: