ETV Bharat / sports

বাংলাদেশে অশান্তি, বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর

রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের আঁচ এসে পড়ল আইপিএলে ৷ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই জানিয়ে দিল মুস্তাফিজুরকে দলে রাখা যাবে না ৷

CRI
মুস্তাফিজুরকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসআইয়ের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : January 3, 2026 at 12:31 PM IST

3 Min Read
Choose ETV Bharat

গুয়াহাটি, 3 জানুয়ারি: আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল কেকেআর ৷ অকশনে 9 কোটি 20 লক্ষ টাকায় কেনা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রাখতে পারবে না কলকাতা ৷ বিসিসিআইয়ের তরফে শনিবার জানিয়ে দেওয়া তাঁকে দল থেকে বাদ দিতে হবে ৷

পরিবর্ত হিসেবে কাকে নিতে চায়, সে কথাও জানিয়ে দিতে হবে শাহরুখের দলকে ৷ দেশে ক্রিকেটের নিয়ামক সংস্থার সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, বাংলাদেশে সম্প্রতি একের পর এক অশান্তির ঘটনা ঘটছে ৷ এমন আবহে বিসিসিআইয়ের উপর চাপ বাড়ছিল ৷ আর তার জেরেই এমন সিদ্ধান্ত ৷

সমস্ত প্রক্রিয়া মেনে বোর্ডের নির্দেশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে কেকেআর ৷ তাদের তরফে এক প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে বিসিসিআইয়ের প্রস্তাব মেনে তারা যে বিকল্প ক্রিকেটার চেয়ে আবেদন করবে সেই ইঙ্গিতও দিয়েছে নাইট ব্রিগেড ৷

গত মরশুম শুরুর আগে মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার মাশুল গোনা কেকেআর এবারের নিলামে দিল্লি ও চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে মুস্তাফিজুরকে দলে নেয় ৷ তিনটি দল তাঁকে কেনায় আগ্রহ দেখানোয় 2 কোটি টাকা বেস প্রাইজ থেকে বাংলাদেশের এই জোরে বোলারের দাম আকাশ ছোঁয়ে ৷ তবে এত করেও শেষরক্ষা হল না কলকাতার ৷ সইকিয়া জানিয়েছেন, বিসিসিআইয়ের তরফে কলকাতাকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা চাইলে মুস্তাফিজুরের বদলে অন্য কাউকে দলে নেওয়ার জন্য আবেদন করতে পারে ৷ সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা করবে বোর্ড ৷

2026 সালের আইপিএলের জন্য গত মাসে সংযুক্ত আরব আমীরশাহিতে বসেছিল মিনি নিলামের আসর ৷ তার আগে ভেঙ্কটেশ আইয়ার-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় হাতে মোটা টাকা নিয়ে নিলামে নামতে পেরেছিল কেকেআর ৷ 64 কোটির পুঁজি নিয়ে শুরু করে কেকেআর 25.20 কোটিতে কিনেছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ৷ এরপর বোলিং বিভাগকে শক্তিশালী করতে মুস্তাফিজুরকে নিয়ে আগ্রহী হয় টিম কলকাতা ৷ শেষমেশ তাঁকে দলে নিয়ে সেদিন চওড়া হাসি নিয়েই নিলাম-পর্ব শেষ করেছিল কেকেআর থিঙ্কট্য়াঙ্ক ৷

CRI
9 কোটি 20 লক্ষ টাকায় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর (ছবি: পিটিআই)

তবে সেই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ 12 ডিসেম্বর ঢাকার রাস্তায় আক্রান্ত হন 2024 সালে হওয়া শেখ হাসিনা বিরোধী গণআন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি ৷ প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজে তারপর সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করেও প্রাণে বাঁচানো যায়নি হাদিকে ৷ 18 তারিখ রাতে দেশের নাগরিকদের এ খবর জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ এরপরই বাংলাদেশজুড়ে শুরু হয় হিন্দুদের উপর আক্রমণ ৷

ময়মনসিংহের বাসিন্দা দীপুচন্দ্র দাস থেকে শুরু করে একে একে তিন জন ধর্মীয় সংখ্যালঘুর প্রাণ যায় ৷ এই ঘটনা ঘিরে প্রতিবাদে সরব হয় ভারতের একাধিক হিন্দু সংগঠন ৷ সেই তখন থেকেই চাপ বাড়ছিল কেকেআরে উপর ৷ গেরুয়া শিবিরের একাধিক নেতা থেকে শুরু করে অনেকেই সরাসরি নিশানা করছিলেন শাহরুখকে ৷ এবার শেষমেশ মুস্তাফিজুরকে ছাড়াই দল সাজাতে হবে কেকেআরকে ৷