কেকেআর ছেড়ে দিতেই আইপিএলে অবসর ঘোষণা দ্রে রাসের
রাসেলের অবসর ঘোষণাতেও নাইট অনুরাগীদের জন্য থাকছে চমক ৷

Published : November 30, 2025 at 2:03 PM IST
হায়দরাবাদ, 30 নভেম্বর: এক দশকেরও বেশি সময় আগে মেগা নিলামে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ 2014 এবং 2024 সালে কেকেআরের খেতাব জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি ৷ শুধু কি তাই ? পার্পল ব্রিগেডের হয়ে পারফর্ম করে আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আন্দ্রে রাসেল ৷ কিন্তু 12 বছরের সম্পর্ক ছিন্ন করে 2026 আইপিএলের আগে বিধ্বংসী ক্যারিবিয়ান অলরাউন্ডারকে আর রিটেইন করেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ৷ আর তারপরই ইন্ডিয়ান প্রিমিয়র লিগকে বিদায় জানালেন নাইট তারকা ৷
রবিবার সকালে সোশাল মিডিয়ায় এক বার্তা দিয়ে অবসর ঘোষণা করে দিলেন দ্রে রাস ৷ মিনি নিলামের আগে রাসেলের ঘোষণায় খানিকটা স্তম্ভিত অনুরাগীদের একাংশ ৷ 2012 থেকে 2014 দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও কোটিপতি লিগে ক্যারিবিয়ান তারকা যে সকল মণিমানিক্য কুড়িয়েছেন সব নাইট রাইডার্সের হয়েই ৷ রবীন্দ্র জাদেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে 2,000 রান এবং 100 উইকেটের নজির রয়েছে দ্রে রাসের ঝুলিতে ৷ রবিবার আইপিএলে অবসর ঘোষণায় তিনি বলেন, "আমার মনে হয়েছে অবসর ঘোষণার এটাই সেরা সময় ৷ আমি ফিকে হতে চাই না বরং আইপিএলে আমার ছাপ রেখে যেতে চাই ৷"
রাসেল এও বলেন, "আমার মনে হয় সেটাই অবসরের সেরা সময় যখন অনুরাগীরা তোমায় জিজ্ঞেস করবে কেন ? তোমার তো এখনও অনেক কিছু দেওয়ার ছিল ৷" তবে আইপিএল কেরিয়ারে দাঁড়ি টানলেও বিশ্বের অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যে তাঁকে এখনও পেল্লাই সব ছক্কা হাঁকাতে দেখা যাবে, সে ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন রাসেল ৷ এমনকী বিশ্বের অন্যান্য লিগে নাইট ফ্র্যাঞ্চাইজির হয়ে যে তাঁকে খেলতে দেখা যাবে, সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন তিনি ৷
Hanging up my IPL boots… but not the swagger 💜💛
— Andre Russell (@Russell12A) November 30, 2025
What a ride it’s been in the IPL — 12 seasons of memories, and a whole lot of love from the @KKRiders family 🙏🏿
I’ll still be smashing sixes and taking wickets in every other league around the world 🌎🔥
And the best part?… pic.twitter.com/S5kU0YFRcR
তবে অবসর ঘোষণাতেও চমক রেখে গেলেন আন্দ্রে রাসেল ৷ 2026 আইপিএলে ক্রিকেটার হিসেবে না-হলেও নয়া ভূমিকায় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জুড়ছেন 2,651 রান এবং 123টি আইপিএল উইকেটের মালিক ৷ অবসর ঘোষণায় রাসেল নিজেই জানিয়েছেন, আগামী মরশুমে পাওয়ার কোচ হিসেবে কেকেআরের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি ৷ আর রাসেলের অবসর ঘোষণার পরপরই তাঁকে পাওয়ার কোচ পদে নিযুক্ত করার ঘোষণা করা হয় কেকেআরের তরফে ৷
Knights Army, presenting your 𝐏𝐎𝐖𝐄𝐑 𝐂𝐎𝐀𝐂𝐇 💪💜 pic.twitter.com/sOLEnEMCva
— KolkataKnightRiders (@KKRiders) November 30, 2025
কেকেআর জার্সিতে 133 ম্যাচ খেলা রাসেলের ঝুলিতে 174.97 স্ট্রাইক-রেটে রয়েছে 2,593 রান ৷ পাশাপাশি পার্পল জার্সিতে 122টি উইকেট নিয়েছেন দ্রে রাস ৷ যেহেতু কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তাই অবসর ঘোষণার পরেও কেকেআর ফ্যানেদের উদ্দেশে শেষবেলায় রাসেল বলেছেন, "শীঘ্রই দেখা হচ্ছে। করব, লড়ব, জিতব ৷" উল্লেখ্য, গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রাসেল ৷

