বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিপত্তি, সেরা স্পেল উপহার দিয়ে হাসপাতালে টিকনার
টেস্ট প্রত্যাবর্তনে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল নিউজিল্যান্ড পেসারকে ৷

Published : December 10, 2025 at 11:57 AM IST
ওয়েলিংটন, 10 ডিসেম্বর: কেরিয়ারের সেরা স্পেল উপহার দেওয়ার দিনে হাসপাতালে ছুটতে হল বোলারকে ৷ ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথমদিন ৷ ওয়েলিংটনে এদিন 32 রানে চার উইকেট নিয়ে কেরিয়ারের সেরা স্পেলটি উপহার দেন চতুর্থ টেস্ট খেলতে নামা ব্লেয়ার টিকনার ৷ কিন্তু তারপরই একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ-কাঁধে মারাত্মক চোট পেয়ে বসেন কিউয়ি পেসার ৷ এরপর আর উঠে দাঁড়াতে পারেননি তিনি ৷ মাঠে প্রাথমিক শুশ্রূষার পর স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি ৷ পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷
2023 সালের পর এদিন টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে টিকনারের ৷ প্রত্যাবর্তনে তাঁর দাপুটে বোলিংয়ের সৌজন্যেই দু'শো পেরিয়ে প্রথম ইনিংস অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ ওপেনার ব্র্যান্ডন কিং, কাভেম হজ, শাই হোপ এবং অধিনায়ক রস্টন চেজকে প্য়াভিলিয়নে ফেরান টিকনার ৷ 16 ওভার হাত ঘুরিয়ে 32 রানে চার উইকেট নেন তিনি ৷ দুরন্ত স্পেল সত্ত্বেও চোটের কারণে প্রত্যাবর্তন বোধহয় ভুলতে চাইবেন তিনি ৷ এছাড়া মাইকেল রেই নেন তিনটি উইকেট ৷ জ্য়াকব ডাফি এবং গ্লেন ফিলিপসের ঝুলিতে যায় একটি করে উইকেট ৷
টস জিতে ওয়েলিংটনে এদিন ক্য়ারিবিয়ানদের প্রথম ব্য়াটিংয়ে ডাকেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম ৷ শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৷ দুই উইকেট হারিয়ে প্রথম সেশনে 92 রান তোলে অতিথি দল ৷ জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং'য়ের জুটিতে ওঠে 66 রান ৷ চতুর্থ উইকেটে শাই হোপ ও রস্টন চেজের জুটিতে 60 রান যোগ হলেও তৃতীয় সেশনে তাসের ঘর ক্য়ারিবিয়ান ব্যাটিং লাইন-আপ ৷ আর বিপক্ষ ব্যাটিং লাইন-আপকে ভাঙার কাজে নেতৃত্ব দেন টিকনার ৷ সর্বাধিক 48 রান আসে হোপের ব্য়াটে ৷ 44 রান করেন ওপেনার ক্যাম্পবেল ৷
The West Indies are all out for 205. Tickner 4/32 | Rae 3/66.
— BLACKCAPS (@BLACKCAPS) December 10, 2025
Full scorecard - https://t.co/k6EYg2p2tB #NZvWIN | 📸 @PhotosportNZ pic.twitter.com/EFt2Ckab8b
টিকনারের পাশে অভিষেক টেস্টে উজ্জ্বল রেই ৷ নিলেন তিন-তিনটি উইকেট ৷ ওপেনার জন ক্য়াম্পবেলের পাশাপাশি তাঁর শিকারের তালিকায় জাস্টিন গ্রিয়াভেস ও কেমার রোচ ৷ কিউয়ি বোলারদের দাপটে তৃতীয় সেশনে এদিন 205 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস ৷ উল্লেখ্য, প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে দুর্ধর্ষ ব্য়াটিং উপহার দিয়ে ম্য়াচ ড্র রেখে ফিরেছিল সফরকারী দল ৷ কিন্তু দ্বিতীয় টেস্টের শুরুতেই ফের ব্য়াটিং-বিপর্যয় তাঁদের ৷
More injury concerns for New Zealand as pacer stretchered off during opening day of second Test against West Indies 👀#WTC27 | #NZvWI
— ICC (@ICC) December 10, 2025
Read more 👇https://t.co/oHiRx0eCSV
জবাবে দিনের শেষে নয় ওভারে বিনা উইকেট নিউজিল্যান্ডের রান 24 ৷ টম ল্যাথাম অপরাজিত সাত রানে ৷ ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন 16 রানে ৷ তবে টিকনারের চোটে সমস্য়া আরও গভীর হল কিউয়ি পেস বিভাগে ৷ ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ম্য়াট হেনরি ও ন্য়াথন স্মিথ চোটের কবলে পড়ায় ডাক পড়েছিল টিকনারের ৷ কিন্তু প্রত্যাবর্তনে মারাত্মক চোট পেলেন তিনিও ৷ উইলিয়াম ও'রুরকে, বেন সিয়ার্সের মত প্রথমসারির পেসাররা চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন সিরিজ থেকে ৷

