ETV Bharat / sports

ব্য়বধান বাড়ল পাঁচ পয়েন্টের, ডার্বি জিতে শীর্ষস্থান মজবুত আর্সেনালের

গত দু'ম্য়াচে ড্র'য়ের পর ইপিএলে জয়ের সরণিতে ফিরল মিকেল আর্তেতার ছেলেরা ৷

ARSENAL BEAT TOTTENHAM
গোল সেলিব্রেশনে ভিক্টর গিয়োকেরেস (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : February 23, 2026 at 3:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লন্ডন, 23 ফেব্রুয়ারি: না-হারলেও ব্রেন্টফোর্ড এবং উলভসের বিরুদ্ধে আর্সেনাল গত দু'ম্য়াচ ড্র করায় ব্যবধান কমিয়ে এনেছিল ম্য়াঞ্চেস্টার সিটি ৷ রবিবার নর্থ লন্ডন ডার্বিতে নামার আগে লিগ টেবলের শীর্ষে থাকলেও 'স্কাই ব্লুজ'-এর থেকে মাত্র দু'পয়েন্ট এগিয়ে ছিল মিকেল আর্তেতার দল ৷ তবে রবিবাসরীয় ডার্বি জিতে ম্যান সিটির সঙ্গে আবারও পাঁচ পয়েন্টের ফারাক গড়ে নিল আর্সেনাল ৷ সেইসঙ্গে (ইংলিশ) প্রিমিয়র লিগ টেবলের শীর্ষে অবস্থান মজবুত হল তাদের ৷

টটেনহ্য়াম হটস্পারের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে এদিন একপেশে জয় তুলে নিল ইংলিশ প্রিমিয়র লিগে গতবারের রানার্সরা ৷ 4-1 গোলে জিতে 28 ম্য়াচে আপাতত 'গানার'দের সংগ্রহে 61 পয়েন্ট ৷ দ্বিতীয়স্থানে থাকা ম্য়ান সিটির ঝুলিতে এক ম্য়াচ কম খেলে 56 পয়েন্ট ৷ জোড়া গোলে এদিন আর্সেনালের জয়ের নায়ক এবেরেচি এজে এবং ভিক্টর গিয়োকেরেস ৷ স্পারসের হয়ে সান্ত্বনার গোল কোলো মুয়ানির ৷

স্পারসের ঘরের মাঠে এদিন 31 মিনিটে প্রথম গোল করেন এবেরেচি এজে ৷ বক্সের মধ্যে বুকায়ো সাকার মাইনাস ধরে 1-0 করে যান ইংল্যান্ডের আক্রমণাত্মক মিডফিল্ডার ৷ তবে আর্সেনালের লিড দীর্ঘস্থায়ী হয়নি ৷ চার মিনিট বাদেই সমতায় ফেরে স্পারস ৷ কার্যত একক দক্ষতায় বল ধরে বক্সে প্রবেশ করে 1-1 করেন মুয়ানি ৷ প্রথমার্ধ শেষ 1-1 ফলাফলেই ৷

তবে বিরতির ঠিক পরেই ফের লিড নেয় লিগ-টপাররা ৷ আর্সেনালের হয়ে স্কোরশিটে নাম তোলেন এবার ভিক্টর গিয়োকেরেস ৷ জুরিয়েন টিম্বারের বাড়ানো বল বক্সের সামনে ফাঁকায় ধরে তা ঠান্ডা মাথায় জালে রাখেন সুইডিশ স্ট্রাইকার ৷ 61 মিনিটে আর্সেনালের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন এজে ৷ প্রতি-আক্রমণে সাকার সঙ্গে যুগলবন্দিতে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে তিন পয়েন্ট নিশ্চিত করেন ইংরেজ ফুটবলার ৷ তবে গোল খিদে মেটেনি আর্সেনালের ৷

এজের পর সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালের চার গোলের বৃত্ত সম্পূর্ণ করেন গিয়োকেরেস ৷ প্রায় একক দক্ষতায় বল নিয়ে বক্সে ঢুকে 4-1 করেন স্পোর্টিং ক্লাব লিসবন থেকে চলতি মরশুমের শুরুতে মোটা অঙ্কের বিনিময়ে আর্সেনালে যোগ দেওয়া ফুটবলার ৷

প্রিমিয়র লিগের অন্য ম্য়াচে রবিবার নটিংহ্য়াম ফরেস্টকে হারাল লিভারপুল ৷ সংযুক্তি সময়ে ম্য়াক অ্যালিস্টারের গোলে তিন পয়েন্ট অর্জন করে প্রথম চারে প্রবেশের দৌড় জারি রইল গতবারের চ্য়াম্পিয়নদের ৷ 27 ম্য়াচে লিভারপুলের ঝুলিতে আপাতত 45 পয়েন্ট ৷

আরও পড়ুন: