স্কোয়াড ঘোষণা হলেও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না দল, সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
বিশ্বকাপের জন্য রবিবার 15 সদস্যের দলঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

Published : January 4, 2026 at 5:01 PM IST
হায়দরাবাদ, 4 জানুয়ারি: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে শনিবার মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ তারপর থেকেই আগামী মাসে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে বেঁকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট ৷ ভারত থেকে বাংলাদেশের ম্য়াচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক ৷ ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের নির্দেশে আইসিসি'র কাছে এমনই দরবার করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ রবিবার ভারতে বিশ্বকাপ খেলতে না-যাওয়ার ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিল পড়শি দেশের ক্রিকেট বোর্ড ৷
বাংলাদেশে ক্রিকেট বোর্ড রবিবারের এক বৈঠকে এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷ সোশাল মিডিয়ায় সে কথা ঘোষণা করে দেশের ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল ৷ ফেসবুক পোস্টে তিনি লেখেন, "বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই ৷"
পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফেও ভারতে বিশ্বকাপ খেলতে না-যাওয়ার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ৷ সেখানে বিসিবি জানিয়েছে সরকারের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত তাঁদের ৷ একইসঙ্গে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, ভারতের বাইরে তাঁদের ম্য়াচগুলি সরানোর ব্য়াপারে আইসিসি'কে তাঁরা আবেদন করেছে ইতিমধ্যেই ৷

সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ৷ অর্থাৎ, চারটি লিগ ম্য়াচের সবক'টিই ভারতের মাটিতে খেলার কথা পদ্মাপাড়ের দেশের ৷ কিন্তু আইসিসি যদি অনুরোধ মানতে রাজি না-হয় তাহলে রবিবার সেদেশের ক্রিকেট বোর্ডের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে চলেছে বলে ধরে নেওয়া যায় ৷
যদিও নিয়ম মেনে রবিবার বিশ্বকাপের জন্য 15 সদস্যের দলঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ আগামী মাসে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ভারতের প্রতিবেশী দেশকে নেতৃত্ব দিতে চলেছেন স্টাম্পার-ব্য়াটার লিটন দাসই ৷ সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে না-থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে প্রত্য়াবর্তন করলেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ৷ আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷
The Bangladesh Cricket Board (BCB) has announced the national squad for the ICC Men’s T20 World Cup 2026, to be jointly hosted by India and Sri Lanka from 7 February to 8 March.
— Bangladesh Cricket (@BCBtigers) January 4, 2026
SQUAD
Litton Kumer Das (Captain), Mohammed Saif Hassan (Vice Captain), Tanzid Hasan, Mohammad Parvez… pic.twitter.com/A9o7EtB99v
বিশ্বকাপে গ্রুপ-সি'তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ ৷ আগামী 7, 9 ও 14 ফেব্রুয়ারি কলকাতায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ৷ 17 ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্য়াচ নেপালের বিরুদ্ধে মুম্বইয়ে খেলবে তাঁরা ৷
- বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), মহম্মদ সইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, মহম্মদ পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, কাজী নরুল হাসান সোহন, মেহদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম শাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ শইফুদ্দিন ও শরিফুল ইসলাম ৷

