সূরজের গতিতে বেলাইন রেল, রানের পাহাড়ে চড়ে চালকের আসনে বাংলা
দ্বিতীয়দিনের শেষে পাঁচ উইকেট হারানো রেলের চার ব্য়াটারই সূরজের শিকার ৷ বাংলা শিবিরে সাত পয়েন্টের গন্ধ ৷

Published : November 9, 2025 at 8:51 PM IST
সুরাত, 9 নভেম্বর: প্রাথমিক ধাক্কা সরিয়ে রেলওয়েজের বিরুদ্ধে দ্বিতীয়দিনের শেষে চালকের আসনে বাংলা ৷ ত্রিপুরার বিরুদ্ধে নিশ্চিত তিন পয়েন্ট হারানোর গাফিলতি রেলওয়েজের বিরুদ্ধে সুদে-আসলে যেন পূরণ করতে চাইছে তাঁরা ৷ সুরাতে বল হাতে আগুন ঝরাচ্ছেন সূরজ সিন্ধু জয়সওয়াল ৷ তার আগে অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত, রাহল প্রসাদের ব্যাটে রানের পাহাড়ে চড়ে বাংলা ৷ 474 রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস ৷ দ্বিতীয়দিনের শেষে পুরো পয়েন্টের স্বপ্ন দেখা শুরু তাঁদের ৷ কারণ দিনের শেষে রেলওয়েজ পাঁচ উইকেট হারিয়ে 97 ৷
সুরাতের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে 377 রানে ৷ মরশুমের ঘোষিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ভারতীয়-এ দলের হয়ে খেলছেন ৷ তাঁর ডেপুটি অভিষেক পোড়েল ডাক পেয়েছেন রাইজিং স্টার এশিয়া কাপের দলে ৷ এই অবস্থায় সুদীপ ঘরামির কাঁধে নেতৃত্বের ব্য়াটন ৷ তবে শনিবার শুরুতে শূন্য রানে ফেরেন অধিনায়ক ৷ আত্মপ্রকাশ করা আদিত্য পুরোহিত করেন মাত্র ছ'রান ৷ 61 রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাকে টেনে তোলেন অনুষ্টুপ ও শাহবাজ ৷
গত কয়েক বছরে বাংলা ব্য়াটিংয়ের আশা-ভরসার স্থলপাত্র অনুষ্টুপ ৷ যখনই দল সমস্যায় পড়েছে চওড়া হয়েছে তাঁর ব্যাট ৷ অন্যদিকে শাহবাজ তো বাংলা দলের গেমচেঞ্জার, তা সে ব্য়াটে হোক কিংবা বলে ৷ তাই রেলওয়েজের বিরুদ্ধে বাংলা যখন সমস্যায়, তখন ইনিংস মেরামত করলেন অনুষ্টুপ-শাহবাজ ৷ তাঁদের জুটিতে ওঠে 134 রান। 106 বলে 86 রানের ইনিংস খেলে আউট হন শাহবাজ ৷ প্রথমদিনের শেষে পাঁচ উইকেটে 273 রান করে স্বস্তিজনক জায়গায় ছিল বাংলা ৷ 103 রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ ৷ শাহবাজ যেখানে শেষ করেন সুমন্ত গুপ্ত সেখান থেকেই অনুষ্টুপের সঙ্গে হাল ধরেন ৷
দ্বিতীয়দিনে সেঞ্চুরি পূর্ণ করে 120 রান করেন সুমন্ত গুপ্ত ৷ অন্যদিকে অনুষ্টুপ আউট হন 135 রানে ৷ এরপর বিশাল ভাট্টির 36 ও রাহুল প্রসাদের 40 রানের সুবাদে রানের পাহাড়ে পৌঁছে যায় বাংলা ৷ জবাবে লাইনচ্যুত রেল ৷ সৌজন্যে সূরজ সিন্ধু জয়সওয়াল ৷ চমকে দেওয়ার মতো গতি নেই ৷ কিন্তু নির্দিষ্ট লেংথে অভ্রান্তভাবে বল করে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর ৷ গতবছর বাংলা দলের সর্বোচ্চ 29টি শিকার ছিল তাঁর ঝুলিতে ৷ এবছর শামি-আকাশদীপের আড়ালে থেকেও প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠছেন। রেলওয়েজের ব্যাটিংয়ের প্রথম ওভারের দ্বিতীয় বলে সূরজ ফেরান জুবের আলিকে। এরপর ডান হাতি বঙ্গপেসারের ঝুলিতে যায় আরও তিন উইকেট ৷ ফলস্বরূপ রেলওয়েজ একসময় 16 রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল ৷
Stumps Day 2: Railways - 97/5 in 37.6 overs (B H Merai 37 off 82, Upendra Yadav 20 off 48) #RLWvBEN #RanjiTrophy #Elite
— BCCI Domestic (@BCCIdomestic) November 9, 2025
সেখান থেকে ভার্গব মেরাই অপরাজিত 37 রান করে ঘুরে দাঁড়াতে সাহায্য করছেন ৷ 19 রানে সূরজ আহুজাকে ফেরান শাহবাজ ৷ দ্বিতীয়দিনের শেষে রেলওয়েজ পাঁচ উইকেটে 97 ৷ সূরজের ঝুলিতে 17 রানে চার উইকেট ৷ সূরজ সিন্ধুরা যদি বোলিং পারফরম্যান্স ধরে রাখতে পারেন সেক্ষেত্রে পুরো পয়েন্ট পেতে সমস্যা না-হওয়ারই কথা ৷ বাংলা যদি ফলো-অন করিয়ে জিততে পারে, তাহলে তো সাত পয়েন্ট আসবে ঘরে ৷ তাছাড়া 10 উইকেটে জিতলেও সেই সুযোগ থাকছে। দ্বিতীয় দিনের শেষে যা পরিস্থিতি, তাতে ত্রিপুরার বিরুদ্ধে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়ার আক্ষেপ মিটতে পারে বোলারদের দাপটে ৷

