পেসার ত্রয়ীর গতিতে খড়কুটো জম্মু-কাশ্মীর, বর্ষশেষে বিরাট জয় বাংলার
টুর্নামেন্টে তৃতীয় জয়ে লিগ টেবলে দু'য়ে উঠে এল অভিমন্যু ঈশ্বরণের বাংলা ৷

Published : December 31, 2025 at 1:02 PM IST
রাজকোট, 31 ডিসেম্বর: বাংলার পেসার ত্রয়ীর দাপটে সস্তায় গুটিয়ে গেল জম্মু-কাশ্মীর ৷ বছরের শেষদিনে প্রতিপক্ষকে মাত্র 63 রানে শেষ করলেন বঙ্গপেসাররা ৷ প্রতিপক্ষের দেওয়া স্বল্প রানের টার্গেট টপকাতে বাংলা নিল মাত্র 9.3 ওভার ৷ অর্থাৎ, 243 বল বাকি থাকতে চলতি বিজয় হাজারে ট্রফির তৃতীয় জয়টি তুলে নিল বাংলা ৷ নয় উইকেটে অনায়াস জয় বিজয় হাজারে ট্রফির পরের পর্বের টিকিট পেতে এগিয়ে দিল অভিমন্যু ঈশ্বরণ ও দলবলকে ৷
বিদায়ী বছরের শেষ দিনটি নিঃসন্দেহে বাংলার পেসারদের ৷ রাজকোটে এদিন টস জিতে জম্মু-কাশ্মীরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলা অধিনায়ক ৷ অফস্পিনার রোহিতে কুমারের অভিষেক হল এই ম্যাচে ৷ কিন্তু হাত ঘোরাতে হল না তাঁকে ৷ মহম্মদ শামি, মুকেশ কুমার এবং আকাশদীপের আগুনে গতিতে জম্মু-কাশ্মীরের ব্যাটিং লাইন-আপ কার্যত তাসের ঘর ৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারাল তাঁরা ৷ গত ম্য়াচে পাঁচ উইকেট নেওয়া মুকেশ কুমার বুধবারও ম্যাচেও দলের বোলিংকে নেতৃত্ব দিলেন ৷
মাত্র ছ'ওভার হাত ঘুরিয়ে 16 রানে চার উইকেট নিলেন তিনি ৷ পুরনো ছন্দে মহম্মদ শামি ৷ নিয়ন্ত্রিত বোলিংয়ে জম্মু-কাশ্মীর ব্যাটারদের বেঁধে রাখলেন এই স্পিডস্টার ৷ ছয় ওভারে 14 রান দিয়ে দুই শিকার তাঁর ঝুলিতে ৷ আকাশদীপ আট ওভারে 32 রানের বিনিময়ে নেন চার উইকেট ৷ 20.4 ওভারে 63 রানে গুটিয়ে যায় জম্মু-কাশ্মীর ৷ বোলারদের তৈরি করা ভিতে ব্যাটাররা সহজেই জয় তুলে নেন ৷
A completely dominant performance by Bengal against Jammu and Kashmir, winning by 9 wickets at Sanosara Cricket Ground ‘A’, Rajkot! 🏏
— CABCricket (@CabCricket) December 31, 2025
Mukesh Kumar was named Player of the Match for his brilliant four-wicket haul, while Akash Deep also took four wickets!🔥#CAB #Bengal pic.twitter.com/QJbOYjksmV
ইনিংস ওপেন করতে নেমে অভিমন্যু ঈশ্বরণ (4) দ্রুত ফিরে যান ৷ কিন্তু অভিষেক পোড়েল গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেন এদিন ৷ 26 বলে তাঁর অপরাজিত 30 রানের ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি 25 রানে অপরাজিত থাকেন ৷ 27 বলে পাঁচটি বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস ৷ দু'জনের 59 রানের অবিভক্ত জুটি সহজ জয় এনে দেয় বাংলাকে ৷
চার ম্যাচের মধ্যে এই নিয়ে তিনটিতে জিতল বাংলা ৷ যার মধ্যে প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয়ের নজির রয়েছে ৷ গত ম্য়াচে বাংলা হারিয়েছিল চণ্ডীগড়কে ৷ লিস্ট-এ কেরিয়ারের প্রথম পাঁচ উইকেটে দলকে জয় এনে দিয়েছিলেন মুকেশ ৷ এদিনও ম্য়াচের সেরা তিনি ৷ সবমিলিয়ে ব্যাটারদের ধারাবাহিকতার পাশাপাশি বোলারদেরও জ্বলে ওঠার ছবি বছরের শেষ দিনে বড় বিজ্ঞাপন বাংলার ক্রিকেটে ৷

