ETV Bharat / sports

রাফিনহার জোড়া, পাঁচ গোলে জিতে সুপার কাপ ফাইনালে বার্সা

সুপার কাপ সেমিফাইনাল জিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ন'টি ম্যাচে জয় পেল কাতালান ক্লাব ৷

SPANISH SUPER CUP
সুপার কাপ ফাইনালে বার্সা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : January 8, 2026 at 12:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জেড্ডাহ (সৌদি আরব), 8 জানুয়ারি: চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তুলনায় পরিষ্কার চার পয়েন্টের ব্যবধান বাড়িয়ে লা লিগায় আপাতত শীর্ষে তাঁরা ৷ সেখানে শেষ ন'টি ম্যাচ টানা জয় এসেছে তাঁদের ৷ লা লিগার সাফল্যকে সঙ্গী করে এবার সুপার কাপের ফাইনালেও চলে গেল বার্সেলোনা ৷ সৌদি আরবের জেড্ডাহয় বুধবার অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলে হারাল তাঁরা ৷

উল্লেখযোগ্যভাবে এদিন সুপার কাপের সেমিফাইনাল জিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ন'টি ম্যাচ জয়ের রেকর্ড করল হান্সি ফ্লিকের ছেলেরা ৷ গতবছর 26 নভেম্বর চ্য়াম্পিয়ন্স লিগের ম্য়াচে শেষবার চেলসির কাছে হেরেছিল কাতালান ক্লাবটি ৷ এদিন জোড়া গোলে বার্সার নায়ক রাফিনহা ৷ একটি করে গোল করলেন ফেরান তোরেস, ফারমিন লোপেজ, রুনি বার্দঘি ৷ এদের মধ্যে দ্বিতীয়জনের থেকে এল জোড়া অ্যাসিস্টও ৷

মরুশহরে এদিন শুরু থেকেই ম্যাচের রাশ তুলে নেয় বার্সেলোনা ৷ একাধিপত্য নিয়ে প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে যায় তাঁরা ৷ যদিও প্রথম গোলের জন্য 22 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁদের ৷ রুনি বার্দঘির বাড়ানো বল গোলের সামনে দক্ষতার সঙ্গে ট্র্যাপ করে তা জালে রাখেন তোরেস ৷ আট মিনিট বাদে 2-0 করেন লোপেজ ৷

30 মিনিটে রাফিনহার মাইনাস ধরে চলতি শটে বল জালে রাখেন স্প্যানিশ তারকা লোপেজই ৷ পরবর্তীতে আট মিনিটে আরও দু'গোল জয় নিশ্চিত করে দেয় বার্সেলোনার ৷ 34 মিনিটে লোপেজের বাড়ানো বল ধরে বক্সের মধ্যে কার্যত একক দক্ষতায় 3-0 করেন সুইডিশ ফুটবলার বার্দঘি ৷ 38 মিনিটে বাঁ-পায়ের দুরন্ত শটে 4-0 করেন রাফিনহা ৷

বিরতির পর 52 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করেন ব্রাজিলিয়ান ৷ বৃহস্পতিবার সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মাদ্রিদ ডার্বি ৷ অ্যাতলেতিকো মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের ৷ অর্থাৎ সেই ম্য়াচের বিজয়ীর সঙ্গে আগামী রবিবার ফাইনাল খেলবে বার্সা ৷ গত মরশুমে রিয়ালকে হারিয়েই 15 বারের জন্য সুপার কাপ খেতাব ঘরে তুলেছিল কাতালান ক্লাবটি ৷

আরও পড়ুন: