ক্রেসপোকে ঘিরে ধোঁয়াশার মাঝে সোবার্গের আত্মপ্রকাশের অপেক্ষা লাল-হলুদে
এডমুন্ডের পজিশনে নবাগত সোবার্গকে ব্যবহারের চিন্তায় লাল-হলুদ কোচ ৷

Published : February 25, 2026 at 5:30 PM IST
কলকাতা, 25 ফেব্রুয়ারি: সাউল ক্রেসপোকে নিয়ে ধোঁয়াশা কাটেনি ৷ পেশির টানে স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ খেলেননি তিনি ৷ চোটপ্রবণ স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে ক্লাবের অন্দরে চাপা অসন্তোষ রয়েছে ৷ তাঁকে টানা পাওয়া যাবে না আঁচ করেই ষষ্ঠ বিদেশি নেওয়ার ব্যাপারে সবুজ-সংকেত দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফে ৷ পাশাপাশি দলের অধিনায়ক হয়েও দেরিতে অনুশীলনে আসার বদভ্যাস রয়েছে তাঁর ৷ যা নিয়ে কোচ অস্কার ব্রুজোঁ ক্রেসপোর সঙ্গে কথাও বলেছেন ৷ সবমিলিয়ে শুক্রবারও জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে না-থাকার সম্ভাবনাই বেশি স্প্যানিয়ার্ডের ৷
লিগ টেবলে তিনে থাকা জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে উদ্বেগ ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগেরাকে ঘিরেও ৷ ঘাড়ে অস্বস্তি রয়েছে তাঁর ৷ দু'দিন বিশ্রামের পর মঙ্গলবার জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু হলেও সেখানে হাজির ছিলেন না ব্রাজিলিয়ান ৷ তবে ব্রাজিলিয়ানকে নিয়ে আশ্বস্ত করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট ৷ প্রথম দু'ম্যাচে পুরো নব্বই মিনিট খেলায় মিগুয়েল ক্লান্তির শিকার ৷ তাই তাঁকে বিশ্রাম দিয়ে তরতাজা রাখছেন কোচ অস্কার ব্রুজোঁ ৷
দ্রুত পাস ও মাঝমাঠের নিয়ন্ত্রণে মঙ্গলবার বিশেষ জোর ছিল ব্রুজোঁর সেশনে ৷ চোট অস্বস্তির মধ্যেই লাল-হলুদ শিবিরে ভালো খবর নয়া বিদেশি অ্যান্টন সোবার্গকে নিয়ে ৷ জামশেদপুরের বিরুদ্ধে তাঁকে একটু ভিন্ন ভূমিকায় ব্যবহার করার ভাবনা কোচের ৷ সূত্রের খবর, ডানদিকে নন্দকুমারের বদলে প্রথম একাদশে শুরু করতে পারেন এডমুন্ড লালরিনডিকা ৷ দিল্লির বিরুদ্ধে কেবল ভালো খেলা নয়, পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়েছিলেন লালরিনডিকা ৷ জামশেদপুরের বিরুদ্ধে তাঁর জায়গাতেই সোবার্গকে ব্যবহারের ভাবনা ব্রুজোঁর ৷ মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ আরও মজবুত করতে নবাগত ড্যানিশকে ব্যবহার করতে চাইছেন তিনি ৷ 25 বছর বয়সি ফুটবলারটির গতি এবং মাঠজুড়ে খেলার প্রবণতা রয়েছে ৷ তাই মাঝমাঠ নিয়ন্ত্রণে সোবার্গের অসুবিধা হবে না বলেই মনে করছে ম্যানেজমেন্ট ৷
𝗠𝗜𝗗𝗪𝗘𝗘𝗞 𝗛𝗨𝗦𝗧𝗟𝗘 💪🔴🟡#JoyEastBengal #ISL #EBFCJFC pic.twitter.com/z6qCm9cUFd
— East Bengal FC (@eastbengal_fc) February 24, 2026
আরও একটি ভালো খবর যেটা তা হল চোট সারিয়ে মাঠে ফেরার পথে নাওরেম মহেশ সিং ৷ মূল দলের থেকে আলাদাভাবেই রিহ্যাব সারছেন মণিপুর ফুটবলার ৷ বেশ চনমনেও দেখাচ্ছে তাঁকে ৷ এমনকী জামশেদপুরের বিরুদ্ধে হয়তো পরিবর্ত হিসেবে তাঁকে দেখে নিতে পারেন কোচ ৷ সবমিলিয়ে প্রথম দু'ম্যাচের সাফল্যে বদলে যাওয়া ইস্টবেঙ্গল একটি করে ম্যাচ ধরে এগোনোর কথাই বলছে ৷ জামশেদপুর এফসি'তে ইস্টবেঙ্গলের একাধিক প্রাক্তনী রয়েছে ৷ যাঁদের মধ্যে মাদিহ তালাল, মেসি বাউলি অন্যতম ৷ লড়াই কঠিন জেনেই নীল-নকশায় নতুনত্বের খোঁজ ব্রুজোঁর ৷

