অবসর ভাঙার সম্ভাবনা উড়িয়ে ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ স্টোকসের
গত জুন মাসে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস ৷

Published : August 4, 2026 at 6:50 PM IST
লন্ডন, 4 অগস্ট: আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর আচমকা অবসর দলের ভবিষ্যতের কথা চিন্তা করেই ৷ জানালেন বেন স্টোকস ৷ পাশাপাশি অদূর ভবিষ্যতে বিশেষ করে 2027 অ্য়াশেজের আগে অবসর ভেঙে বাইশ গজে ফেরার কোনও সম্ভাবনাই নেই ৷ জানিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক ৷ তবে ভবিষ্যতে জাতীয় দলকে যে প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছে তাঁর রয়েছে, তা স্পষ্ট করলেন স্টোকস ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভরাডুবির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় জানিয়েছেন স্টোকস ৷ যবনিকা টেনেছেন ব্য়াট এবং বল হাতে এক ঈর্ষনীয় কেরিয়ারে ৷ উল্লেখ্য, ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝে লন্ডনের পানশালায় বচসার ঘটনায় দ্বিতীয় টেস্টে সাসপেনশনের খাঁড়াও নেমে এসেছিল স্টোকসের উপর ৷ এরপর অবশ্য তৃতীয় টেস্ট খেলে অবসর ঘোষণা করেন তিনি ৷ তবে ক্রিকেটার হিসেবে অবসর নিলেও যে ক্রিকেটের সঙ্গে আগামীতে জুড়ে থাকতে চান, তা নিশ্চিত করলেন প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার ৷
একদা সতীর্থ স্টুয়ার্ট ব্রড ও জস বাটলারের একটি পডকাস্টে 2019 ইংল্যান্ডের বিশ্বজয়ের নায়ক বলেন, "আমি জানি যে কোচ হিসেবে ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকা সম্ভব ৷ আমি এই মুহূর্তে খেলার পাশাপাশি তৃতীয় স্তরের কোচিং ডিগ্রি অর্জন করছি ৷ কেউ যদি প্রশ্ন করে কখনও ইংল্য়ান্ডের কোচ হতে চাই কি না, তাহলে বলব, নিশ্চয় ৷ না-খেললেও যাতে কোনওভাবে দলকে নেতৃত্ব দিতে পারি, এমন পরিকল্পনা মাথায় রয়েছে ৷"
🚨WANT TO BE COACH OF ENGLAND CRICKET TEAM - BEN STOKES🤯
— Akshat (@Cricketmythos) August 4, 2026
Ben Stokes said :🗣️
"I want to be a coach. I know what I want to do interms of staying within the game which is to be a coach and would I love to be coach of England cricket team one day. I would love to be able to do… pic.twitter.com/WwDpO7UK03
অবসর গ্রহণ করলেও স্টোকস যদি কখনও তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে চান, তাহলে তাঁর জন্য দরজা সবসময় খোলা রয়েছে ৷ সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি ৷ কিন্তু তেমন সম্ভাবনায় জল ঢাললেন স্টোকস ৷ 7,273 রান এবং 252 টেস্ট উইকেটের মালিকের কথায়, "আমি কখনও আর জাতীয় দলে ফেরার কথা ভাবব না ৷ কারণ আমার বয়স এখন 35 ৷ আমায় যদি আর অধিনায়ক হিসেবে ভাবা না-হয় তাহলে বিষয়টা আমার পক্ষে কঠিন হবে ৷ কারণ কেরিয়ারের অনেকটা সময় অধিনায়ক হিসেবে আমি উজাড় করে দিয়েছি ৷ তাই ইংল্যান্ডের হয়ে খেললে অধিনায়ক হিসেবেই খেলব ৷"
তবে অবসরগ্রহণের পর যে তিনি সুখেই রয়েছেন এবং ইংল্যান্ডের হয়ে ফের মাঠে নামার কথা ভাবছেন না, সেটা শেষবেলায় নিশ্চিত করেছেন স্টোকস ৷ একইসঙ্গে হ্যারি ব্রুকের বদলে জো রুট'কে পুনরায় টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্তে খানিকটা বিস্মিত তিনি ৷ তবে নয়া কোচ স্টিফেন ফ্লেমিং'য়ের সঙ্গে জো রুটের সমীকরণ সফল হবে বলেই আশা প্রকাশ করেছেন 'দ্য ম্য়ান উইথ গোল্ডেন আর্ম' ৷

