ETV Bharat / sports

চোটের কবলে অধিনায়িকা, বিশ্বচ্য়াম্পিয়ন হওয়ার পর প্রথম ওয়ান-ডে'তে কদর্য হার ভারতের

ব্য়াটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়া হরমনপ্রীত আর ফিল্ডিংয়ে নামতে পারেননি এদিন ৷

IND W vs AUS W
মারমুখী বেথ মুনি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : February 24, 2026 at 5:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ব্রিসবেন, 24 ফেব্রুয়ারি: প্রথম বিশ্বচ্য়াম্পিয়নের স্বাদ পাওয়ার সাড়ে তিন মাস পর প্রথম ওয়ান-ডে ম্য়াচ খেলল ভারত ৷ তবে শীঘ্রই সেই ম্য়াচের কথা ভুলতে চাইবে দেশের মহিলা ক্রিকেট দল ৷ কারণ অজিভূমে মঙ্গলবার তিন ম্যাচের ওডিআই সিরিজ বিশ্রী হার দিয়ে শুরু করল 'উইমেন ইন ব্লু' ৷ বেথ মুনি এবং অধিনায়ক আলিসা হিলির ব্য়াটে ভারতকে ছয় উইকেটে হারাল ক্যাঙারু শিবির ৷ সঙ্গে উদ্বেগ বাড়াল অধিনায়িকা হরমনপ্রীত কৌরের চোট ৷

10 বছর বাদে অস্ট্রেলিয়াকে টি-20 সিরিজে হারানোর আত্মবিসশ্বাস সঙ্গী করে এদিন ওয়ান-ডে সিরিজে অভিযান শুরু করেছিল ভারত ৷ টস জিতে ব্রিসবেনে এদিন প্রথম ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন হরমন ৷ তবে মেগান স্কাট, অ্যাশলে গার্ডনারদের বিরুদ্ধে 52 রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল ৷ প্রত্যাবর্তনে রান না-করেই ফেরেন ওপেনার প্রতীকা রাওয়াল ৷ তিনে নেমে শেফালি বর্মা আউট হন চার রানে ৷ বিশ্বকাপ সেমিতে অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো জেমিমা রড্রিগেজ এদিন ফেরেন আট রান করে ৷

এরপর চতুর্থ উইকেটে অধিনায়িকা হরমনপ্রীতের সঙ্গে সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধনার 48 রানের জুটিতে হালে পানি পায় ভারতীয় দল ৷ হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি ৷ তবে লম্বা হয়নি বাঁ-হাতি ওপেনারের ইনিংস ৷ সাতটি বাউন্ডারির সাহায্যে 68 বলে 58 রান করে সাজঘরে ফেরেন তিনি ৷ এরপর দলকে টানেন হরমন ৷ 84 বলে 53 রানের অ্যাঙ্কর ইনিংস খেলে আউট হন তিনি ৷ মারেন তিনটি চার ৷ অবশ্য তার আগে স্কাটের ডেলিভারিতে হাঁটুতে চোট পান ভারত অধিনায়িকা ৷

যার ফলে পরবর্তীতে আর ফিল্ডিং করতে নামেননি বিশ্বজয়ী অধিনায়িকা ৷ হরমনপ্রীতের পর কাশ্বী গৌতমের 43 রান ভারতকে দু'শোর গণ্ডি পেরোতে সাহায্য করে ৷ 48.3 ওভারে 214 রানে অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা ৷ 33 রানে সর্বাধিক তিন উইকেট নেন গার্ডনার ৷ জোড়া শিকার করেন স্কাট ৷

হরমনপ্রীতের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধনা ৷ রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে 55 রানের জুটি জয়ের পথে এগিয়ে দেয় অজিদের ৷ 32 রানে শ্রী চরণির শিকার হন ফোয়েব লিচফিল্ড ৷ শূন্যে ফেরেন জর্জিয়া ভোল ৷ দ্রুত দুই উইকেট গেলেও তৃতীয় উইকেটে আলিসা হিলি ও বেথ মুনির 64 রানের মূল্যবান পার্টনারশিপ জয় কার্যত নিশ্চিত করে দেয় অস্ট্রেলিয়ার ৷ 70 বলে 50 রান করে আউট হন হিলি ৷

এরপর অ্য়ানাবেল সাদারল্যান্ডের সঙ্গে পঞ্চম উইকেটে 84 রান যোগ করেন মুনি ৷ 79 বলে 76 রান করে ম্য়াচের সেরা বাঁ-হাতি অভিজ্ঞ ব্য়াটার মারেন পাঁচটি চার ও দু'টি ছয় ৷ জয় থেকে 11 রান দূরে দাঁড়িয়ে মুনি আউট হলেও অস্ট্রেলিয়ার জয় কঠিন হয়নি ৷ 44 বলে 48 রানে অপরাজিত থেকে সিরিজে 1-0 ব্যবধানে দলকে এগিয়ে দেন সাদারল্যান্ড ৷ গার্ডনার অপরাজিত থাকেন পাঁচ রানে ৷

আরও পড়ুন: