ETV Bharat / sports

থামল ভিলার অশ্বমেধের দৌড়, বড় জয়ে শীর্ষে থেকে বছর শেষ করল আর্সেনাল

টানা 11 ম্য়াচ জয়ের পর গানার্সের কাছে 1-4 গোলে হারল অ্যাস্টন ভিলা ৷

ARSENAL BEAT ASTON VILLA
গোলের পর সেলিব্রশন জেসুসের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : December 31, 2025 at 12:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লন্ডন, 31 ডিসেম্বর: প্রিমিয়র লিগে টানা আট ৷ সবধরনের প্রতিযোগিতা ধরলে টানা 11 ম্য়াচ জিতে বছরের শেষ ম্য়াচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ৷ আড়াই মাসেরও বেশি সময় পর এমিরেটসে থামল অ্য়াস্টন ভিলার অশ্বমেধের দৌড় ৷ অ্য়াওয়ে ম্য়াচে এদিন 1-4 গোলে হারল উনাই এমেরি অ্যান্ড কোম্পানি ৷

অন্য়দিকে বড় জয়ে বছর শেষ করল গানার্স ৷ দ্বিতীয়স্থানে থাকা ম্য়াঞ্চেস্টার সিটির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান গড়ে প্রিমিয়র লিগের শীর্ষে অবস্থান মজবুত রাখল তাঁরা ৷ উল্লেখযোগ্যভাবে এদিন এমিরেটসে অ্য়াস্টন ভিলা যদি আর্সেনালকে হারিয়ে দিত তাহলে সিটিকে টপকে পয়েন্টের নিরিখে মিকেল আর্তেতার দলকে ছুঁয়ে ফেলত তাঁরা ৷ কিন্তু সেটা হল না ৷

ইংলিশ প্রিমিয়র লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে শেষ 11টি ম্য়াচ টানা জিতে এদিন এমিরেটসে নেমেছিলেন উনাই এমেরির ছেলেরা ৷ প্রিমিয়র লিগে শেষ আট ম্য়াচে তাঁদের টানা জয় 1910 সালের পর ক্লাবের ইতিহাসে সবচেয়ে লম্বা ৷ এদিন সেই জয়ের ধারায় ছেদ পড়ল ৷ আর্সেনালের হয়ে ঘরের মাঠে চারটি গোল করলেন যথাক্রমে গ্য়াব্রিয়েল মাগালহায়েস, মার্টিন জুবিমেন্ডি, লিয়ান্দ্রো ত্রসার্দ এবং গ্য়াব্রিয়েল জেসুস ৷

প্রথমার্ধ গোলশূন্য রেখে টানা 12 ম্য়াচ জয়ের আশা এমিরেটসে এদিন জিইয়ে রেখেছিল অতিথি দল ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে গোল উৎসব শুরু করেন মিকেল আর্তেতার ছেলেরা ৷ 48 মিনিটে কর্নার থেকে প্রথম গোল মাগালহায়েসের ৷ চার মিনিট বাদে 2-0 করে আর্সেনাল ৷ মার্টিন ওডেগার্ডের থ্রু বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্ডি ৷

69 মিনিটে লিয়ান্দ্রো ত্রসার্দ তৃতীয় গোলের সঙ্গে তিন পয়েন্টও নিশ্চিত করেন দলের ৷ বক্সের বাইরে থেকে দুরন্ত শটে 3-0 করেন বেলজিয়ামের জাতীয় দলের ফুটবলার ৷ ন'মিনিট বাদে জেসুসের গোল ছিল ভিলার কফিনে শেষ পেরেক ৷ ত্রসার্দের বাড়ানো বল ধরেই 4-0 করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ সংযুক্তি সময়ে ওলি ওয়াটকিন্সের গোল অ্যাস্টন ভিলার জন্য সান্ত্বনা পুরস্কার হয়েই রয়ে যায় ৷

ভিলাকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঝুলিতে 19 ম্য়াচে এখন 45 পয়েন্ট ৷ এক ম্য়াচ কম খেলে পাঁচ পয়েন্ট কম নিয়ে দু'য়ে সিটি ৷ 19 ম্য়াচে 39 পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা ৷

আরও পড়ুন: