ETV Bharat / sports

কলকাতায় আসছেন না গুকেশ, টাটা স্টিল চেজে বিশ্বচ্যাম্পিয়নের পরিবর্ত সারিন

আনন্দ বনাম গুকেশের জমজমাট লড়াই থেকে বঞ্চিত হতে চলেছে তিলোত্তমা ৷

TATA STELL CHESS INDIA 2026
ডোম্মারাজু গুকেশ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : January 5, 2026 at 12:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 জানুয়ারি: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ বনাম বর্তমান বিশ্বচ্য়াম্পিয়ন ডোম্মারাজু গুকেশের লড়াই থেকে বঞ্চিত হচ্ছে শহর কলকাতা ৷ কারণ বছরের প্রথম টুর্নামেন্টে অংশ নিতে কলকাতায় আসছেন না গুকেশ ৷ টাটা স্টিল চেজ ইন্ডিয়ার র‍্যাপিড ও ব্লিৎজ ইভেন্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন বিশ্বচ্যাম্পিয়ন ৷ আগামী 7 থেকে 11 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টে অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে গুকেশের নাম প্রত্যাহারে আয়োজকদের পাশাপাশি হতাশ শহরের দাবাপ্রেমীরাও ৷

এই নিয়ে টানা দু'বছর টাটা স্টিল চেজ ইন্ডিয়া থেকে সরে দাঁড়ালেন চেন্নাই গ্র্যান্ডমাস্টার ৷ গতবছর বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রস্তুতির জন্য সরে দাঁড়িয়েছিলেন গুকেশ ৷ ছ'বছর বাদে এবার বিশ্বনাথন আনন্দ টাটা স্টিল চেজ ইন্ডিয়ার র‍্যাপিড ও ব্লিৎজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৷ ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের মগজাস্ত্রের লড়াই ছিল এবারের টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ৷ কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সরে দাঁড়ানোয় সেই লড়াই দেখার সুযোগ হচ্ছে না তিলোত্তমার ৷

সোশাল মিডিয়া পোস্টে কলকাতায় আসতে না-পারার ঘোষণায় গুকেশ বলেন, "বরাবর কলকাতার আতিথেয়তা আমায় মুগ্ধ করেছে ৷ কানায়-কানায় পূর্ণ হাউজ, অনুরাগীদের প্রবল সমর্থন আমায় আনন্দ দেয় ৷ কিন্তু এবছর আমি আসতে পারছি না ৷ নিঃসন্দেহে কলকাতায় খেলার মজা মিস করব, তবে নিশ্চিতভাবে আগামিদিনে ফিরে আসব ৷ ইভেন্টের জন্য শুভেচ্ছা রইল ৷" পরবর্তীতে টাটা স্টিল চেজ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে লেখা হয়, "গুকেশ আমরা তোমায় মিস করব ৷"

গুকেশ সরে দাঁড়ানোয় তাঁর বদলি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন কেরলের গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ 7 থেকে 11 জানুয়ারি ধনধান্য প্রেক্ষাগৃহে খেলবেন ৷ খেলোয়াড় হিসেবে তাঁর ফিরে আসা নিঃসন্দেহে চমক ৷ গুকেশ ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় আকর্ষণের কেন্দ্রবিন্দু আনন্দ-ই ৷ তিনি ছাড়াও অবশ্য খেলবেন আর প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিথ গুজরাতি, অরবিন্দ চিদাম্বরমের মতো ভারতীয় দাবার ইয়ং সেনসেশনরা ৷ যাঁরা কোনও না-কোনও সময় আনন্দের কাছে দাবা শিখেছেন ৷

অর্থাৎ, একাধিক শিষ্যের চ্যালেঞ্জ আনন্দকে সামলাতে হবে আসন্ন টাটা স্টিল চেজে ৷ মহিলাদের বিভাগে খেলবেন বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ ৷ এছাড়াও থাকছেন আর বৈশালী, দ্রনোভালি হারিকা ৷ ওপেন এবং মহিলা বিভাগে র‌্যাপিড এবং ব্লিৎজে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট ৷ উভয় ক্ষেত্রেই সমান পুরস্কার মূল্য থাকছে এবারের প্রতিযোগিতায় ৷ টুর্নামেন্ট ডিরেক্টর হিসাবে থাকছেন সর্বভারতীয় দাবা সংস্থার সহসভাপতি দিব্যেন্দু বড়ুয়া ৷

আরও পড়ুন: