ETV Bharat / sports

বিশ্ব ব়্যাপিড চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ এরিগাইসির, ষষ্ঠ খেতাব জিতলেন কার্লসেন

প্রতিযোগিতায় ষষ্ঠবারের জন্য খেতাব জিতে নিলেন ম্য়াগনাস কার্লসেন ৷ 13 রাউন্ড শেষ 10.5 ঝুলিতে নিয়ে শিরোপা জিতলেন নরওয়ে কিংবদন্তি ৷

ARJUN ERIGAISI
অর্জুন এরিগাইসি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 29, 2025 at 3:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: শেষবার 2017 সালে বিশ্বনাথন আনন্দ খেতাব জিতেছিলেন এই টুর্নামেন্টে ৷ তারপর থেকে বিশ্ব ব়্যাপিড চেজ চ্য়াম্পিয়শিপে পদক অধরা ছিল ভারতীয়দের ৷ অর্জুন এরিগাইসির হাত ধরে কাটল সেই খরা ৷ দোহায় রবিবার বিশ্ব ব়্যাপিড চেজ চ্য়াম্পিয়শিপে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতলেন তেলেঙ্গানার গ্র্যান্ডমাস্টার ৷ আধিপত্য বজায় রেখে প্রতিযোগিতায় ষষ্ঠবারের জন্য খেতাব জিতে নিলেন ম্য়াগনাস কার্লসেন ৷ 13 রাউন্ড শেষে 10.5 পয়েন্ট ঝুলিতে নিয়ে শিরোপা জিতে নিলেন নরওয়ে কিংবদন্তি ৷

কার্লসেনের এক পয়েন্ট কম অর্থাৎ, 9.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন অর্জুন এরিগাইসি ৷ রুপোজয়ী ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে থাকলেও টেবল-1 স্কোরে পিছিয়ে থাকায় তৃতীয়স্থানে শেষ করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৷ এরিগাইসি ও আর্তেমিয়েভের সঙ্গে একই পয়েন্টে শেষ করলেও টেবল-1 স্কোরে পিছিয়ে থেকে পদক হাতছাড়া করলেন যুক্তরাষ্ট্রের হান্স নিয়েম্যান ও লেইনিয়ের ডমিঙ্গুয়েজ পেরেজ ৷

রাশিয়ার আলেকজান্ডার শিমানোভকে শেষ গেমে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন এরিগাইসি ৷ পুরুষ বিভাগে এরিগাইসির ব্রোঞ্জজয়ের পাশাপাশি মহিলা বিভাগে উজ্জ্বল অভিজ্ঞ কোনেরু হাম্পি ৷ তৃতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে সফল হতে না-পারলেও ব্রোঞ্জ জিতে তিনি পোডিয়াম ফিনিশ করলেন মরুশহরে ৷ অল্পের জন্য পদক হাতছাড়া করে চতুর্থস্থানে থামলেন ভারতের আরেক প্রতিযোগী সবিতা শ্রী বি ৷ মহিলা বিভাগে খেতাব জিতে নিলেন রাশিয়ার আলেকজান্ডার গোরিয়াচকিনা ৷ রুপো জিতলেন চিনের ঝু জিনের ৷

পুরুষ বিভাগে চতুর্থস্থানে শেষ করা হান্স নিয়েমেনকে ব়্য়াপিড চ্যাম্পিয়নশিপের অন্তিমদিন হারানোর সন্তুষ্টি সঙ্গে করে খেতাব জিতে নেন কার্লসেন ৷ আগাগোড়া দাপট নিয়ে ব়্য়াপিড চ্যাম্পিয়নশিপে 13টি গেমের 10টি'তে জয় ছিনিয়ে নিলেন কার্লসেন ৷ দু'টি গেম ড্র করেন তিনি ৷ নরওয়ে মায়েস্ত্রো প্রতিযোগিতায় একমাত্র হারের স্বাদ পান রুপোজয়ী ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের কাছে ৷

পুরুষ বিভাগে অর্জুন ছাড়া প্রথম দশে শেষ করতে ব্যর্থ অন্য়ান্য ভারতীয়রা ৷ 16তম স্থানে শেষ করেছেন নিহাল সারিন ৷ 8.5 পয়েন্ট নিয়ে 20তম স্থানে থেমেছেন বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ ৷ রমেশবাবু প্রজ্ঞানন্দ শেষ করেছেন 28তম স্থানে ৷ ব়্য়াপিড চ্যাম্পিয়নশিপ শেষে সোমবার থেকেই শুরু ব্লিৎজ চ্য়াম্পিয়নশিপ ৷ ইয়ান নিয়েপোমনিয়াশির সঙ্গে গতবছর ব্লিৎজের খেতাব ভাগ করে নিয়েছিলেন কার্লসেন ৷ ব়্যাপিডে জয়ের পর এবার ডাবল-ডিলাইটের খোঁজে বিশ্বের পয়লা নম্বর ৷

আরও পড়ুন: