মাসুদকে সরিয়ে পাকিস্তান টেস্ট দলে ফের শুরু বাবর-জমানা
পৌনে তিন বছর বাদে কুলীন ফরম্য়াটে দেশের অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলে নিলেন ন'টি টেস্ট সেঞ্চুরির মালিক ৷

Published : July 5, 2026 at 3:53 PM IST
লাহোর, 5 জুলাই: ব্য়াট হাতে খারাপ ফর্মের কারণে বছর তিনেক আগে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরেছিলেন তিনি ৷ পরিবর্তে পাঁচদিনের ক্রিকেটে পাকিস্তানের নয়া দলনায়ক হয়েছিলেন শান মাসুদ ৷ রবিবার মাসুদকে সরিয়ে পুনরায় টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম ৷
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্য়ান্ড সফরের জন্য এদিন তারকা ব্য়াটারকে নেতৃত্বের গুরুদায়িত্ব ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ একইসঙ্গে দু'টি সফরের জন্য 16 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি ৷
2023 সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর গত পৌনে তিন বছরে 16টি টেস্ট ম্য়াচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মাসুদ ৷ কিন্তু তাঁর নেতৃত্বে পাকিস্তানের অবস্থা তথৈবচ ৷ 16টি'র মধ্যে 12টি ম্য়াচেই হারতে হয়েছে দলকে ৷ সর্বশেষ বাংলাদেশ সফরে গিয়ে 0-2 চুনকাম হয়ে দেশে ফেরার পর পাকিস্তানে অধিনায়ক বদলের হাওয়া জোরালো হয়েছিল ৷ বাংলাদেশ সফর ছাড়াও মাসুদের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতেও হোয়াইট-ওয়াশ হয়েছে পাকিস্তান ৷
বাবরের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ছাড়াও ক্যারিবিয়ান সফর ও ইংল্য়ান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াডে চার আনক্যাপড ক্রিকেটারকে ডেকে নিয়েছে পিসিবি ৷ এদের মধ্যে রয়েছেন বাঁ-হাতি স্পিনার আলি উসমান, পেসার উবেইদ শাহ, স্টাম্পার-ব্য়াটার মহম্মদ গাজি ঘোরি এবং ব্যাটার মহম্মদ আওয়েইস জাফর ৷ পরবর্তী ইংল্য়ান্ড সফরের জন্য স্কোয়াডের 17তম সদস্য হিসেবে সাউদ শাকিল'কে রেখেছে ৷ স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নির্ভর করছে ফিটনেসের উপর ৷
BREAKING NEWS: Babar Azam is back as Pakistan's Test captain pic.twitter.com/cCM6OL06bK
— Cricinfo (@cricinfo) July 5, 2026
চলতি মাসের শেষে ক্য়ারিবিয়ান সফরে গিয়ে জোড়া টেস্ট ম্য়াচ খেলবে বাবর আজম অ্যান্ড কোম্পানি ৷ 25-29 জুলাই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটি হবে তারৌবায় ৷ 2-6 অগস্ট দ্বিতীয় টেস্ট ম্য়াচটি অনুষ্ঠিত হবে পোর্ট অব স্পেনে ৷ এরপর অগস্টে ইংল্য়ান্ড সফরে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ৷ লিডস, লর্ডস এবং বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে ম্য়াচগুলি ৷
- একনজরে পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আজান আওয়েইস, ইমাম উল-হক, আলি উসমান, খুররাম শেহজাদ, মহম্মদ আব্বাস, মহম্মদ আলি, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ আওয়েইস জাফর, মহম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাজিদ খান, সলমন আলি আঘা, শান মাসুদ ও উবেইদ শাহ ৷ (সাউদ শাকিল'কে 17তম সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে ইংল্য়ান্ড সফরে)

