ETV Bharat / sports

মার্চে কেরলে মেসি, সবুজ গালিচা মাতাবেন ফুটবলের মহাতারকা

মার্চে কেরলে আসছেন দুনিয়ার কোটি কোটি ফুটবল ভক্তের আরাধ্য মেসি ৷ তার আগেই ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন আটটি ব্যালন ডি'অরের মালিক ৷

ARGENTINA
সবুজ গালিচা মাতাবেন ফুটবলের মহাতারকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : November 3, 2025 at 2:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কোচি, 3 নভেম্বর: আর্জেন্তিনার কেরল সফর নিয়ে তৈরি হওয়া সংশয় দূর হল ৷ ক্রীড়ামন্ত্রী ভি আবদুরিমান জানালেন মার্চ মাসে কেরলে আসবে লিওনেল মেসির দল ৷ রবিবার একটি অনুষ্ঠানে তিনি এ কথা ঘোষণা করেন ৷ শুধু আসা নয়, ভগবানের আপন দেশে এসে সবুজ গালিচাও মাতাবেন আধুনিক ফুটবলের মহাতারকা ৷ তাঁর সফর ঘিরে এখন থেকেই প্রস্তুত হচ্ছে দেশের একমাত্র বামশাসিত রাজ্যটি ৷ মেসি-ম্যাজিকে মাতোয়ারা হতে মুখিয়ে কেরল ৷

ঘটনাচক্রে নভেম্বরেই কেরলে আসার কথা ছিল মেসিদের ৷ কিন্তু কোচির যে স্টেডিয়ামে তাঁদের খেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটির কাজ সময়মতো শেষ করা যায়নি ৷ তাছাড়া এই ধরনের ম্যাচ আয়োজনের আগে বিশেষ অনুমতিরও প্রয়োজন হয় ৷ দেশের ফুটবল নিয়ামক সংস্থার থেকে প্রয়োজনীয় সেই অনুমতি মেলেনি ৷ এমনই নানা কারণে মেসিদের আসা পিছিয়ে যায় ৷

শেষমেশ মার্চ মাসে কেরলে আসছেন দুনিয়ার কোটি কোটি ফু়টবল ভক্তের আরাধ্য এই মহাতারকা ৷ এদিকে তার আগেই ডিসেম্বরে কলকাতায় আসছেন মেসি ৷ সংস্কৃতি আর ফুটবল উন্মাদনার শহরও একইভাবে মুখিয়ে আছে আটবার ব্যালন ডি'অরের মালিককে কাছ থেকে দেখতে ৷ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি ৷ তাঁর আগমনে ফুটবল-উষ্ণতা উপভোগ করবে শীতের শহর ৷ তার কয়েকমাস পর আবার ভারত সফরে আসবেন আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া মেসি ৷ তবে সেবার গন্তব্য কেরল ৷

মেসির সফর নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, "দু'দিন আগে আর্জেন্তিনার তরফে আমাদের মেইল করে বলা হয়েছে, তারা মার্চ মাসে ভারতে আসতে চায় ৷ মেইলে আরও বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই তাদের তরফে সরকারিভাবেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে ৷ " আগে থেকে নির্ধারিত সময়ে কেন মেসিকে ভারতে আনা গেল না তার ব্যাখ্যায় স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী ৷

পাশাপাশি বিষয়টিকে কোনও পক্ষের হার অথবা কোনও পক্ষের জিত হিসেবে দেখা উচিত নয় বলেও মনে করেন পিনরাই বিজয়ন মন্ত্রিসভার এই সদস্য ৷ তাঁর কথায়, "আমাদের আশা ছিল স্টেডিয়ামের কাজ শেষ হবে ৷ কিন্তু সময় থাকতে থাকতে সেটা হয়নি ৷ এখন কাজ শেষ হয়ে গিয়েছে ৷ এবার আর্জেন্তিনা আসবে ৷ এখানে কারও জয় বা পরাজয় হয়নি ৷ আমরা এ ধরনের একটি উদ্যোগ নিয়েছি সেটাই সবথেকে বড় কথা ৷"