ETV Bharat / sports

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল সম্প্রচার, ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের

গতকাল বিশ্বকাপ খেলতে ভারতে দল না-পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

IPL TELECAST BANNED IN BANGLADESH
মুস্তাফিজুরকে ছেঁটে ফেলেছে কেকেআর (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : January 5, 2026 at 3:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 জানুয়ারি: আইসিসি'র কাছে বিশ্বকাপের ভেন্যু বদলের দরবার করে ভারতে খেলতে না-আসার সিদ্ধান্তে রবিবার সিলমোহর দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ এবার দেশে আইপিএলের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমনাকে কোটিপতি লিগ থেকে ছেঁটে ফেলার নির্দেশ দেওয়াতেই এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের ৷ অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 26 মার্চ (সম্ভবত) থেকে শুরু হতে চলা 2026 আইপিএলের সরাসরি সম্প্রচার টেলিভিশনে দেখা যাবে না পদ্মাপাড়ের দেশে ৷

এ বিষয়ে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ টিভি-2 শাখা নির্দেশিকায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সেদেশে আইপিএলের সকল ম্য়াচ এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্দেশিকায় লেখা হয়েছে, "ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ, 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনও যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে ৷"

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে ৷ তারপরেও কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটিরও বেশি দামে নিলামে দলে নেওয়ায় বিভিন্নমহলে সমালোচনা শুরু হয় ৷ এরপর গত শনিবার বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশ পেসারকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ৷

এই ঘটনার পর শনিবার রাতেই তড়িঘড়ি বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আধিকারিকেরা ৷ ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টার তরফে বিসিবি'র কাছে নির্দেশ যায় ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচ না-খেলার বিষয়ে ৷ রবিবার ফের বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে, সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত কারণে তাঁরা বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে না ৷ এই মর্মে তাঁরা গ্রুপ পর্বে তাঁদের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার অনুরোধ করেছে আইসিসি'র কাছে ৷

আরও পড়ুন: