ETV Bharat / sports

নেসেরের পাঁচ, 'বাজবল' ফিকে করে অ্য়াশেজে 2-0 এগোল অজিরা

ম্য়াচ জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছিল মাত্র 65 রান ৷

THE ASHES
পাঁচ উইকেট নিলেন মাইকেল নেসের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : December 7, 2025 at 4:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ব্রিসবেন, 7 ডিসেম্বর: অ্যাশেজে অস্ট্রেলিয়ার 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার বন্দোবস্ত হয়ে গিয়েছিল তৃতীয়দিনই ৷ খুব বড় অঘটন না-ঘটলে ইংল্যান্ডের ম্যাচে ফেরার সুযোগ খুব একটা ছিল না ৷ বাস্তবে তা হলও না ৷ চতুর্থদিন প্রথম সেশনে খানিক প্রতিরোধ বেন স্টোকসদের তরফে এলেও শেষরক্ষা হল কই ৷ 'বাজবল' থামিয়ে ব্রিসবেনে চারদিনেরও কম সময়ে পিঙ্ক বল টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া ৷ পারথ টেস্টের পুনরাবৃত্তি ঘটিয়ে অ্যাশেজের দ্বিতীয় টেস্টও আট উইকেটে জিতে নিল স্টিভ স্মিথ অ্যান্ড কোম্পানি ৷

ছয় উইকেটে 134 রান নিয়ে চতুর্থদিন খেলা শুরু করেছিল ইংল্যান্ড ৷ মিচেল স্টার্ক, ব্রেন্ডান ডগেটদের দাপট রুখে এদিন প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি অতিথি দল ৷ চলতি অ্যাশেজে কোনও সেশনে ইংল্য়ান্ড উইকেটহীন রইল এই প্রথমবার ৷ কিন্তু চা-বিরতি থেকে ফিরতেই প্রতিরোধ ভাঙে গতকালের দুই অপরাজিত ব্য়াটার বেন স্টোকস ও জ্য়াক উইলসের ৷ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে সপ্তম উইকেটে 98 রান জুড়ে ব্যক্তিগত 41 রানে ফেরেন উইলস ৷

এরপর অর্ধশতরান পূর্ণ করলেও লম্বা হয়নি স্টোকসের ইনিংস ৷ 152 বল খেলে 50 রান করে মাইকেল নেসেরের শিকার হন ইংরেজ অধিনায়ক ৷ এরপর গুস অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্সের উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে 241 রানে অলআউট হয় ইংল্য়ান্ড ৷ চতুর্থদিন ইংল্যান্ডের অবশিষ্ট চার উইকেটের মধ্যে তিন শিকার নিজের নামে করেন নেসের ৷ 42 রানে পাঁচ উইকেট নেন তিনি ৷ তৃতীয় ম্য়াচে কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন বছর পঁয়ত্রিশের পেসারের ৷ সবমিলিয়ে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচ জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 65 রান ৷

দুই ওপেনার ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারাল্ডের উইকেট খোয়াতে হলেও অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছুঁতে কোনওরকম অসুবিধা হয়নি ৷ ন'বলে অপরাজিত 23 রানের ক্যামিয়ো খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ ৷ মার্নাস লাবুশেন অপরাজিত থেকে যান তিন রানে ৷ মাত্র 10 ওভারে 69 রান তুলে নেয় হোম টিম ৷

জো রুটের অপরাজিত 138 রানের সৌজন্যে প্রথম ইনিংসে 334 রান তুলেছিল ইংল্য়ান্ড ৷ ছয় উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ জবাবে পাঁচ ব্যাটারের হাফসেঞ্চুরিতে 511 রান তুলেছিল অস্ট্রেলিয়া ৷ অর্থাৎ, 177 রানে লিড নিয়েছিল 'ব্যাগি গ্রিন' শিবির ৷ এক্ষেত্রে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে তিনশোরও বেশি রান তুলে পিঙ্ক বল টেস্টে হারের নজির গড়ল ইংল্যান্ড ৷ আট উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টেও ম্য়াচের সেরা স্টার্ক ৷

আরও পড়ুন: