23 বছর বাদে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, ঘোষিত সূচি
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাদের পরিচিত ভেন্যুগুলি ব্যবহার করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

Published : February 25, 2026 at 4:53 PM IST
মেলবোর্ন, 25 ফেব্রুয়ারি: টি-20 বিশ্বকাপের মাঝেই টেস্ট ক্রিকেট নিয়ে বুধবার বড় ঘোষণা সেরে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ 23 বছর পর সেদেশে লাল-বলের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ৷ এদিন এক ঘোষণায় জানাল তারা ৷ আগামী 13 থেকে 26 অগস্ট অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের দু'টি ম্য়াচ আয়োজন করবে ডারউইন এবং ম্য়াকেয় ৷ যা চলতি 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৷
অর্থাৎ, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাদের পরিচিত ভেন্যুগুলি ব্যবহার করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ পরিবর্তে ডারউইনের মারারা স্টেডিয়ামে 22 বছর পর প্রথম পাঁচদিনের ম্য়াচ খেলবে অস্ট্রেলিয়া ৷ শেষবার 2004 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে টেস্ট খেলেছিল 'ব্য়াগি গ্রিন' শিবির ৷ তার ঠিক আগের বছর অর্থাৎ, 2003 সালে ডারউইনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্য়াচ ৷ সেটি বাংলাদেশের বিরুদ্ধেই খেলেছিল অস্ট্রেলিয়া ৷
আসন্ন বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া বেছে নিয়েছে ম্য়াকেয়'য়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাকে ৷ এই স্টেডিয়ামে আগে সাদা-বলের ক্রিকেট হলেও আন্তর্জাতিক টেস্ট প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে ৷ গ্রেট ব্যারিয়ার রিফে এর আগে মাত্র তিনটিই আন্তর্জাতিক ম্য়াচ হয়েছে ৷ 1992 সালে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম আন্তর্জাতিক ম্য়াচটি হয়েছিল এই ভেন্যুতে ৷ বিশ্বকাপের সেই ম্য়াচ অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ৷
The dates are locked in for the Aussie men's side's next Test campaign.
— cricket.com.au (@cricketcomau) February 25, 2026
DETAILS: https://t.co/GfFK1na6Kk pic.twitter.com/PB0sn0nUti
এরপর গতবছর অস্ট্রেলিয়া সফরে এসে গ্রেট ব্য়ারিয়ার রিফে দু'টি ওডিআই খেলেছে দঃ আফ্রিকা ৷ এছাড়া তিনটি মহিলা ওডিআই ম্য়াচ ও দু'টি মহিলাদের টি-20 ম্য়াচ আয়োজন করেছে ম্য়াকেয় ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ বলেন, "উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফেরাতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত একটি সিরিজের প্রত্যাশায় রয়েছি আমরা ৷"
শেষবার অজিভূমে 2003 সালে টেস্ট সিরিজ খেলা বাংলাদেশ ব্য়াগি গ্রিনদের বিরুদ্ধে শেষ টেস্টটি খেলেছে আজ থেকে ন'বছর আগে ৷ 2017 সালে দেশের মাটিতে দু'ম্য়াচের সিরিজের প্রথমটিতে মীরপুরে অস্ট্রেলিয়াকে 20 রানে হারিয়েছিল বাংলাদেশ ৷ যা টেস্টে সংশ্লিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে একমাত্র জয় 'টাইগার'দের ৷ সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে দু'দলের ছ'টি সাক্ষাতে বাকি পাঁচটি ম্য়াচই জিতেছে অস্ট্রেলিয়া ৷ 2003 সালে শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে জোড়া টেস্টই ইনিংসে হেরেছিল বাংলাদেশ ৷
একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় সফরসূচি:
- প্রথম টেস্ট- 13-17 অগস্ট, মারারা স্টেডিয়াম (ডারউইন)
- দ্বিতীয় টেস্ট- 22-26 অগস্ট, গ্রেট ব্য়ারিয়ার রিফ এরিনা, (ম্যাকেয়)

