'মেসি আপনার ফুসফুসের বিমা রয়েছে ?' GOAT-কে প্রশ্ন দিল্লির দূষণে উদ্বিগ্ন অনুরাগীদের
দূষণের জেরে দিল্লি সফর বিলম্বিত হল লিয়োনেল মেসির ৷ কোটলায় বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর ৷

Published : December 15, 2025 at 3:42 PM IST
হায়দরাবাদ, 15 ডিসেম্বর: বাতাসে দূষণ সূচকের মাত্রা 500 ছুঁই ছুঁই ৷ তীব্র ধোঁয়াশায় মোড়া শহরে প্রতিটা নিঃশ্বাসে যেন মিশছে বিষ ৷ সোমবার রাজধানী নয়াদিল্লির সকালটা কেবল ধোঁয়াশায় মোড়া নয়, বরং সর্বনাশা ৷ আর এমন দিনেই গোট ইন্ডিয়া ট্যুরের শেষ ভাগে দিল্লি পৌঁছনোর কথা লিয়োনেল মেসির ৷ কিন্তু ধোঁয়াশার জেরে রাজধানীতে দৃশ্যমানতা এতটাই খারাপ যে প্রশ্ন উঠছে, গ্য়ালারি থেকে অনুরাগীরা মহাতারকাকে দেখতে পাওয়া যাবে তো ? আরও একধাপ এগিয়ে উদ্বিগ্ন এক অনুরাগী সোশাল মিডিয়ায় মেসিকে জিজ্ঞাসা করে বসলেন, "আপনার ফুসফুসের বিমা রয়েছে তো ?"
সোমবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় মোড়া রাজধানী দিল্লি ৷ দৃশ্য়মানতা নেমেছে প্রায় শূন্যে ৷ বিভিন্ন সংস্থার 60টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে ৷ প্রায় 400টি বিমান চলছে দেরিতে ৷ মন্থর ট্রাফিকে নাভিশ্বাস উঠেছে শহরের ৷ খুব স্বাভাবিকভাবেই সোমবার দুপুরে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি মেসির গোট ট্যুরের চতুর্থ তথা শেষ পর্যায় ৷
ঘটনার জেরে সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া ছড়াতে সময় লাগেনি ৷ ধোঁয়াশচ্ছন্ন রাজধানীর ছবি পোস্ট করে এক অনুরাগী লেখেন, "মেসি দিল্লিতে আপনাকে স্বাগত ৷ শুনেছি আপনার বাঁ-পায়ের নাকি 900 মিলিয়ন ডলারের বিমা রয়েছে ৷ কিন্তু আপনার ফুসফুসের বিমাও কি রয়েছে ?" আরও এক অনুরাগী মশকরা করে লিখেছেন, "মেসির কেরিয়ারে 896 গোল রয়েছে ৷ দিল্লি AQI মনে হচ্ছে সেটাকে হারিয়ে দেবে ৷"

দিল্লির দূষণ একজন মানুষের স্বাস্থ্যের জন্য় কতোটা ক্ষতিকারক তার তুলনা টেনে এক অনুরাগী লিখেছেন, "মেসি ধূমপান করেন না ৷ কিন্তু তিনি আজ দিল্লিতে আসবেন ৷ অর্থাৎ, আজ তিনি 25টি সিগারেট সেবন করবেন ৷ কারণ দিল্লির দূষণ সূচক আজ 900 ৷" আবহাওয়ার জেরে মেসির দিল্লি সফর পিছিয়ে গেলেও তা অবশ্য বাতিল হচ্ছে না ৷ বিশ্বজয়ী আর্জেন্তাইনকে সাদরে বরণ করতে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি প্রীতি ম্যাচ ৷ শোনা যাচ্ছে কিংবদন্তির সঙ্গে আজ সাক্ষাত করবেন বিরাট কোহলি ৷ এরপর হায়দরাবাদ, মুম্বই ইভেন্টের মতোই কিক করে অনুরাগীদের উদ্দেশে বল পাঠাবেন 'এলএম টেন' ৷ সঙ্গে থাকবেন তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রড্রিগো দি পল ৷
STORY | Messi's Delhi arrival delayed as fog disrupts flight
— Press Trust of India (@PTI_News) December 15, 2025
Argentine football great Lionel Messi's arrival for the final leg of his G.O.A.T Tour here has been delayed after his flight was deferred due to inclement weather.
READ: https://t.co/zJmV0QhiMg pic.twitter.com/Z1OODkCfQx
কলকাতায় সূচনা প্রত্যাশিতভাবে না-হলেও গোট ট্যুরের হায়দরাবাদ ও মুম্বই পর্ব ভালোয়-ভালোয় মিটেছে ৷ ওয়াংখেড়েতে গোট ক্রসওভারে রবিবার সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাত হয় লিয়োনেল মেসির ৷ তাঁকে স্বাক্ষর করা বিশ্বজয়ের জার্সি উপহার দেন 'মাস্টার-ব্লাস্টার' ৷ ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীও রবিবার সাক্ষাত করেন গ্রহের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে ৷

