যে পিচে বল থমকে আসছে, সমস্যায় পড়ছে ভারত: কীর্তি আজাদ
গৌতম গম্ভীর কোচ নন, বরং ম্য়ানেজার ৷ মত বিশ্বজয়ী প্রাক্তন অলরাউন্ডারের ৷

Published : March 1, 2026 at 5:57 PM IST
দুর্গাপুর, 1 মার্চ: চলতি টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের ছাড়পত্র পাওয়ার জন্য রবিবাসরীয় ইডেনে ওয়েস্ট ইন্ডিজ হার্ডল পেরোতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৷ দু'দলের জন্য 'ডু অর ডাই' ম্যাচকে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল বললে একেবারেই বাড়িয়ে বলা হয় না ৷ সেই ম্যাচের আগে '83 বিশ্বজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার কীর্তি আজাদ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিতে বললেন ভারতীয় দলকে ৷
ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে সুপার-এইটের গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে ইটিভি ভারতকে তৃণমূল সাংসদ বলেন, "যে পিচে বল ঠিকমতো ব্যাটে আসছে না অর্থাৎ, বল কিছুটা থমকে আসছে; সেই পিচে ভারতীয় ব্যাটাররা মুখ থুবড়ে পড়ছে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার সেই কথাই প্রমাণ করে ৷ ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কেমন হতে পারে ? উত্তরে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান সাংসদ বলেন, "এটা নির্ভর করছে পিচ কেমন থাকে তার উপর ৷ অর্থাৎ, বল কতোটা ঘুরবে, পিচ ব্যাটসম্যানদের আদর্শ হবে নাকি বল থমকে ব্য়াটে আসবে এইসব বিষয়গুলোর উপর ৷ তাছাড়াও শিশির ফ্যাক্টর রয়েছে ৷ কারা আগে ব্যাট করছে, কারা পরে বল করবে সেটা দেখতে হবে ৷ রাতের দিকে শিশিরের কারণে বল ঠিকমত গ্রিপ করা যায় না ৷ এগুলো সবই ফ্যাক্টর হতে পারে ৷"
পাশাপাশি কীর্তি আজাদের দাবি, চলতি বিশ্বকাপে ভারতীয় দলে যোগ্য ষষ্ঠ বোলারের একটা অভাব বোধ হচ্ছে ৷ কীর্তি আজাদের কথায়, "টি-20 ক্রিকেট আর নুডলস খেয়ে পেট ভরানো দু'টোই সমান জিনিস ৷ টি-20 নিছক বিনোদনের জন্য খেলা হয় ৷" তবে ভার্চুয়াল সেমিফাইনালের আগে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে সতর্ক করে দিলেন তিনি ৷ তৃণমূল সাংসদ বলেন, "আমরা দেখেছি আইপিএলে সব দলেই স্ট্যান্ড-বাই হিসেবে ওয়েস্ট ইন্ডিয়ানরাই থাকে ৷ কারণ ওরা হার্ড হিটার ৷"
গৌতম গম্ভীর কোচ হিসাবে সমালোচিত ৷ সাম্প্রতিককালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া ৷ তার উত্তরে গম্ভীরের পাশে দাঁড়িয়ে কীর্তি আজাদ বলেন, "জাতীয় ক্রিকেট দলে কোচ শুধুমাত্র একজন ম্যানেজারের ভূমিকায় থাকে ৷ জসপ্রীত বুমরা কিংবা সূর্যকুমার যাদবকে গৌতম গম্ভীর আর কী শেখাবেন ? ছোটবেলা থেকে একজন ক্রিকেটারকে তৈরি করেন যিনি, তিনিই তাঁর কোচ ৷ তাই গৌতম গম্ভীর কোচ হলেও আসলে হচ্ছেন দলের একজন ম্যানেজার ৷" তবু কীর্তি আজাদ অত্যন্ত আশাবাদী ভারতীয় দল ইডেনে আজ ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নেবে ৷

