ETV Bharat / sports

গোয়া ম্য়াচে ফিট আপুইয়া-আলবার্তো, ধাপে-ধাপে খেতাবের লক্ষ্যে বাগান কোচ

এফসি গোয়ার বিরুদ্ধে আপুইয়া ও আলবার্তো ফিরছেন, নিশ্চয়তা দিলেন সার্জিয়ো লোবেরা ৷

SERGIO LOBERA
সার্জিয়ো লোবেরা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 7, 2026 at 2:47 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 মে: বদলে যাওয়া পয়েন্ট টেবিলে চোখ রেখে বাড়তি চাপ নেওয়া নয় ৷ বরং একটি করে ম্যাচ ধরে খেতাবকে চাঁদমারি করতে চান সার্জিয়ো লোবেরো ৷ আগামী শনিবার গোয়ার মাটিতে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ এফসি গোয়া ৷ চলতি আইএসএলের শেষ চার ধাপে খেতাবি দৌড়ে ফ্রন্টরানারদের মধ্যে 'কাঁটে কি টক্কর' ৷ ছোট ভুলে বড় ক্ষতি আটকাতে মরিয়া প্রতিটি দল ৷ মোহনবাগানও তার ব্যতিক্রম নয়।

19 দিন পর ফের মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে দলকে গুছিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছেন লোবেরা ৷ মাঝের সময়ে পয়েন্ট টেবিলের চড়াই-উতরাই জেমি ম্যাকলারেন, শুভাশিস বসুদের তিনে ঠেলে দিয়েছে ৷ ঘাড়ের উপর খেতাবি দৌড়ে থাকা দলগুলো নিঃশ্বাস ফেলছে ৷ এই অবস্থায় ম্যাজিক ফিগার বা নিকটতম প্রতিদ্বন্দীর অবস্থানের কথা চিন্তার পাশাপাশি নিজের দলের শক্তি-দুর্বলতায় মনোসংযোগ করতে চান সবুজ-মেরুন হেডস্যর ৷ গোয়ার বিরুদ্ধে নামার আগে গত ন'টি ম্যাচের পারফরম্যান্সের কাটাছেঁড়ায় কোচের মনে হয়েছে আরও বেশি উন্নতি প্রয়োজন ৷ বিশেষ করে রক্ষণ এবং আক্রমণের তালমিলে ভারসাম্য দরকার ৷

সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ সার্জিয়ো লোবেরা (ETV Bharat)

তবে মোটের উপর দলের খেলায় খুশি তিনি। কিন্তু মুম্বই এফসি ম্যাচে পয়েন্ট নষ্টের আক্ষেপ এখনও তাড়া করে ফিরছে লোবেরোকে ৷ বিরতির মধ্যে দলকে সবদিক থেকে গুছিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধান চিন্তা ছিল আপুইয়া এবং আলবার্তো রড্রিগেজের চোট ৷ তবে সন্দেশ ঝিঙ্গানদের বিরুদ্ধে নামার আগে বুধবার কলকাতায় শেষ অনুশীলনের পর সবুজ-মেরুন কোচ জানালেন, দু'জনেই ফিট হয়ে গোয়ার বিরুদ্ধে ফিরছেন ৷ তবে পুরো সময়ের জন্য দু'জনে ফিট কি না, তা বুঝতে আরও দু'টো প্র্যাকটিস সেশনে তাঁদের দেখে নিতে চান তিনি ৷ কোনও সন্দেহ নেই যে শেষ দু'টো ম্যাচে জয় পেলেও মোহনবাগানের পারফরম্যান্সে প্রচুর খামতি রয়েছে ৷ আধিপত্যের ছবি ফুটে ওঠেনি শুভাশিস-ম্য়াকলারেনদের খেলায় ৷ যা সংশয়ে রাখছে সবুজ-মেরুন জনতাকে ৷

বলা হচ্ছে 17 মে ডার্বিতে এবারের আইএসএলের খেতাব ভাগ্য নির্ধারিত হবে ৷ লোবেরা তা নিয়ে অবশ্য শব্দ খরচ করতে নারাজ এখন ৷ তাঁর ফোকাস পুরোপুরি গোয়া ম্য়াচে ৷ শনিবার বিকেলে ম্য়াচ হওয়ায় গোয়ার গরম সামলে প্রতিপক্ষকে টক্কর দেওয়া চ্যালেঞ্জিং ৷ কথাটা মেনে নিয়ে বাগান কোচ জানালেন, তাঁরা পেশাদার ৷ তাই যে কোনও পরিস্থিতিতে সেরাটা দেওয়া দস্তুর ৷ কোনওরকম অজুহাত দিতে তিনি নারাজ ৷

কোচের পাশে বসে জেসন কামিংস জানান, পরিস্থিতির চাহিদা তিনি জানেন ৷ দলের প্রয়োজনে তাই যে কোনও জায়গায় খেলতে রাজি এবং সেরাটা দিতে তৈরি তিনি ৷ গত তিনবছর ধরে ভারতীয় ফুটবলে রয়েছেন অজি স্ট্রাইকার ৷ প্রথম একাদশ হোক বা পরিবর্ত, যখনই নেমেছেন গেম চেঞ্জার হয়ে ওঠার চেষ্টা করেছেন ৷ ভারতীয় ফুটবলে একাধিক দেশি-বিদেশি ডিফেন্ডারকে টপকে গোল করার মুন্সিয়ানা দেখিয়েছেন কামিংস ৷ সেই অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি বাগানে তাঁর অধিনায়ক এবং সতীর্থ শুভাশিস বসুই এই মুহূর্তে ভারতের সেরা ডিফেন্ডার ৷

আরও পড়ুন: