ETV Bharat / sports

খেলতে হবে ভারতেই, তবে বিশ্বকাপ অংশগ্রহণে বাংলাদেশকে নিরাপত্তা প্রতিশ্রুতি আইসিসি'র

বিশ্বকাপ অংশগ্রহণে বাংলাদেশের যাতে কোনও বিঘ্ন না-ঘটে সেব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটের গভর্নিং বডি ৷

LITTON DAS
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : January 7, 2026 at 3:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 জানুয়ারি: মুস্তাফিজুর-কাণ্ডের পর নিরাপত্তার কারণে ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপের (টি-20) ম্য়াচ খেলতে অস্বাকীর করেছিল বাংলাদেশ ৷ তাঁদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক, এই মর্মে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির কাছে আবেদনও করেছিল সেদেশের ক্রিকেট বোর্ড ৷ বিসিবি'র সেই আবেদনের প্রত্যুত্তর দিল আইসিসি ৷ যেখানে ভেন্যু পরিবর্তনের ডাকে সাড়া না-দিলেও ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবি'র সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ আইসিসি ৷

আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিসি যে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতি প্রদান করেছে, তা একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ৷ বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেটের গভর্নিং বডি লিখেছে, "ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার প্রত্যুত্তর দিয়েছে ৷ একইসঙ্গে ম্য়াচের ভেন্যু বদলের অনুরোধেরও উত্তর দিয়েছে তাঁরা ৷"

বিসিবি লিখেছে, "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযাগ করে আইসিসি সংশ্লিষ্ট টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের ক্ষেত্রে যাতে কোনওরকম বিঘ্ন না-ঘটে সেব্য়াপারেও প্রতিশ্রুতি দিয়েছে ৷ নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশও করা হয়েছে আইসিসি'র তরফে ৷"

বেশ কিছু রিপোর্টে প্রকাশিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে যাওয়া অনুরোধ পত্রপাঠ খারিজ করেছে আইসিসি ৷ এমনকী বাংলাদেশকে ভারতের মাটিতে অংশগ্রহণের ক্ষেত্রে চরম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ক্রিকেটের গভর্নিং বডির তরফে ৷ কিন্তু সেই সমস্ত রিপোর্টের যে কোনও সত্য়তা নেই, তা স্পষ্ট করেছে বিসিবি ৷ তাঁরা বিবৃতিতে লিখেছে, "এই সমস্ত রিপোর্ট ভিত্তিহীন ৷" সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা-আক্রমণের ঘটনায় ভারতের সঙ্গে পড়শি দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে আরও ৷ এমতাবস্থায় 9.20 কোটিতে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল বিভিন্ন মহলে ৷

শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে গত শনিবার মুস্তাফিজুরকে ছেঁটে ফেলে শাহরুখের দল ৷ ঘটনার কড়া নিন্দা জানিয়ে পরবর্তীতে নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে ভারতে বিশ্বকাপ খেলতে বেঁকে বসে বাংলাদেশ ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বইয়ের ওয়াংখেড়েতে গ্রুপ লিগের একটি ম্য়াচ খেলার কথা লিটন দাস নেতৃত্বাধীন দলের ৷

আরও পড়ুন: