ETV Bharat / sports

হ্যালান্ডকে রুখতে বিশেষ ছক নেই, মহারণের আগে 'নির্লিপ্ত' আন্সেলোত্তি

এর আগে 1998 বিশ্বকাপে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ৷ বেবেতো'র গোল সত্ত্বেও সেঅই ম্য়াচে হেরেছিল 'সেলেকাও' ৷

ANCELOTTI ON HAALAND
সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 5, 2026 at 8:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নিউ জার্সি, 5 জুলাই: জাপানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে তাঁর মগজাস্ত্রে মিলেছিল জয়ের রেসিপি ৷ তাঁর জোড়া বদল বদলে দিয়েছিল ম্য়াচের রং ৷ সেই কার্লো আন্সেলোত্তি নরওয়ে ম্য়াচের পরিকল্পনা কীভাবে সাজাচ্ছেন, জানতে উৎসুক অনুরাগীরা ৷ বিশেষ করে বিপক্ষ দলে যখন আর্লিং হ্যালান্ডের মতো একজন বিধ্বংসী স্ট্রাইকারের উপস্থিতি ৷ তবে ব্রাজিল কোচ জানালেন, নরওয়ে স্ট্রাইকারের জন্য বাড়তি কোনও পরিকল্পনা তিনি করছেন না ৷

আসলে পরিসংখ্যান ভুলে সোমবার (ভারতীয় সময়) মাঠে নামতে চাইছে 'সেলেকাও' ৷ বিশ্বকাপে একবার এবং প্রীতি ম্য়াচে তিনবার ৷ নরওয়ের বিরুদ্ধে এর আগে চারবারের সাক্ষাতে একটিও জয় নেই ব্রাজিলের ৷ এর মধ্যে 1998 বিশ্বকাপে হারের স্মৃতি এখনও দগদগে ৷ সেই পরিসংখ্যান খানিকটা উন্নত করার পথে সোমবার ব্রাজিলের সবচেয়ে বড় অন্তরায় বোধহয় হ্য়ালান্ড ৷ বিশ্বকাপ আত্মপ্রকাশে ইতিমধ্যেই তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গিয়েছে যাঁর ৷ গোল্ডেন বুটের দৌড়ে ভালোমতোই রয়েছেন ম্য়ান সিটি স্ট্রাইকার ৷

এমতাবস্থায় হ্য়ালান্ড'কে নিয়ে বিপক্ষ কোচের রাতের ঘুম নষ্ট হওয়ার কথা ৷ অথচ আন্সেলোত্তি বলছেন, "অ্যান্টি-হ্যালান্ড কোনও পরিকল্পনা আমাদের নেই ৷ আর আমার দলের ডিফেন্ডারদের আলাদা করে বোঝানোরও দরকার নেই যে কীভাবে ওকে সামলাতে হবে ৷ কারণ ওরা বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে ৷ আমার দল খুব ভালো জায়গায় রয়েছে ৷ তবে হ্যাঁ উন্নতি করতে হবে ৷ বক্সে হ্যালান্ডের নড়াচড়া সম্পর্কে সকলেই ওয়াকিবহাল ৷ তাই ওর জন্য ব্যক্তিগত স্তরে কাউকে আমার উপদেশ দেওয়ার কিছু নেই ৷ দলের ফর্মেশনটুকু আমি ঠিক করতে পারি ৷"

আসলে ব্রাজিল রক্ষণের অন্য়তম ভরসা গ্য়াব্রিয়েল ম্য়াগালহায়েস আর্সেনাল ফুটবলার হওয়ায় প্রিমিয়র লিগে হ্য়ালান্ড'কে সামলানোর বিস্তর অভিজ্ঞতা তাঁর ঝুলিতে ৷ তাই মনে করা হচ্ছে হ্যালান্ড'কে আটকাতে বাড়তি দায়িত্ব গ্য়াব্রিয়েলকেই দেবেন আন্সেলোত্তি ৷ পাশাপাশি জাপান ম্যাচে না-খেললেও শেষ ষোলোয় নামার আগে নেইমারকে নিয়ে বড় আপডেট দিয়েছেন তিনবার রিয়াল মাদ্রিদকে ইউরোপ সেরা করা কোচ ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে তিনি সাফ জানিয়েছেন, স্যান্তোস ফুটবলার 90 মিনিট খেলার জায়গায় রয়েছেন ৷ তাই নরওয়ের বিরুদ্ধে নেইমার শুরু করলে অবাকের কিছু থাকবে না ৷

গত ম্য়াচে জাপানের বিরুদ্ধে নাটকীয় জয়ে রাউন্ড অব-16 নিশ্চিত করেছে সাম্বার দেশ ৷ প্রথমার্ধে এক গোল পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ক্যাশেমিরো'র গোলে সমতায় ফেরে ব্রাজিল ৷ এরপর সংযুক্তি সময়ে মার্টিনেল্লির জয়সূচক গোলে পরের পর্বে পৌঁছে দেয় কার্লো আন্সেলোত্তির দলকে ৷ শেষ ষোলোয় জয়ী দল কোয়ার্টারে মুখোমুখি হবে মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্য়াচের বিজয়ীর ৷

আরও পড়ুন: