সবচেয়ে বয়স্ক হিসেবে নকআউটে গোলের নজির ক্রিশ্চিয়ানোর, থ্রিলার জয়ে প্রি-কোয়ার্টারে পর্তুগাল
সংযুক্তি সময়ের একেবারে শেষলগ্নে ক্রোয়েশিয়ার একটি গোল অফসাইডের কারণে ভিএআরের সাহায্যে বাতিল করেন রেফারি ৷ অফসাইডে একটি গোল বাতিল হয় রোনাল্ডোরও ৷


Published : July 3, 2026 at 10:32 AM IST
টরন্টো, 3 জুলাই: পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের নয়া রূপকথা লিখল পর্তুগাল ৷ সংযুক্তি সময়ের গোলে বিশ্বকাপের নকআউটে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছল তারা ৷ পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি সুপার-সাব গন্সালো রামোসের ৷ ম্যাচের 68 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আর এই গোলের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে ইতিহাস গড়েন সিআর সেভেন ৷
সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউটে এতদিন গোলের নজির ছিল লিয়োনেল মেসির ৷ সেই নজির ভেঙে দিয়ে ক্রোটদের বিরুদ্ধে এদিন ইতিহাস লিখলেন রোনাল্ডো ৷ দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিশানায় অব্যর্থ থাকার সঙ্গে সঙ্গে 41 বছর 147 দিন বয়সে বিশ্বকাপ নকআউটে গোলের নজির গড়েন তিনি ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ষষ্ঠ বিশ্বকাপে এসে এই প্রথম নকআউট পর্বে গোল করলেন পর্তুগিজ মহাতারকা ৷ যা বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা নিয়ে গেল 11-তে ৷
এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি নজির তাঁর নামে করে নিয়েছিলেন রোনাল্ডো ৷ সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউটে অংশ নেওয়ার কীর্তি গড়েন আল-নাসের তারকা ৷ এই ম্য়াচেই 40 বছর 296 দিন বয়সে মাঠে নেমেছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ৷ যিনি জায়গা করে নিলেন তালিকার দ্বিতীয়স্থানে ৷
Cristiano Ronaldo continues to break records at @FIFAWorldCup 2026 👏🇵🇹 pic.twitter.com/4Dd7xIj2dR
— FIFA (@FIFAcom) July 3, 2026
একদা ক্লাব ফুটবলের দুই সতীর্থ রোনাল্ডো এবং মদ্রিচের দ্বৈরথই ছিল এই ম্যাচের সেরা ইউএসপি ৷ কারণ দুই তারকার একজন বিশ্বকাপে শেষবারের জন্য নেমেছিলেন এদিন ৷ শেষমেশ উতরে গেলেন রোনাল্ডো ৷ আর বর্ণময় কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্য়াচ খেলে বিদায় নিলেন মদ্রিচ ৷ 2018, 2022 সালে ক্রোয়েশিয়ার দুরন্ত ফলাফলের নেপথ্যে বিরাট অবদান ছিল যাঁর ৷
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে এদিন ম্য়াচে এগিয়ে যায় ক্রোয়েশিয়া ৷ 53 মিনিটে ডানদিক থেকে ইয়োসিপ স্তানিসিচের ভাসানো সেন্টার ধরে পেরিসিচের গোল এগিয়ে দেয় ক্রোয়েশিয়াকে ৷ পর্তুগাল ফিরে আসার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে ৷ এই সময় রোনাল্ডোর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয় ৷ তবে গোল পেতে তাঁকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ 68 মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বাধিক গোলদাতা ৷ কর্নার থেকে ভেসে আসা বল হেড করতে যাওয়ার সময় রেনেতো ভেগাকে ফাউল করেন ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যা থেকে গোল করতে ভুল করেননি সিআর সেভেন ৷
A late winner sends Portugal into the Round of 16! 👏#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 3, 2026
তার আগেই অবশ্য চার-চারটি পরিবর্তন করেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ৷ গোল করে নজিরে নাম তুললেও রোনাল্ডোর খেলায় সেই ঝাঁঝ ছিল না ৷ তাই 81 মিনিটে রোনাল্ডোকেও তুলে রুবেন নেভেস'কে নামিয়ে দেন মার্তিনেজ ৷ সংযুক্তি সময়ে পর্তুগালের হয়ে জয়সূচক গোল করেন পরিবর্ত রামোসের ৷ রাফায়েল লিয়াও'য়ের সেন্টার থেকে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে হেডে 2-1 করেন সদ্য এসি মিলানে নাম লেখানো তারকা ৷
🇵🇹 Portugal have qualified for the Round of 16!#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 3, 2026
এরপর দশ মিনিট অতিরিক্ত সময়ের একেবারে শেষ ভাগে জালে বল জড়ায় ক্রোয়েশিয়াও ৷ কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে সেই গোল বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নিশ্চিত হয় বলকান দেশটির ৷

