ETV Bharat / sports

স্টুটগার্ট'কে পাঁচ গোল দিয়ে বুন্দেসলিগা অভিযান শুরু চ্যাম্পিয়ন বায়ার্নের

গত মরশুমে ক্লাব ফুটবলে জার্মানির বর্ষসেরার সম্মান পেলেও বুন্দেসলিগার প্রথম ম্য়াচে গোল পেলেন না হ্যারি কেন ৷

MICHAEL OLISE
গোলের পর ওলিসে (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : August 29, 2026 at 1:18 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মিউনিখ, 29 অগস্ট: বড় জয় দিয়েই বুন্দেসলিগায় খেতাব জয়ের হ্যাটট্রিক অভিযান শুরু করল বায়ার্ন মিউনিখ ৷ শুক্রবার ঘরের মাঠে স্টুটগার্ট'কে পাঁচ গোল দিল 'বাভারিয়ান্স' ৷ ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের পক্ষে ম্য়াচের ফল 5-1 ৷

বায়ার্নের হয়ে গোল করলেন দায়োত উপামেকানো, মাইকেল ওলিসে, আলেক্সান্ডার পাভলোভিচ এবং লুইস দিয়াজ ৷ আরেকটি গোল আত্মঘাতী ৷ হ্য়ারি কেন, লুইস দিয়াজ, মাইকেল ওলিসে সমৃদ্ধ বায়ার্নের আক্রমণভাগ যে প্রতিপক্ষের কাছে চলতি মরশুমে আতঙ্কের কারণ, মরশুমের প্রথম ম্য়াচেই সেটা হাড়ে-হাড়ে বুঝিয়ে দিল বায়ার্ন ৷ এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে খুবই স্বল্প সময়ের জন্য ম্য়াচে সমতা ফিরিয়েছিল স্টুটগার্ট ৷ ঠিক তারপরেই হোম টিমের আক্রমণে ফালা-ফালা হয়ে যায় সফরকারী দলের রক্ষণ ৷ বায়ার্নের পাঁচ গোলের চারটিই আসে দ্বিতীয়ার্ধে ৷

21 মিনিটে বায়ার্ন'কে এদিন প্রথম গোলটি এনে দেন উপামেকানো ৷ জোশুয়া কিমিচের কর্নার থেকে হেডে 1-0 করেন ফরাসি ডিফেন্ডার ৷ প্রথমার্ধে বায়ার্নের গোলের ব্যবধান আরও বাড়ত যদি স্টুটগার্ট গোলরক্ষক তৎপর না-থাকতেন ৷ কেনের বাড়ানো থ্রু বল ধরে লুইস দিয়াজ গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু দুরন্ত সেভ করে স্টুটগার্ট'কে ম্যাচে রাখেন গোলরক্ষক ফ্যাবিয়ান ব্রেডলো ৷

বিরতির পরেই সমতায় ফেরে অ্যাওয়ে দলটি ৷ বামপ্রান্তিক ভেসে আসা ক্রস থেকে জেফ শ্যাবটের হেড বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের সেভ করেন ৷ ফিরতি বলে জোশা ভাগনোম্য়ানের দুর্ধর্ষ ভলি জালে জড়িয়ে যায় ৷ তবে গোল খেয়ে তেড়েফুঁড়ে ওঠে বায়ার্ন ৷ তিন মিনিটের মধ্যে ফের গোল তাদের ৷ কিমিচেরই বাড়ানো বল ধরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড ফিরিয়ে দেন ওলিসে ৷

সেই গোলের রেশ কাটতে না-কাটতেই ব্যবধান বাড়িয়ে নেয় বায়ার্ন ৷ স্টুর্টগার্টের একমাত্র স্কোরার এক্ষেত্রে আত্মঘাতী গোল করে দলের বিপদ তৈরি করেন ৷ আলফোন্সো ডেভিয়েসের নিরীহ একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়িয়ে দেন ভাগনোম্য়ান ৷ এরপর 82 মিনিটে পাভলোভিচ'কে গোলের বলটি সাজিয়ে দেন পরিবর্ত ইসমাইল সাইবারি ৷ মাঝমাঠ থেকে ওলিসের বাড়ানো বল ধরে গোলের সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন বিশ্বকাপে নজরকাড়া মরক্কো ফুটবলারটি ৷ এরপর নিঃস্বার্থ ফুটবলের নমুনা রাখেন তিনি ৷ বিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল সাজিয়ে দেন সতীর্থ পাভলোভিচ'কে ৷

ফাঁকা গোল বল ঠেলতে ভুল করেননি জার্মান মিডফিল্ডার ৷ এরপর সংযুক্তি সময়ে সেই সাইবারি'র বাড়ানো থ্রু ধরেই দলের পঞ্চম তথা শেষ গোলটি করে যান দিয়াজ ৷ পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ হয় বায়ার্নের ৷ আগামী 5 সেপ্টেম্বর বুন্দেসলিগার দ্বিতীয় ম্য়াচে শালকে'র মুখোমুখি হবে তারা ৷

আরও পড়ুন: