ETV Bharat / sports

আইপিএলে মুস্তাফিজুর বিতর্কের রেশ, ভারতে বিশ্বকাপ খেলতে বেঁকে বসল বাংলাদেশ

বোর্ডের নির্দেশমতো শনিবার 9.20 কোটি টাকায় নেওয়া মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলেছে কেকেআর ৷

MUSTAFIZUR RAHMAN
মুস্তাফিজুর রহমান (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 4, 2026 at 1:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 জানুয়ারি: বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেঁটে ফেলার জন্য় ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে যে নির্দেশ দিয়েছে, তা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতিস্বীকার ৷ এরপর বাংলাদেশ সরকার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার বিষয়টি কোনওভাবেই নিরাপদ মনে করছে না ৷ এই মর্মে ভারত থেকে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্য়াচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার আর্জি আইসিসি'কে জানাতে চলেছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ বলা ভালো ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের নির্দেশমতো বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে এহেন দরবার করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাটিতে হিন্দুদের উপর আক্রমণের মতো যে সকল ঘটনা ঘটেছে, তাতে ভারতের সঙ্গে পড়শি দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে ৷ এমতাবস্থায় গত মাসে আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করায় অনুরাগীমহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল ৷ এরপর সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিসিসিআই'য়ের তরফে নাইট রাইডার্স কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট বাংলাদেশ পেসারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ আসে ৷ বোর্ডের নির্দেশমতো শনিবার 9.20 কোটি টাকায় নেওয়া মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলার কথা ঘোষণাও করে দেয় শাহরুখ খান মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷

ঘটনায় পরিপ্রেক্ষিতে এবার ভারতে বিশ্বকাপের ম্য়াচ খেলতে বেঁকে বসল পদ্মাপাড়ের দেশ ৷ সূচি অনুযায়ী কলকাতায় তিনটি ও মুম্বইয়ে একটি, বিশ্বকাপের মোট চারটি লিগ ম্যাচ বাংলাদেশের খেলার কথা ভারতের মাটিতে ৷ কিন্তু সেই ম্যাচগুলি বাংলাদেশের খেলার ব্য়াপারে উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন ৷ এ ব্যাপারে বাংলাদেশ ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল সোশাল মিডিয়ায় লিখেছেন, "ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে ৷ বোর্ড যেন জানিয়ে দেয়, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না ৷ বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি ৷"

এখানেই শেষ নয় ৷ মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না-দেওয়া বাংলাদেশে কোটিপতি লিগের সম্প্রচার বন্ধের তৎপরতাও শুরু হয়েছে ৷ ডঃ আসিফ নজরুল সোশাল মিডিয়া পোস্টে এও জানিয়েছেন যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টাকে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে সেদেশে আইপিএল সম্প্রচার না-করা হয় ৷ এদিকে নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ পড়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে প্রথম প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজুর রহমান ৷ বাংলাদেশ পেসার বলেন, "এ ব্য়াপারে আমার বিশেষ কিছুই করার নেই ৷"

আরও পড়ুন: